× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস আজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৩৪ এএম

গ্রাফিক্স: বাসস

গ্রাফিক্স: বাসস

গণতন্ত্র কেবল একটি শাসনব্যবস্থা নয়; এটি সাম্য, মানবিক মর্যাদা ও নাগরিক অধিকারের এক সুদৃঢ় রক্ষাকবচ। মতাদর্শের ভিন্নতা সত্ত্বেও পারস্পরিক শ্রদ্ধাবোধ, জবাবদিহি, আইনের শাসন ও বাকস্বাধীনতার অবাধ চর্চাই হলো গণতন্ত্রের মূল মর্মকথা। ‘যখন প্রত্যেকের কণ্ঠস্বর গুরুত্ব পায়, তখন গণতন্ত্র সফল হয়’Ñ এই দর্শনকে সামনে রেখে আজ ১৫ সেপ্টেম্বর বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। 

২০০৭ সাল থেকে জাতিসংঘের সদস্যভুক্ত দেশগুলোতে প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের বিকাশ এবং এ সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই দিবস পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে বিশেষ বাণী দিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ বিশেষ গুরুত্বের সঙ্গে দিনটি উদযাপন করা হচ্ছে। এ দিবস নিয়ে জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বাণী দিয়েছেন। 

জাতিসংঘ মহাসচিবের বার্তা

দিবসটি উপলক্ষে দেওয়া এক বার্তায় বিশ্বজুড়ে ক্রমবর্ধমান বিভাজন, সংঘাত এবং নাগরিক ও সরকারের মধ্যবর্তী ‘সামাজিক চুক্তির’ অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস। তিনি বলেন, বর্তমান বিশ্বে মানুষের মধ্যকার পারস্পরিক আস্থা হ্রাস পাচ্ছে এবং রাজনৈতিক ও সামাজিক অস্থিতিশীলতা বৃদ্ধি পাচ্ছে। এমন সংকটময় মুহূর্তে বিশ্ববাসীকে গণতন্ত্রের মূল ভাবধারায় ফিরে আসার আহ্বান জানান তিনি। মহাসচিব জোর দিয়ে বলেন, গণতন্ত্র কেবল ভোটের আয়োজনের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি মূলত মানবাধিকার সুসংহত করা, আইনের শাসন নিশ্চিত করা এবং রাজনৈতিক জীবনের প্রতিটি ক্ষেত্রে সর্বস্তরের মানুষের অর্থবহ অংশগ্রহণের এক প্রাত্যহিক অনুশীলন। সুশীল সমাজসহ নানা মত ও পথের মানুষের সঙ্গে সংলাপ, পারস্পরিক সহযোগিতা এবং দৃষ্টিভঙ্গি বোঝার মানসিকতার মাধ্যমেই একটি গণতান্ত্রিক ব্যবস্থা সমৃদ্ধি লাভ করে।

গণতন্ত্র সুসংহত করার অঙ্গীকার

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান দেশের গণতন্ত্রকে সুসংহত ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি বলেন, গণতন্ত্র কেবল সরকার গঠনের কোনো সাময়িক প্রক্রিয়া নয়; এটি মানুষের মৌলিক অধিকার, সামাজিক ন্যায়বিচার, বাকস্বাধীনতা এবং আইনের শাসন প্রতিষ্ঠার প্রধান ভিত্তি। গণতন্ত্র সুরক্ষিত থাকলে একটি সমাজ স্বৈরাচার, শোষণ ও বৈষম্য থেকে মুক্ত হয়ে প্রগতির পথে এগিয়ে যেতে পারে। বিবৃতিতে তিনি অভিযোগ করেন, ‘বিগত আওয়ামী ফ্যাসিবাদী সরকার গণতন্ত্রের কবর রচনা করেছে। জনগণ ভোটাধিকার, ন্যায়বিচার, সামাজিক সুরক্ষা ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে।’

শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী তার বাণীতে বলেন, আন্তর্জাতিক গণতন্ত্র দিবস আইনের শাসন, মতপ্রকাশের স্বাধীনতা, নাগরিক অধিকার, মানবাধিকার ও জবাবদিহিমূলক প্রাতিষ্ঠানিক কাঠামোকে শক্ত ভিত্তি দিতে সহায়তা করে। বিশ্বজুড়ে গণতান্ত্রিক নীতি প্রচার ও সুসংহত করার উদ্দেশ্যেই দিবসটি উদযাপিত হয়। গণতন্ত্র অর্জনের এই নিরন্তর সংগ্রামে বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি। জীবনদানকারী শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং আহতদের প্রতি সমবেদনা জানিয়ে বিশ্বের সব গণতন্ত্রকামী মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান বিএনপির এই শীর্ষ নেতা।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা