কৃষি জমিতে সার দিচ্ছেন কৃষক। ফাইল ছবি
দেশে চলমান সার সরবরাহ, মজুত, পরিবহন, বিতরণ ও খুচরা বিক্রয় কার্যক্রম সার্বক্ষণিক তদারকির জন্য ‘সার ব্যবস্থাপনা কন্ট্রোল রুম’ গঠন করেছে কৃষি মন্ত্রণালয়। কন্ট্রোল রুমে যোগাযোগের জন্য ০৫০৩৫১ ফোন নম্বর দেওয়া হয়েছে।
একই সঙ্গে মাঠপর্যায়ে সারসংক্রান্ত কোনো সমস্যা বা অনিয়ম দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া এ বিষয়ে কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তা, ডিলার, কৃষকদের ১৪ দফা নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। গত ১০ সেপ্টেম্বর মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার উপসচিব মো. মাকছুদুল ইসলামের সাক্ষর করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আদেশ অনুযায়ী, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত কৃষি মন্ত্রণালয়ের ৫২৮ নম্বর কক্ষে কন্ট্রোল রুমের কার্যক্রম পরিচালিত হবে। এ জন্য ২৭টি দল গঠন করা হয়েছে। প্রতিটি দলে একজন কর্মকর্তা, একজন প্রশাসনিক কর্মকর্তা ও একজন অফিস সহায়ক রয়েছেন।
কন্ট্রোল রুমের কার্যক্রম ১১ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত দুই শিফটে চলবে। প্রথম শিফট সকাল ৮টা থেকে বেলা ৩টা এবং দ্বিতীয় শিফট বেলা ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত। কন্ট্রোল রুমের সার্বিক তদারকির দায়িত্ব পালন করবেন অতিরিক্ত সচিব (সার ব্যবস্থাপনা ও উপকরণ)।
১৪টি নির্দেশনার মধ্যে রয়েছে
১. বিভিন্ন জেলা ও উপজেলা থেকে সার সরবরাহ, মজুত, পরিবহন ও বিতরণ সংক্রান্ত তথ্য নিয়মিত সংরক্ষণ করতে হবে।
২. সার পরিবহনকালে কোনো অনিয়ম, কৃত্রিম সংকট, অবৈধ মজুত, কালোবাজারি, অতিরিক্ত মূল্য আদায়, অন্যত্র সরিয়ে নেওয়া বা অন্য কোনো অসঙ্গতির তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।
৩. কোনো জেলা বা উপজেলায় সার সংকটের আশঙ্কা দেখা দিলে বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে শনাক্তের মাধ্যমে কর্তৃপক্ষের নিকট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করতে হবে।
৪. মাঠপর্যায়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে সার পরিস্থিতির সর্বশেষ তথ্য সংগ্রহ করতে হবে এবং প্রয়োজন অনুযায়ী ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।
৫. সার সংক্রান্ত কৃষক, ডিলার, পরিবহণকারী বা সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগ গ্রহণ করে অভিযোগের সংশ্লিষ্ট দপ্তর/কর্মকর্তার নিকট দ্রুত প্রেরণ করতে হবে এবং নিষ্পত্তির অগ্রগতি অনুসরণ করতে হবে।
৬. সার সরবরাহ ও বিতরণ ব্যবস্থাপনায় উদ্বৃত্ব জরুরি পরিস্থিতিতে সংশ্লিষ্ট জেলা প্রশাসন, কৃষি বিভাগ, অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তার সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৭. প্রতিদিনের সার পরিস্থিতি, প্রাপ্ত অভিযোগ, গৃহীত ব্যবস্থা এবং গুরুত্বপূর্ণ ঘটনাবলি নির্ধারিত ছকে রেজিস্ট্রেশন করতে হবে।
৮. কন্ট্রোল রুমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় দৈনিক/সাপ্তাহিক প্রতিবেদন প্রস্তুত করে নির্ধারিত কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করতে হবে।
৯. কোনো এলাকায় সার সরবরাহে বিঘ্ন, পরিবহন সমস্যা, গুদামজাতকরণ সমস্যা বা ডিলার পর্যায়ে অনিয়মে গেলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিতে হবে।
১০. সামাজিক যোগাযোগ মাধ্যম, গণমাধ্যম বা অন্যান্য নির্ভরযোগ্য সূত্রে সার সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশিত হলে বিষয়টি যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট মাঠপর্যায়ের কর্মকর্তাকে অবহিত করতে হবে।
১১. কন্ট্রোল রুমের টেলিফোন, মোবাইল, ই-মেইল, হোয়াটসঅ্যাপ/অন্যান্য যোগাযোগমাধ্যমে প্রাপ্ত সারসা অভিযোগ যথাযথভাবে গ্রহণ, নথিভুক্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
১২. কন্ট্রোল রুমে দায়িত্ব পালনকালে প্রাপ্ত গুরুত্বপূর্ণ তথ্য, নির্দেশনা ও গৃহীত কার্যক্রম পরবর্তী শিফটে দায়িত্বপ্রাপ্তের নিকট যথাযথভাবে হস্তান্তর করতে হবে।
১৩. ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক সার তদারকি ও ব্যবস্থাপনাসংক্রান্ত সময়ে সময়ে প্রদত্ত অন্যান্য নির্দেশনা যথাযথভাবে পালন করতে হবে।
১৪. প্রতিদিনের পত্রিকা, টেলিভিশন নিউজ, অনলাইন নিউজ, সোশ্যাল মিডিয়া থেকে সার সংক্রান্ত কোন খবর প্রকাশিত হলে সংশ্লিষ্ট জেলা/উপজেলা/ইউনিয়ন পর্যায়ে যোগাযোগ করে দ্রুত তথ্য সংগ্রহ করতে হবে।
কন্ট্রোল রুমের কার্যক্রম দেখতে রবিবার দুপুরে কৃষি মন্ত্রণালয়ে গিয়ে দেখা যায়, দুইজন কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। তাদের মধ্যে আন্তর্জাতিক সহযোগিতা শাখার যুগ্মসচিব আক্তারুন্নাহার বলেন, রবিবার দুপুর ২টা পর্যন্ত দুজন ডিলারের অভিযোগ পাওয়া গেছে। আমরা এসব লিখে রাখছি। একই শাখার উপসচিব মোছা. সুস্মিতা ইসলাম বলেন, শনিবার কন্ট্রোল রুমের কাজ শুরু হয়েছে। মানুষের মধ্যে ছড়িয়ে যেতে হয়তো কিছুটা সময় দরকার।