বিবিসি বাংলা
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ ১৯:১৩ পিএম
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ। ফাইল ছবি
দুবাই ও সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন দেশে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ অস্বীকার করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ।
এ ধরনের অভিযোগকে ‘মিডিয়া ট্রায়াল’ ও ‘ক্যারেক্টার অ্যাসাসিনেশন’ (চরিত্র হনন) হিসেবে আখ্যায়িত করেছেন তিনি। অন্যদিকে তার বিরুদ্ধে ওঠা নতুন এই অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
‘অভিযোগ বনাম বাস্তবতা’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ এসব কথা বলেন। পরে তার ভেরিফায়েড ফেসবুক পেজে ওই সংবাদ সম্মেলনের একটি ভিডিও প্রকাশ করা হয়।
সংবাদ সম্মেলনে নিজেই এসব অভিযোগের বিষয়ে তদন্ত করেছেন উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, “বিএনপির সময়ে হওয়া পদোন্নতি, বদলির জন্য আমার বিরুদ্ধে অনুসন্ধান হচ্ছে। মানে সার্কাসেরও একটা সীমা থাকা উচিত। ক্লিয়ারলি মিডিয়া ট্রায়ালে ফেলা।”
ভিডিওতে সাবেক এই উপদেষ্টাকে বলতে শোনা যায়, “দুই দিন পর বিভিন্ন মন্ত্রণালয় থেকে রিপোর্ট বা নথি চেয়ে সেগুলো নিউজ করানো দুদকের উদ্দেশ্য।
“অনুসন্ধানের দুইদিন পর পর, মনে করেন, আজকে নথি চাইলো, যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে, কালকে আরেক জায়গা থেকে নথি চাইবে। আরেকজনকে বলবে রিপোর্ট দাও। এই যে, নিয়মিত নিউজ, আসিফ মাহমুদ এবং দুর্নীতি এই শব্দ দুটিকে একসঙ্গে করে নিউজ করানো, একটি ন্যারেটিভ স্টাবলিশ করা, পারসেপশন তৈরি করা, এটা হচ্ছে উদ্দেশ্য। ক্যারেকটার এসাসিনেশনটা উদ্দেশ্য।”
তার বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। আসিফ মাহমুদ বলেন, “সেই জায়গাকে আমি প্রশ্ন করছি। যদি তদন্তের অনুসন্ধানের স্বদিচ্ছা থাকে এবং সেটা যদি ওই কমিটমেন্টটা আমি শুরু থেকে দেখতাম তাহলে এটাকে সাধুবাদ জানাতে আমার নাগরিক হিসেবে অসুবিধা নাই এবং আমি সহযোগিতা করতে রাজী আছি।”
একইসঙ্গে, তিনি বেশ কিছু নথি হাতে তুলে ধরে বলেন, “ওনাদের অনুসন্ধানের অর্ধেকের বেশি হয়ে গেছে, ওনারা (দুদক) চাইলে নিয়ে যেতে পারে।
দুদকের অনুসন্ধান ও যেসব অভিযোগ
এর আগে রবিবার দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিবিসি বাংলাকে নিশ্চিত করেন যে আসিফ মাহমুদের বিরুদ্ধে ওঠা নতুন এই অভিযোগ অনুসন্ধান করা হবে। তিনি জানান, আগের অভিযোগের সঙ্গেই এই অভিযোগটি অনুসন্ধান করবে কমিশন।
অভিযোগে বলা হয়েছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগে ৬০ কোটি টাকা এবং সারা দেশে ৩৬ জন ডিসি পদায়নে দুই কোটি থেকে ১০ কোটি টাকা পর্যন্ত লেনদেন করেছেন।
এছাড়া তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে টেন্ডার বাণিজ্য, স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দায়িত্ব পালনকালে উন্নয়ন প্রকল্পের টেন্ডার থেকে ১০ থেকে ৩০ শতাংশ কমিশন গ্রহণ এবং নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি কর্পোরেশনের টেন্ডার বাণিজ্যের সঙ্গে জড়িত ছিলেন।
একইসঙ্গে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও সেতু নির্মাণ প্রকল্পে ব্যয় বাড়িয়ে হাজার হাজার কোটি টাকা, ঢাকা ওয়াসার সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় ধাপে অস্বাভাবিক ব্যয় বৃদ্ধি এবং শেখ রাসেল মিনি স্টেডিয়াম প্রকল্পে ১২০০ কোটি টাকা ব্যয় বাড়িয়ে আসিফ মাহমুদ অর্থ আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে।
এই অভিযোগে বলা হয়েছে, দুর্নীতির টাকা দিয়ে আসিফ মাহমুদ পর্তুগালে জমি ক্রয়, দুবাইয়ের গ্রীন গ্রুপে বিনিয়োগ ও সুইস ব্যাংকে অর্থ জমা করেছেন।
আফিস মাহমুদের বিরুদ্ধে অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, “তিনি দুবাইতে চার হাজার পাঁচশো কোটি টাকা, সিঙ্গাপুরে তিন হাজার কোটি টাকা, অস্ট্রেলিয়ায় দুই হাজার কোটি টাকা ও সুইজারল্যান্ডে দেড় হাজার কোটি টাকা পাচার করে সেখানে বিলাসবহুল ভিলা ক্রয় ও বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করেছেন। তার দুই বোন জামাই ও ভাগ্নের মাধ্যমে তিনি বিদেশে কোটি কোটি টাকা পাচার করেন।”
এর আগে, সাবেক এই উপদেষ্টাসহ চারজন সচিবের বিরুদ্ধে নিয়োগ-বদলি, কেনাকাটা, তদ্বির বাণিজ্য এবং অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তদন্ত কমিটি গঠন করেছিল দুদক।
ওই তদন্তটি চলমান রয়েছে, সেটির সঙ্গেই এই অভিযোগগুলো অনুসন্ধান করা হবে বলে জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।