ইন্ডিয়া টুডে
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১৯:২৯ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, বরং দুটি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে দাবি করেছে ভারত। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য এবং অন্যটি বিমসটেকের সভাপতি হিসেবে ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ।
ব্রিকস সম্মেলনের আমন্ত্রণটি প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে ব্যক্তিগতভাবে নয়, বরং বিমসটেক সভাপতি হিসেবে বাংলাদেশকে দেওয়া হয়েছিল—ঢাকার পক্ষ থেকে এমন বক্তব্য আসার কয়েক ঘণ্টার মাথায় মঙ্গলবার নয়াদিল্লির পক্ষ থেকে বিষয়টি স্পষ্ট করা হয়।
ভারতের বার্তা সংস্থা এএনআইয়ের এক প্রশ্নের জবাবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, “আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম। পরবর্তী সময়ে বিমসটেকের সভাপতি হিসেবে ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার জন্যও তাকে আমন্ত্রণ জানানো হয়। কাজেই, তিনি দুটি আমন্ত্রণই পেয়েছিলেন।”
বঙ্গোপসাগর অঞ্চলের সাত দেশের অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার জোট ‘বিমসটেক’–এর বর্তমান সভাপতি বাংলাদেশ।
এর আগে গত রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, “আমরা একটি দ্বিপক্ষীয় সম্পর্ক চাই। আমরা সম্পর্ক পুনঃস্থাপন করতে চাই। এতদিন একটি ঝামেলাগ্রস্ত, ত্রুটিপূর্ণ, লুটেরা, স্বৈরাচার সরকারের সঙ্গে ১৫ বছরের সম্পর্ক ছিল। এই সম্পর্ক থেকে বের হয়ে এখন একটি নতুন সম্পর্কের দিকে যাব। এটি দ্বিপক্ষীয় সম্পর্কের মাধ্যমেই করব।”
২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই ঢাকা ও নয়াদিল্লির সম্পর্কে একধরনের টানাপোড়েন চলছে। সেই প্রেক্ষাপটেই দুই দেশের শীর্ষ পর্যায়ের সফর নিয়ে এই ভিন্ন বক্তব্য সামনে এল।
ইতিমধ্যে ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর (প্রত্যর্পণ) জন্য নয়াদিল্লির কাছে একাধিকবার আনুষ্ঠানিক দাবি জানিয়েছে ঢাকা। একই সঙ্গে ভারতের মাটিতে বসে তার রাজনৈতিক তৎপরতা চালানোর বিষয়েও তীব্র আপত্তি জানিয়েছে বাংলাদেশ।