প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২২:৩২ পিএম
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক, লেখক ও সাহিত্যচিন্তক বীর মুক্তিযোদ্ধা ড. সাঈদ-উর রহমান (৭৮) আর নেই।
রবিবার বেলা ১১টায় ঢাকায় বার্ধক্যের কারণে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। শোক জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলামও। গতকাল বাদ মাগরিব উত্তরার ১২ নম্বর সেক্টরের মসজিদে জানাজা শেষে তাকে ১৩ নম্বর সেক্টরের কবরস্থানে দাফন করা হয়।
অধ্যাপক সাঈদ-উর রহমান ১৯৪৮ সালের ২৬ মার্চ কুমিল্লার শিমপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে ১৯৬৯ সালে স্নাতক (সম্মান) এবং ১৯৭০ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৭৫ সালে একই বিভাগে প্রভাষক হিসেবে যোগ দিয়ে ১৯৯১ সালে অধ্যাপক হন। ‘পূর্ববাংলার রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলন ও সমকালীন কবিতা’ অভিসন্দর্ভের জন্য ১৯৭৯ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
মধ্যযুগের সাহিত্য, বাংলাদেশের আর্থসামাজিক ও রাজনৈতিক ইতিহাস এবং মার্কসবাদ ছিল তার গবেষণার গুরুত্বপূর্ণ ক্ষেত্র। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ‘চারু মজুমদার ও অন্যান্য প্রসঙ্গ’, ‘পূর্ববাংলার সাংস্কৃতিক আন্দোলন’, ‘পূর্ববাংলার রাজনীতি-সংস্কৃতি ও কবিতা’ ও ‘এ কেমন বাংলাদেশ’। ২০০৩ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন।
১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের রাজনৈতিক প্রশিক্ষক হিসেবে তিনি রণাঙ্গনে সক্রিয় ছিলেন। ১৯৯২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। গবেষণার স্বীকৃতি হিসেবে তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন পুরস্কার ও আবদুর রব চৌধুরী স্বর্ণপদক অর্জন করেন।