× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬০.৬ কোটি ঘনফুট

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬ ২১:০০ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬০ দশমিক ৬ কোটি ঘনফুটে দাঁড়িয়েছে। 

মঙ্গলবার বিকেল ৪টায় সরবরাহ করা এই গ্যাসের মধ্যে দেশীয় উৎস থেকে এসেছে ১৬১ দশমিক ৫ কোটি ঘনফুট এবং আমদানিকৃত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) থেকে ৯৯ দশমিক ১ কোটি ঘনফুট। এ তথ্য জানিয়েছেন পেট্রোবাংলার পরিচালক (অপারেশনস অ্যান্ড মাইনস) প্রকৌশলী মো. শোয়েব। 

তিনি বলেন, দেশীয় গ্যাসক্ষেত্রের উৎপাদন ও আমদানিকৃত এলএনজি সরবরাহের মধ্যে সমন্বয় করে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়ানো হচ্ছে।

পেট্রোবাংলা সূত্র জানায়, দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩৫০ কোটি ঘনফুট। এর বিপরীতে গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় সরবরাহ ছিল ২৬০ দশমিক ৬ কোটি ঘনফুট। আগের দিন সোমবার সরবরাহ ছিল ২৩৪ দশমিক ৫৩ কোটি ঘনফুট এবং রবিবার ছিল ২৩৩ দশমিক ১৯ কোটি ঘনফুট। অর্থাৎ সোমবারের তুলনায় মঙ্গলবার সরবরাহ বেড়েছে ২৬ দশমিক ০৭ কোটি ঘনফুট এবং রবিবারের তুলনায় বেড়েছে ২৭ দশমিক ৪১ কোটি ঘনফুট।

পেট্রোবাংলার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে দেশীয় গ্যাসক্ষেত্রগুলো থেকে উৎপাদন অব্যাহত রাখার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী এলএনজি সরবরাহ করা হচ্ছে। এতে বিদ্যুৎ উৎপাদন, শিল্প, সার ও অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে গ্যাস সরবরাহে ইতিবাচক প্রভাব পড়ছে।

এর আগে গত সোমবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন ব্যবসায়ী নেতারা। বৈঠকে প্রধানমন্ত্রী জানান, মঙ্গলবার রাত থেকে শিল্পকারখানায় গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে। এ প্রসঙ্গে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমইএ) ভাইস প্রেসিডেন্ট মো. আবুল কালাম বলেন, প্রধানমন্ত্রী তাদের আশ্বস্ত করেছেন যে মিল-কলকারখানায় বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের উন্নতি হবে এবং তারা স্বাভাবিক উৎপাদনে ফিরে যেতে পারবেন। তিনি বলেন, তিনি (প্রধানমন্ত্রী) বিগত দিনেও যত ওয়াদা দিয়েছেন, প্রত্যেকটির প্রতিফলন তারা পেয়েছেন।

এদিকে কক্সবাজারের মহেশখালীতে স্থাপিত দুটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকেও সরবরাহ বেড়েছে। দীর্ঘ দেড় মাস পর গতকাল মঙ্গলবার টার্মিনাল দুটি থেকে ৯৮০ মিলিয়ন ঘনফুট এলএনজি সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছেন রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের উপমহাব্যবস্থাপক (এলএনজি) প্রকৌশলী মো. সাইফূল্লাহ কবির। তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, মঙ্গলবার দুটি টার্মিনাল থেকে ৯৮০ মিলিয়ন ঘনফুট এলএনজি সরবরাহ করা হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জি পরিচালিত এলএনজি টার্মিনাল থেকে ৫০০ মিলিয়ন ঘনফুট এবং সামিট এলএনজি টার্মিনাল থেকে ৪৮০ মিলিয়ন ঘনফুট সরবরাহ করা হয়েছে।

ডিসেম্বর পর্যন্ত জ্বালানি তেল সরবরাহ নিরাপদ: আগামী ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি অনেকটাই নিরাপদ বলে জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, এ সময়ের মধ্যে জ্বালানি তেলের সরবরাহে সংকট তৈরির আশঙ্কা খুব একটা নেই। স্বল্প মেয়াদে সরবরাহে যাতে কোনো ব্যাঘাত না ঘটে, সেটিই এখন বিপিসির প্রধান লক্ষ্য। পাশাপাশি মধ্য ও দীর্ঘ মেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম নগরের জয় পাহাড় এলাকায় বিপিসির প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। সম্প্রতি বিপিসির চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর চট্টগ্রামের সাংবাদিকদের সঙ্গে এটিই তার প্রথম মতবিনিময়। সভায় বিপিসির কার্যক্রম, জ্বালানি তেল ও এলপিজি আমদানি, চলমান প্রকল্প এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন তিনি। সংস্থার কার্যক্রম আরও কার্যকর করতে সাংবাদিকদের পরামর্শও চান তিনি।

বিপিসি চেয়ারম্যান বলেন, দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখাই বিপিসির অগ্রাধিকার। অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা ও দামে স্থিতিশীলতা ধরে রাখার চেষ্টা চলছে। পরবর্তী সময়ে উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে আরও প্রতিযোগিতামূলক দামে জ্বালানি তেল সংগ্রহের উদ্যোগ নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা