পিআইবি মহাপরিচালক পদে পুনরায় নিয়োগ পেয়েছেন কবি ও সাংবাদিক ফারুক ওয়াসিফ। ছবি: ফারুক ওয়াসিফের ফেসবুক থেকে
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক (ডিজি) পদে পুনরায় নিয়োগ পেয়েছেন কবি ও সাংবাদিক ফারুক ওয়াসিফ। আগামী এক বছরের জন্য তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন উপসচিব মো. গোলাম রব্বানী।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আইন, ২০১৮’-এর ধারা ৯(২) অনুযায়ী ফারুক ওয়াসিফকে অন্যান্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ০১ (এক) বছর মেয়াদে পিআইবির মহাপরিচালক পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
জনস্বার্থে জারি করা প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।
ফারুক ওয়াসিফ ২০২৪ সালের সেপ্টেম্বরে প্রথমবার পিআইবির মহাপরিচালক হিসেবে নিয়োগ পান। তখন তাকে দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছিল।
এর আগে তিনি দৈনিক সমকালের পরিকল্পনা সম্পাদক এবং প্রথম আলোর সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পিআইবির তথ্য অনুযায়ী, তিনি কবি, সাংবাদিক ও কলাম লেখক হিসেবেও পরিচিত।
পিআইবি সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে প্রশিক্ষণ, গণমাধ্যম বিষয়ে গবেষণা ও প্রকাশনাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে।