× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আজ কৃষি মন্ত্রণালয় পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৫৪ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

দেশের কৃষি খাতের সার্বিক পরিস্থিতি, কৃষকের কাছে সার-বীজ-কীটনাশকের সরবরাহ, ফসল উৎপাদন, কৃষি কার্ডসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে খোঁজ নিতে আজ রবিবার বিকেলে কৃষি মন্ত্রণালয় পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে মন্ত্রণালয়ে নেওয়া হয়েছে প্রয়োজনীয় প্রস্তুতি।

পরিদর্শনের সময় কৃষি খাতের চলমান কার্যক্রম, বিভিন্ন প্রকল্পের অগ্রগতি এবং মাঠপর্যায়ে কৃষকের কাছে সরকারি সেবা পৌঁছে দেওয়ার পরিস্থিতি তুলে ধরা হবে। 

একই সঙ্গে কৃষি উপকরণের সরবরাহ ও ব্যবস্থাপনা, উৎপাদন বাড়ানো এবং কৃষকের স্বার্থ সংরক্ষণে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ নিয়েও আলোচনা হতে পারে।

কৃষি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর পরিদর্শন উপলক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গত ৭ সেপ্টেম্বর ‘প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে দায়িত্ব প্রদান’ সংক্রান্ত একটি নোটিশও প্রকাশ করা হয়েছে।

সার-বীজসহ কৃষি উপকরণে নজর

কৃষি উৎপাদনের অন্যতম প্রধান উপকরণ সার। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় সার সরবরাহ ও বাজারব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়েছে। শনিবার কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশে পর্যাপ্ত সার মজুত রয়েছে। তবে কিছু ব্যবসায়ী সার মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছেন। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর কৃষি মন্ত্রণালয় পরিদর্শনে সার ব্যবস্থাপনা বিশেষ গুরুত্ব পেতে পারে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন। কৃষকের প্রয়োজনের সময়ে ন্যায্য দামে সার পাওয়া যাচ্ছে কি না, সরবরাহব্যবস্থায় কোথাও ঘাটতি বা অনিয়ম রয়েছে কি না- এসব বিষয়ও আলোচনায় আসতে পারে।

সারের পাশাপাশি উন্নতমানের বীজ, কীটনাশক ও অন্যান্য কৃষি উপকরণ যথাসময়ে কৃষকের কাছে পৌঁছানো নিয়েও রয়েছে নানা চ্যালেঞ্জ। উৎপাদন ব্যয় বাড়ার সময়ে এসব উপকরণের সরবরাহ স্বাভাবিক রাখা এবং দাম নিয়ন্ত্রণে রাখার বিষয়টি কৃষকের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

উৎপাদন বাড়ানোর সঙ্গে কৃষকের স্বার্থ

বাংলাদেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তার অন্যতম ভিত্তি কৃষি। জনসংখ্যা বাড়ার বিপরীতে কৃষিজমির পরিমাণ কমছে। ফলে খাদ্য উৎপাদন ধরে রাখার পাশাপাশি তা আরও বাড়ানোর চাপ রয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে জলবায়ু পরিবর্তন, বন্যা, খরা, লবণাক্ততা ও নানা প্রাকৃতিক দুর্যোগ। এতে কৃষকের উৎপাদনঝুঁকিও বাড়ছে।

এ অবস্থায় শুধু উৎপাদন বাড়ানোই যথেষ্ট নয়; কৃষকের উৎপাদন ব্যয় কমানো এবং উৎপাদিত ফসলের ন্যায্য দাম নিশ্চিত করাও সরকারের বড় চ্যালেঞ্জ। প্রধানমন্ত্রীর পরিদর্শনে কৃষকের আয়, উৎপাদন ব্যয় ও বাজারব্যবস্থাপনা নিয়েও দিকনির্দেশনা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সরকারি সেবা কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিতে ‘কৃষি কার্ড’ নিয়েও সরকারের পরিকল্পনা রয়েছে। কৃষকদের বিভিন্ন ধরনের সহায়তা ও সুবিধা আরও সুশৃঙ্খলভাবে দেওয়ার ক্ষেত্রে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ হতে পারে। কৃষি কার্ড বিতরণের অগ্রগতি এবং এর মাধ্যমে কৃষকের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার বিষয়টিও প্রধানমন্ত্রীর পরিদর্শনে গুরুত্ব পেতে পারে।

মাঠপর্যায়ের সেবা কতটা কার্যকর, নজর সেদিকেও

প্রধানমন্ত্রীর বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শনের ধারাবাহিকতায় কৃষি মন্ত্রণালয়ের এ সফরকে দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এর আগে বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শনে প্রধানমন্ত্রী কাজের গতি বাড়ানো, আন্তমন্ত্রণালয় সমন্বয় জোরদার এবং জনগণকে দ্রুত সেবা দেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন।

কৃষি মন্ত্রণালয়ের ক্ষেত্রেও মাঠপর্যায়ের কর্মকর্তাদের কার্যক্রম, প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি, সরকারি অর্থের ব্যবহার এবং কৃষকের জন্য বরাদ্দ করা সুযোগ-সুবিধা যথাযথভাবে পৌঁছাচ্ছে কি না- এসব বিষয়ে নজর দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। সরকারি দপ্তরের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাও প্রধানমন্ত্রীর সরকারি দপ্তর পরিদর্শনের অন্যতম উদ্দেশ্য।

শেষ পর্যন্ত লক্ষ্য মাঠের কৃষক

কৃষি মন্ত্রণালয়ের নীতিনির্ধারণী সিদ্ধান্তের সবচেয়ে বড় প্রভাব পড়ে মাঠের কৃষকের ওপর। মন্ত্রণালয়ে বসে নেওয়া সিদ্ধান্ত মাঠপর্যায়ে কতটা কার্যকর হচ্ছে, সেটিই শেষ পর্যন্ত কৃষি খাতের সাফল্যের অন্যতম মাপকাঠি।

সার-বীজের সরবরাহ থেকে কৃষিঋণ, কৃষি উপকরণ, প্রযুক্তি, ফসলের ন্যায্য দাম এবং সরকারি সহায়তা- প্রতিটি ক্ষেত্রে কৃষক যেন হয়রানি ছাড়া প্রয়োজনীয় সেবা পান, সেটিই এখন বড় প্রত্যাশা।

আজকের পরিদর্শনে এসব বিষয়ে প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের কী নির্দেশনা দেন, সেদিকেই নজর থাকবে কৃষক, কৃষি খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও সাধারণ মানুষের। বিশেষ করে কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষকের আয় ও জীবনমান উন্নয়নে সরকার কী ধরনের দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেয়, তা-ও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং সচিব মো. সেলিম খানসহ বিভিন্ন সংস্থার প্রধানরা উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রীর এ পরিদর্শনের মধ্য দিয়ে কৃষি খাতের চলমান সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে একটি সমন্বিত বার্তা আসবে- এমন প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা