দীপক দেব
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২২:৫৪ পিএম
প্রতীকী ছবি
ইরান যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার কারণে হরমুজ প্রণালি বন্ধ আছে। বন্ধ হয়েছে কাতার থেকে নিয়মিত এলএনজি আমদানি। দেশের আমদানিনির্ভর জ্বালানি খাতকে সংকটগ্রস্ত করে তুলেছে এই বিশ্ব পরিস্থিতি। এই সংকটজনক পরিস্থিতি আরও ঘনীভূত হতে চলেছে বাব আল-মান্দেব নৌপথ বন্ধ হওয়ার ফলে। এ যেন বোঝার ওপর শাকের আঁটি। আন্তর্জাতিক বাণিজ্যের প্রবেশদ্বার হিসেবে পরিচিত বাব আল-মান্দেব প্রণালি সম্প্রতি ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীর দখলে চলে গেছে। এর ফলে একদিকে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়ে যাওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে, অন্যদিকে জাহাজ ভাড়া, বীমা ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ার ফলে অতিরিক্ত ডলার ব্যয়ের পরিস্থিতিও সৃষ্টি হচ্ছে। এর প্রভাব বিদ্যুৎ উৎপাদন, শিল্প, পরিবহন, মূল্যস্ফীতিসহ সামগ্রিক অর্থনীতিতেই পড়ার আশঙ্কা রয়েছে।
বাংলাদেশের নিজস্ব জ্বালানি উৎপাদন দেশের চাহিদার তুলনায় কম। দেশীয় প্রাকৃতিক গ্যাসের উৎপাদন কমে আসায় বিদ্যুৎ উৎপাদন, শিল্প ও অন্যান্য খাতের চাহিদা মেটাতে সম্প্রতি এলএনজি আমদানির ওপর নির্ভরতা বেড়েছে। একই সঙ্গে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হচ্ছে আমদানি করা কয়লা ও জ্বালানি তেল। এ কারণে আন্তর্জাতিক বাজারে তেল, গ্যাস বা কয়লার দাম বাড়লে শুধু জ্বালানি আমদানির ব্যয়ই বাড়ে না, বিদ্যুৎ উৎপাদনের খরচও বাড়ে।
জ্বালানি সরবরাহে নতুন ঝুঁকি
হরমুজ প্রণালি দিয়ে যাওয়া মোট জ্বালানির প্রায় ৮৯ শতাংশই আসে এশিয়ার বাজারে। ইরান যুদ্ধের ফলে হরমুজ প্রণালিতে সৃষ্ট সংকটের মধ্যে বিকল্প হিসেবে বাব আল-মান্দেব হয়ে লোহিত সাগরের রুটটি ব্যবহার করা হচ্ছিল। এই অবস্থায় ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে এবং ইয়েমেনে বাব আল-মান্দেব হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে দীর্ঘ সময় থাকলে দেশের আমদানি-রপ্তানির ওপর এর ব্যাপক প্রভাব পড়বে। লোহিত সাগরে সংঘাত আরও বাড়লে বাংলাদেশ থেকে ইউরোপগামী জাহাজগুলোকে আফ্রিকার উত্তমাশা অন্তরীপ হয়ে প্রায় সাড়ে ৭ হাজার কিলোমিটার অতিরিক্ত পথ পাড়ি দিতে হবে। গন্তব্যে পৌঁছানোর সময় (ট্রানজিট লিড টাইম) ১৫ থেকে ৩০ দিন পর্যন্ত বাড়বে। পাশাপাশি বীমা মাসুল ও জ্বালানি খরচ বৃদ্ধির কারণে জাহাজ ভাড়া ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।
এ দুটি গুরুত্বপূর্ণ রুটে সৃষ্ট জটিলতার কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে, তা দেশের জ্বালানি তেল-গ্যাস আমদানি এবং এর সার্বিক খরচের জন্য নতুন শঙ্কা তৈরি করেছে। গত শুক্রবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম বেড়ে ব্যারেল প্রতি ১০৪.৬১ ডলারে গিয়ে ঠেকে, যা এক মাস আগেও ছিল ৮৭.০৭ ডলার। বাংলাদেশ যেসব অপরিশোধিত তেল আমদানি করে থাকে সেগুলোর অন্যতম প্রধানÑ মুরবান ক্রুডের দাম মাত্র এক মাসের ব্যবধানে ব্যারেলপ্রতি ৮২.২৫ ডলার থেকে লাফিয়ে ১১৯.৪৬ ডলারে পৌঁছেছে। পাশাপাশি এশীয় এলএনজি বেঞ্চমার্ক জাপান-কোরিয়া মার্কারের (জেকেএম) দর বেড়ে প্রতি এমএমবিটিইউ ২৪.৮২ ডলারে উন্নীত হয়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “মধ্যপ্রাচ্যের দীর্ঘমেয়াদি সংকটে বাংলাদেশের জ্বালানি তেল আমদানি ও সরবরাহ ব্যবস্থার ক্ষতি হচ্ছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি দেশের জ্বালানি তেল আমদানি ও সরবরাহে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে। জাহাজ ভাড়া, জ্বালানি তেলের দামসহ অনেক কিছুতেই খরচ বেশি হচ্ছে। তবে ডিসেম্বর পর্যন্ত চাহিদা অনুযায়ী জ্বালানি তেল আমদানি ও সরবরাহব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।”
আসেনি চুক্তির বেশিরভাগ এলএনজি
বাংলাদেশের সঙ্গে চারটি দেশের এলএনজি আমদানির আটটি চুক্তি রয়েছে। এসব চুক্তির আওতায় চলতি বছর ১০৩টি কার্গো দেশে পৌঁছানোর কথা ছিল। কিন্তু ইরান যুদ্ধের কারণে প্রথম ৯ মাসে সরবরাহ পাওয়া গেছে মাত্র ২১টি। এর মধ্যে দীর্ঘমেয়াদি চুক্তির ৮৬টি কার্গোর বিপরীতে গত আগস্ট পর্যন্ত এসেছে মাত্র ১৩টি। আর স্বল্পমেয়াদি চুক্তির ১৭টি কার্গোর মধ্যে দেশে পৌঁছেছে মাত্র চারটি। পেট্রোবাংলার কর্মকর্তারা জানিয়েছেন, দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় আগামী নভেম্বর পর্যন্ত নির্ধারিত ৪৭টি কার্গোর সরবরাহ যুদ্ধজনিত পরিস্থিতির কারণে বাতিল হয়েছে। ফলে চুক্তিভিত্তিক সরবরাহের ঘাটতি সামাল দিতে স্পট মার্কেট ও স্বল্পমেয়াদি চুক্তি থেকে এলএনজি কেনার ওপর নির্ভরতা বাড়াতে হচ্ছে। কার্গো সংগ্রহে বাড়তি প্রতিযোগিতার কারণে আমদানি খরচও বাড়ছে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর গত ছয় মাসে স্পট মার্কেট থেকে বাংলাদেশ ৩৪ কার্গো এলএনজি কিনেছে। অনুসন্ধানে দেখা যায়, মার্চ থেকে আগস্ট পর্যন্ত স্পট মার্কেট থেকে কেনা ৩৪ কার্গো এলএনজির মধ্যে টোটাল এনার্জিস সর্বোচ্চ ৯টি, বিপি সিঙ্গাপুর ৭টি, আরামকো ট্রেডিং ৬টি, ভিটল এশিয়া ৫টি, পসকো ইন্টারন্যাশনাল ৪টি, গানভর সিঙ্গাপুর ২টি এবং বিজিএন ইন্টারন্যাশনাল ১টি কার্গো সরবরাহ করেছে। জুলাই পর্যন্ত স্পট ও চুক্তির আওতায় এলএনজি কেনা বাবদ বাংলাদেশকে বিল পরিশোধ করতে হয়েছে ২৬৭ কোটি ৭১ লাখ ৯৭ হাজার ২২৬ ডলার।
মজুদ বাড়াতে দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ
জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ম তামিম বলেন, “বাংলাদেশের উচিত পরিস্থিতি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা এবং দ্রুত জ্বালানি তেল, বিশেষ করে ডিজেলের মজুদ বাড়ানোর উদ্যোগ নেওয়া।”
তিনি বলেন, “বাব আল-মান্দেব প্রণালি ঘিরে নতুন পরিস্থিতি তৈরি হওয়ার ফলে আমরা একটি বড় ধরনের সংকটের মুখোমুখি হতে যাচ্ছি। বর্তমান পরিস্থিতিতে পরিশোধিত জ্বালানি পণ্য, বিশেষ করে ডিজেলের জাতীয় মজুদ দ্রুত বাড়ানোর বিকল্প নেই। যুক্তরাষ্ট্রেও ইতোমধ্যে ডিজেলের ঘাটতি দেখা দিচ্ছে, যা বিশ্বজুড়ে জ্বালানি সংকটের একটি অত্যন্ত বিপজ্জনক বার্তা দিচ্ছে।”
তিনি বলেন, “বিশ্বের প্রধান প্রধান তেল পরিবহন পথগুলো একসঙ্গে অচল হয়ে পড়লে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ চরমভাবে সংকুচিত হবে। সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে তেল পরিবহন বন্ধ এবং বাব আল-মান্দেব প্রণালি বাধাগ্রস্ত হওয়ার পর বিশ্ববাজারে তেলের ভয়াবহ ঘাটতি দেখা দেবে। এই মুহূর্তে বাংলাদেশের জন্য সবচেয়ে জরুরি কাজ হলোÑ পরিস্থিতির ওপর নজর রাখা এবং মজুদ বাড়াতে দ্রুত পদক্ষেপ নেওয়া।”
নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান
এদিকে রবিবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শেভরনের বেস অ্যাসেটস ও উদীয়মান দেশ বিষয়ক প্রেসিডেন্ট জেভিয়ার লা রোসার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধ দল সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে বাংলাদেশের জ্বালানি খাতে বিশেষ করে বিদ্যমান ও পুরনো গ্যাসক্ষেত্রগুলোতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।