রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল। ছবি: সংগৃহীত
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে প্রায়ই মিছিল করতে দেখা যাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের। মিছিল থেকে তারা সরকারবিরোধী স্লোগান দেওয়ার পাশাপাশি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। কখনও কখনও তারা পুলিশের ওপর হামলা চালাচ্ছে। সবশেষ গত শুক্রবার তারা কূটনৈতিক জোন হিসেবে সুপরিচিত রাজধানীর গুলশানেও মিছিল করেছে। যেখানে খোদ প্রধানমন্ত্রীও বসবাস করেন। একই দিন তারা মিছিল করেছে বন্দরনগরী চট্টগ্রামেও। এ পরিস্থিতিতে গোয়েন্দা সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে।
এ পরিস্থিতিতে অপরাধ বিশেষজ্ঞদের মতে, ‘কোথাও না কোথাও সমন্বয়হীনতা রয়েছে। যেটিকে কাজে লাগিয়ে সংগঠিত হয়ে এ মিছিল করা হয়েছে। এখনও যদি সমন্বয় করে মাঠ পর্যায়ে নজরদারি করা না হয়, তা হলে আগামীতে আরও বড় ধরনের ঘটনা ঘটতে পারে।’
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক ড. তৌহিদুল হক প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের এ মিছিল থেকে বোঝা যায়, অনলাইনেই হোক আর অফলাইনে তারা পরস্পরের সঙ্গে যোগাযোগ করে সংঘবদ্ধ হয়েই এটি করেছে। তার মানে গোয়েন্দা সংস্থাগুলো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এ ধরনের তথ্য যথাযথভাবে এবং সঠিক সময়ে পাওয়ার ক্ষেত্রে পিছিয়ে আছে। তাদের নজরদারি বা তৎপরতায় যেমন ঘাটতি রয়েছে, তেমনি কোনো তথ্য পেলে তা গুরুত্বের সঙ্গে গ্রহণ করে সতর্ক থাকার বিষয়েও অসতর্কতা রয়েছে। সমন্বয়হীনতা রয়েছে। আওয়ামী লীগ এই সমন্বয়হীনতা ও অসতর্কতাকে নিজেদের অনুকূলে নেওয়ার চেষ্টা করবেÑ এটাই স্বাভাবিক।’ তিনি বলেন, ‘এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো পক্ষের সহযোগিতা আছে কি না সেটাও সরকারের খতিয়ে দেখা প্রয়োজন। আইনশৃঙ্খলা বাহিনীর সকল ইউনিটের মধ্যে কার্যকরী সমন্বয় রাখার পাশাপাশি সকল সোর্সকে সক্রিয় রাখলে এ ধরনের ঘটনা ঘটার আশঙ্কা কমবে। না হলে সামনে আরও খারাপ পরিস্থিতি দেখা দিতে পারে।’
সূত্র জানাচ্ছে, প্রতিটি মিছিলের আগেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নানা উপায়ে নিজেদের মধ্যে পরিকল্পনা করছে। কখনও অনলাইনে, আবার কখনও বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে গোপনে একত্রিত হচ্ছে। তাদের সহায়তা করার অভিযোগ রয়েছে আওয়ামী সরকারের সময় সুবাধিভোগী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে। অর্থায়ন করছে বিদেশে পলাতক শীর্ষ নেতারা। দেশে থাকা আওয়ামী ঘরানার ব্যবসায়ীরাও টাকা বিনিয়োগ করছে। তবে প্রশ্ন উঠেছে, এত তৎপরতা ও সক্রিয়তার মধ্যেও গোয়েন্দারা কেন আগাম তথ্য পাচ্ছে না।
এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এএইচএম শাহাদাত হোসাইন বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত কোনো দলের কার্যক্রম সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারি অব্যাহত রয়েছে। কোনো ঘটনায় গোয়েন্দা ঘাটতি থাকলে তা পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে নজরদারি আরও জোরদার করা হয়েছে।’
প্রসঙ্গত, গত শুক্রবার গুলশানে মিছিলের পাশাপাশি সারা দেশের কয়েকটি এলাকায়ও মিছিল করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সর্বপ্রথম তারা সকাল ৭টায় চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার হালিশহরের আগ্রাবাদ এক্সেস রোড এলাকায় মিছিল করে। যার নেতৃত্ব দেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল চৌধুরী। মিছিলটি বড়পোল রয়েল হোটেলের পূর্ব পাশ থেকে শুরু হয়ে হাইওয়ে স্যুটার্সের সামনের সড়কে গিয়ে শেষ হয়। এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এ ঘটনার পর একই এলাকায় দুপুর পৌনে ১টার দিকে আরও একটি মিছিল বের হয়। অভিযোগ রয়েছে, সকালের মিছিলটি সম্পর্কে সেখানকার দায়িত্বরত গোয়েন্দারা জানতেন না। এমনকি থানা পুলিশও বিষয়টি জানতেন না। মিছিলকারীরা সকালের পর দুপুরে হালিশহর থানার বড়পোল নবরত্ন হোটেলে জড়ো হয়। চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক সদস্য আসিফ মাহমুদের নির্দেশে যুব সংগঠক তোফায়েল আহমেদের নেতৃত্বে তারা ২০-২৫ জন ঝটিকা মিছিল করে ফের আত্মগোপনে চলে যায়।
অন্যদিকে, রাজধানী ঢাকার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আড়াই শতাধিক নেতাকর্মী মিছিল করে। ৩ নং রোড থেকে শুরু হওয়া ওই মিছিল দেখে স্থানীয়রা হতবাক ও বিস্মিত হন। এ সময় পুলিশ মিছিলকারীদের বাধা দিলে তারা মারমুখী হয়ে ওঠে। কয়েকটি ককটেল ফাটিয়ে তারা এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শটগানের গুলি ছোড়ে। মিছিলকারীরা তখন সেখান থেকে ৫টি ককটেল ফেলে পালিয়ে যায়। পুলিশ আব্দুর রহিম ও আরাফাত ইসলাম নিহাদ নামে দুজন মিছিলকারীকে গ্রেপ্তার করেছে। একই দিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্যরা গাজীপুর মহানগরীর পুবাইল থানার টেকপাড়া এলাকায় ব্যানারসহ মিছিলের প্রস্তুতি নেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মো. বকতিয়ার রহমান হিমেল, সাদৃশ বান্দা ও তনু চৌধুরী নামে তিনজনকে গ্রেপ্তার করে। গত শুক্রবারের পৃথক এসব ঘটনায় সংশ্লিষ্ট প্রতিটি থানায় মামলা করার পর সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
পুলিশের উপ-পুলিশ কমিশনার পদ মর্যাদার অন্তত দুইজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ‘গত শুক্রবারের কোনো মিছিলের ব্যাপারেই পুলিশ সদর দপ্তরের গোপন শাখা থেকে আগাম কোনো তথ্য ছিল না। এ কারণে মাঠ পর্যায়ে পুলিশের প্রস্তুতিতেও ঘাটতি ছিল। সাধারণত এসব ক্ষেত্রে বিভিন্ন এজেন্সির রিপোর্ট পাওয়ার পর গোপনীয় শাখা সারা দেশের পুলিশকে জানিয়ে থাকে। কিন্তু শুক্রবারের ঘটনায় তেমন কোনো তৎপরতা দেখা যায়নি। এমনকি ঘটনার পরেও ওই শাখার কোনো তৎপরতা নেই। তবে ইউনিট প্রধানদের নির্দেশে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যরা কাজ শুরু করেছে।
এ বিষয়ে জানতে চাইলে গুলশান জোনের ডিসি এম তানভীর আহমেদ বলেন, ‘শুক্রবারের ঘটনার পর অভিযান চালিয়ে অন্তত ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের বেশিরভাগই দেশের বিভিন্ন এলাকার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী। তারা ৫ আগস্টের পর ঢাকায় নানা পেশার আড়ালে দলীয় কার্যক্রম চালিয়ে আসছে। এদের মধ্যে ব্যাটারিচালিত অটোরিকশা চালকের সংখ্যা বেশি। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।’ মিছিলের বিষয়ে আগাম কোনো গোয়েন্দা তথ্য ছিল কি?Ñ এ প্রশ্ন করা হলে বিষয়টি এড়িয়ে যান তিনি।