× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আলোচনায় স্পিকার ও ডেপুটি স্পিকার

আসাদুজ্জামান সম্রাট

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ ১১:০২ এএম

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

জাতীয় সংসদের কার্যক্রম পরিচালনায় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সাম্প্রতিক ভূমিকা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন যে, সংসদে বিরোধী দল ও স্বতন্ত্র সদস্যদের বক্তব্যের সুযোগ নিশ্চিত করা, বিরোধীদের বক্তব্যে সরকারি দল থেকে বাধা এলে তা নিয়ন্ত্রণ করা, সংসদীয় বিধি মেনে কমিটি গঠন এবং মন্ত্রী-সদস্যদের সংসদীয় আচরণে লাগাম টানার ক্ষেত্রে তাদের দৃষ্টিভঙ্গি ও অবস্থানে সূক্ষ্ম স্বকীয়তা ক্রমেই দৃশ্যমান হচ্ছে। এর পাশাপাশি সরকারের জবাবদিহির প্রশ্নে সভাপতির আসন থেকে সতর্কবার্তা আসছে।

সাম্প্রতিক কয়েকটি ঘটনায় এই ভূমিকার ভিন্ন ভিন্ন দিক অনেকটাই স্পষ্ট হয়ে উঠেছে। যেমন, স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার বক্তব্যের সময় সরকারি দলের সদস্যদের হইচই এবং প্রতিবাদের মধ্যেও ডেপুটি স্পিকার কায়সার কামাল তাকে কথা বলতে দেওয়ার পক্ষে অবস্থান নেন। আবার বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে আলোচনার শেষে ডেপুটি স্পিকার সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বক্তব্যের ধরন নিয়েও প্রশ্ন তোলেন। একই সময় সংসদীয় স্থায়ী কমিটি গঠনের ক্ষেত্রে বিধি অনুসরণের প্রশ্নে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে সতর্ক অবস্থান নিতে দেখা গেছে।

গত বুধবার জাতীয় সংসদে ব্যাংক রেজ্যুলেশন (সংশোধন) বিলের ওপর স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা আলোচনা করেন। এ সময় তিনি বিএনপি সরকারের সমালোচনা করতে গেলে সরকারি দলের সদস্যরা হইচই ও প্রতিবাদ করতে থাকেন। ফলে সংসদ উত্তপ্ত হয়ে ওঠে। তার বক্তব্যের নির্ধারিত সময় শেষ হওয়ার পরও এই হট্টগোল অব্যাহত থাকে। এ সময় অধিবেশনে সভাপতির আসনে ছিলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। তিনি সরকারি দলের সদস্যদের শান্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘একজন সদস্য বক্তব্য দিচ্ছেন এবং তার কথা বলার স্বাধীনতা রয়েছে। বক্তব্যের সঙ্গে কারও দ্বিমত থাকলে সংশ্লিষ্ট সদস্যের বক্তব্যের সময় তা খণ্ডন করা যেতে পারে। কোনো বক্তব্য অসংসদীয় হলে সভাপতির আসন থেকে তা এক্সপাঞ্জ করার বিধান রয়েছে; কিন্তু বক্তব্য দেওয়ার সুযোগই বন্ধ করে দেওয়া সংসদীয় রীতির সঙ্গে সংগতিপূর্ণ নয়।’

এ ঘটনায় ডেপুটি স্পিকার চিফ হুইপের দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দেন। সংসদে শৃঙ্খলা বজায় রাখা এবং সদস্যদের বক্তব্যের সুযোগ নিশ্চিত করার ক্ষেত্রে সরকারি দলের হুইপদেরও দায়িত্ব রয়েছেÑ তার বক্তব্যে এ বার্তা স্পষ্ট হয়ে ওঠে। ঘটনাটি গুরুত্বপূর্ণ এ কারণে যে রুমিন ফারহানা তখন কোনো বিরোধী দলের সংসদ সদস্য হিসেবে নয়, একজন স্বতন্ত্র সদস্য হিসেবে বক্তব্য দিচ্ছিলেন। তার বক্তব্যে বাধা দেওয়ার ঘটনায় ডেপুটি স্পিকারের রুলিং সংসদে স্বতন্ত্র সদস্যদের অধিকারের প্রশ্নে একটি স্পষ্ট অবস্থান তৈরি করেছে। প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে ডেপুটি স্পিকারের দায়িত্ব পালনকালে তার দক্ষতা সবাইকে মুগ্ধ করেছে।

ডেপুটি স্পিকারের ভূমিকার আরেকটি তাৎপর্যপূর্ণ দৃষ্টান্ত পাওয়া যায় গত ৭ সেপ্টেম্বর বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে সংসদে আলোচনায়। কার্যপ্রণালী বিধির ৬৮ বিধিতে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের দেওয়া নোটিশের ওপর আলোচনায় গ্যাস ও জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়া, দীর্ঘ লোডশেডিং, শিল্পকারখানার উৎপাদন কমে যাওয়া এবং বেকারত্ব বাড়ার বিষয়টি উঠে আসে। আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বক্তব্য দেন।

আলোচনা শেষে ডেপুটি স্পিকার যে মন্তব্য করেন, সেটি সংসদে সরকারের জবাবদিহির প্রশ্নটিকে নতুন মাত্রা দিয়েছে। তিনি বলেন, ‘বিভিন্ন জনসমক্ষে বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে কথা বলার সময় প্রধানমন্ত্রী পরিস্থিতি স্বীকার করে দুঃখ প্রকাশ করেন। কিন্তু সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্যে একই ধরনের স্বীকারোক্তি বা পরিস্থিতি স্বীকার করার প্রবণতা দেখা যায় না।’ তিনি তার বক্তব্যে জাতির সামনে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির প্রকৃত চিত্র তুলে ধরার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

এ প্রসঙ্গে জাতীয় সংসদের অবসরপ্রাপ্ত পরিচালক কামরুল ইসলাম বলেন, ‘সংসদের কার্যকারিতা শুধু সংখ্যাগরিষ্ঠ দলের আইন পাসের সক্ষমতার ওপর নির্ভর করে না। সরকারের সিদ্ধান্ত নিয়ে বিরোধী দলের প্রশ্ন, সমালোচনা, বিকল্প প্রস্তাব এবং জনগণের অভিযোগ সংসদে কতটা জায়গা পাচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ।’ তিনি বলেন, ‘কোনো সদস্যের বক্তব্য সরকারের পছন্দ না হলেও তাকে কথা বলার সুযোগ দিতে হবে; বক্তব্য অসংসদীয় হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া যাবে।’ এই অবস্থান সংসদীয় বিতর্ককে ব্যক্তি বা দলকেন্দ্রিক বিরোধের বদলে নিয়মের কাঠামোর মধ্যে রাখার চেষ্টা। 

অন্যদিকে জাতীয় সংসদের সাতবারের সংসদ সদস্য স্পিকার হাফিজ উদ্দিন আহমদের ভূমিকায় রয়েছে কঠোরতা। সংসদ পরিচালনায় তিনি শৃঙ্খলার পাশাপাশি সংসদীয় বিধিবিধান মানার ক্ষেত্রেও কঠোরতার পক্ষপাতী। অধিবেশন কক্ষে মন্ত্রী-সংসদ সদস্যদের মোবাইল ফোন ব্যবহার করা, সাইড টক করা, সংশ্লিষ্ট মন্ত্রীর প্রশ্নোত্তর ও নোটিশপর্বে অনুপস্থিত থাকার বিষয়ে তিনি কঠোর অবস্থান নিয়েছেন। সংসদীয় স্থায়ী কমিটি গঠনের ক্ষেত্রে সংসদীয় বিধি ও রীতিনীতি অনুসরণের ওপর জোর দিয়েছেন। মন্ত্রী বা প্রতিমন্ত্রীর পদমর্যাদার ব্যক্তিদের স্থায়ী কমিটির সভাপতি করার বিষয়ে তিনি উষ্মা প্রকাশ করেছেন এবং চিফ হুইপকে এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন। নির্বাহী বিভাগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের দিয়ে সংসদীয় কমিটির নেতৃত্ব কতটা কার্যকরভাবে সরকারের ওপর নজরদারি করতে পারবে সে বিষয়ে মৌলিক প্রশ্ন তুলেছেন তিনি। এ বিষয়ে প্রতিদিনের বাংলাদেশ-এ ওইদিন একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

সংসদে মন্ত্রীদের বক্তব্যের ক্ষেত্রেও স্পিকারের অবস্থান গুরুত্বপূর্ণ। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ কয়েকজন মন্ত্রীর বিদ্রুপপূর্ণ বা কটাক্ষমূলক বক্তব্যের বিরোধিতা করেছেন তিনি। তার মতে, সরকারের পক্ষে মন্ত্রীরা বিরোধী দলের সমালোচনার জবাব দেবেনÑ এটাই স্বাভাবিক। কিন্তু জবাব যদি তথ্য ও যুক্তির বদলে বিদ্রুপে পরিণত হয়, তাহলে সংসদীয় বিতর্কের মান ক্ষতিগ্রস্ত হয়। বিরোধী দলের সদস্যদের বক্তব্যের অধিকার রক্ষা করার পাশাপাশি সরকারি দলের মন্ত্রীদের সংসদীয় আচরণ নিশ্চিত করার বিষয়টিও তিনি তার দায়িত্বের অংশ হিসেবে দেখেছেন।

স্পিকার ও ডেপুটি স্পিকারের সাম্প্রতিক ভূমিকা সংসদীয় সংস্কৃতিতে একটি ইতিবাচক সম্ভাবনা তৈরি করেছে। তবে সেই সম্ভাবনার স্থায়িত্ব নির্ভর করবে তাদের রুলিং ও সতর্কবার্তাগুলো কতটা ধারাবাহিকভাবে প্রয়োগ করা হয় তার ওপর। সাম্প্রতিক ঘটনাগুলোতে সেই ভারসাম্য রক্ষার চেষ্টা দেখা যাচ্ছে। বলা যাচ্ছে, সংসদ শুধু সংখ্যাগরিষ্ঠ দলের সিদ্ধান্ত কার্যকর করার জায়গা নয়; এটি সরকারের জবাবদিহি, বিরোধী মতের প্রকাশ এবং জনগণের স্বার্থে বিতর্কেরও জায়গা। সভাপতির আসন থেকে সেই ভারসাম্য ধরে রাখার ওপরেই নির্ভর করবে এর কার্যকারিতা ও মূল্যায়ন। অবশ্য তাদের নিরপেক্ষতা নিয়ে এখনও সরকার বা বিরোধী দলÑ কোনো পক্ষই প্রশ্ন তোলেনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা