বঙ্গভবনে রবিবার দুপুরে দেশের ৩৩টি জেলা পরিষদের প্রশাসকরা রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি: বিএনপি মিডিয়া সেল
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া ও শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
একই সঙ্গে অতীতের দুর্নীতি থেকে বেরিয়ে এসে জেলা পরিষদগুলোকে আরও গতিশীল করার আহ্বান জানিয়েছেন তিনি।
বঙ্গভবনে রবিবার দুপুরে দেশের ৩৩টি জেলা পরিষদের প্রশাসকরা রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব নির্দেশনা দেন।
সাক্ষাৎকালে স্থানীয় সরকারকে গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ফ্যাসিস্ট আমলের রেখে যাওয়া দুর্নীতি থেকে বেরিয়ে আসার জন্য আপনাদের সক্রিয় এবং সজাগ থেকে কাজ করতে হবে।
ক্ষমতা বিকেন্দ্রীকরণ ও স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে বর্তমান সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে কাজ করছে বলেও জানান তিনি।
এ সময় দীর্ঘদিন ধরে চলমান ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে জেলা পরিষদের প্রশাসকদের সক্রিয় অংশগ্রহণের কথা গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন রাষ্ট্রপ্রধান।
বৈঠকে জেলা পরিষদের প্রশাসকরা তাদের পদমর্যাদা বৃদ্ধিসহ বিভিন্ন প্রাতিষ্ঠানিক দাবি-দাওয়া রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন।
তাদের দাবির পরিপ্রেক্ষিতে আশ্বস্ত করে রাষ্ট্রপতি বলেন, “এই সরকার জনগণের সরকার। আপনাদের উত্থাপিত সমস্যা ও দাবিসমূহ সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।”
এ ছাড়া জেলা পরিষদগুলোর উন্নয়নমূলক কর্মকাণ্ডে গতিশীলতা বাড়ানো, স্থানীয় পর্যায়ে নাগরিকদের সরকারি সেবা নিশ্চিত করা এবং প্রশাসনিক স্বচ্ছতা বজায় রেখে কার্যক্রম পরিচালনার জন্য জেলা পরিষদের প্রশাসকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন রাষ্ট্রপতি।