প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৮ পিএম
বাসসের সাবেক প্রধান বার্তা সম্পাদক আমিরুল মোমেনীন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক প্রধান বার্তা সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের প্রবীণ সদস্য আমিরুল মোমেনীন মারা গেছেন।
মঙ্গলবার বেলা তিনটার দিকে রাজধানীর গ্রিন রোডের বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর বিষয়টি বাসসকে নিশ্চিত করেছেন তার স্ত্রী গুলশান আরা।
আমিরুল মোমেনীন দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যানসারে ভুগছিলেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার পৈতৃক বাড়ি বাগেরহাট জেলায়।
পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে রাজধানীর গ্রিন রোড জামে মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রাতেই মরদেহ গ্রামের বাড়ি বাগেরহাটে নিয়ে যাওয়া হবে। সেখানে আগামীকাল বুধবার জোহরের নামাজের পর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।
আমিরুল মোমেনীন দীর্ঘ সময় সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন। পেশাগত জীবনে তিনি জাতীয় বার্তা সংস্থা বাসসের প্রধান বার্তা সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন।
প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।