× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাহাড়ি পথে ‘প্যাগোডা ফুল’

সবুজের বুক চিরে রক্তিম সৌন্দর্য

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি)

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:১৩ এএম

সবুজ পাতার ফাঁকে দেখা মিলছে গুচ্ছ গুচ্ছ রক্তিম ফুলের। স্থানীয়ভাবে ‘লালভান্ডি’ নামে পরিচিত ফুলটি ‘প্যাগোডা ফুল’ নামেই বেশি পরিচিত। ফুলটির বৈজ্ঞানিক নাম Clerodendrum paniculatum। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সবুজ পাতার ফাঁকে দেখা মিলছে গুচ্ছ গুচ্ছ রক্তিম ফুলের। স্থানীয়ভাবে ‘লালভান্ডি’ নামে পরিচিত ফুলটি ‘প্যাগোডা ফুল’ নামেই বেশি পরিচিত। ফুলটির বৈজ্ঞানিক নাম Clerodendrum paniculatum। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পাহাড়ি আঁকাবাঁকা পথ। দুপাশে সবুজের সমারোহ। কোথাও পাহাড়ের ঢালে সারি সারি গাছপালা, কোথাও বাঁশঝাড়। মাঝেমধ্যে সবুজের আড়াল ভেদ করে উঁকি দেয় টিনের ছাউনি কিংবা বাঁশে তৈরি পাহাড়ি বাড়ি। কোথাও কোথাও রাস্তার পাশে টং দোকানে চায়ের আড্ডা আর খোলা জায়গায় দল বেঁধে ফুটবলে মেতে ওঠা। প্রকৃতি আর মানুষের এমন নিবিড় সহাবস্থানে খাগড়াছড়ির মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ওয়াছুর পাহাড়ি সড়ক যেন হয়ে উঠেছে জীবন্ত এক ছবির ক্যানভাস।

তবে এই চেনা দৃশ্যের মাঝেও পথিকের চোখ হঠাৎ আটকে যায় অন্যরকম এক সৌন্দর্যে। সবুজ পাতার ফাঁকে দেখা মিলছে গুচ্ছ গুচ্ছ রক্তিম ফুলের। স্থানীয়ভাবে ‘লালভান্ডি’ নামে পরিচিত ফুলটি ‘প্যাগোডা ফুল’ নামেই বেশি পরিচিত। ফুলটির বৈজ্ঞানিক নাম Clerodendrum paniculatum।

মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ওয়াছুর বাসিন্দা তাহের মিয়ার বাড়ির সামনে দেখা মিলেছে এই ফুল গাছের। একইভাবে ওয়াছুর রাম্রাচাইয়ের বাড়ির আঙিনাতেও রয়েছে লালভান্ডির গাছ। ফুলগুলো স্তরে স্তরে গুচ্ছাকারে সাজানো থাকে বলে দূর থেকে এর পুষ্পমঞ্জরিকে অনেকটা প্যাগোডার মতো দেখায়। উজ্জ্বল রঙের কারণে ফুলটি সহজেই নজর কাড়ে এবং বিভিন্ন পরাগায়নকারী পতঙ্গ, বিশেষ করে প্রজাপতিকে আকৃষ্ট করে।

ফুলটির বিশেষত্ব শুধু রঙে নয়, এর গঠনেও। ফুলগুলো একটির পর একটি স্তরে সাজানো হয়ে ওপরে উঠে গেছে। দূর থেকে দেখলে মনে হয় সবুজ পাতার ভেতর লাল রঙের ছোট্ট কোনো স্থাপনা দাঁড়িয়ে আছে। আর সেখান থেকেই ‘প্যাগোডা ফুল’ নামটির যথার্থতা আরও স্পষ্ট হয়ে ওঠে।

ওয়াছুর বাসিন্দা তাহের মিয়া বলেন, ‘বনে কাজ করতে গিয়ে ফুলটির সৌন্দর্যে মুগ্ধ হয়ে একটি গাছ বাড়িতে এনে লাগিয়েছিলাম। এখন সেই গাছে ফুল ফুটেছে। দূর থেকেও ফুলটির সৌন্দর্য সহজেই চোখে পড়ে।’ স্থানীয় বাসিন্দা রাম্রাচাই বলেন, পাহাড়ে নানা ফুল দেখা গেলেও এর রঙ ও গুচ্ছাকারে ফুটে থাকার সৌন্দর্য একেবারেই আলাদা।’

প্রকৃতিপ্রেমী জাফর মিয়া বলেন, ‘পাহাড়ের সৌন্দর্য শুধু বড় বড় পাহাড় কিংবা ঝরনায় নয়; এমন ছোট ছোট বুনো ফুলও পাহাড়ের জীববৈচিত্র্যের সৌন্দর্য বহন করে। এসব উদ্ভিদ সংরক্ষণ করা দরকার। প্রকৃতির নিজস্ব পরিবেশে ফুটে থাকা ফুলের সৌন্দর্যই সবচেয়ে বেশি আকর্ষণীয়।’

মাটিরাঙ্গা উপজেলা উদ্যানতত্ত্ববিদ মো. আব্দুল্লাহ আল মাসুম জানান, ‘লালভান্ডি বা প্যাগোডা ফুল একটি আকর্ষণীয় শোভাবর্ধনকারী উদ্ভিদ। পাহাড়ি অঞ্চলের প্রাকৃতিক পরিবেশে এ ধরনের দেশীয় উদ্ভিদের উপস্থিতি জীববৈচিত্র্যকে সমৃদ্ধ করে। অপ্রয়োজনে গাছ কেটে ফেলা বা ফুলের গাছ নষ্ট না করে এগুলো সংরক্ষণ করা উচিত।’


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা