× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পদ্মায় দ্রুত বাড়ছে পানি, চর ও নিম্নাঞ্চল প্লাবিত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬ ২২:৫২ পিএম

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬ ২২:৫৩ পিএম

রাজশাহীর চর খিদিরপুর, মাঝচর, খানপুর, আষাড়িয়াদহসহ বিভিন্ন চরাঞ্চলের নিচু এলাকা প্লাবিত হয়েছে। কোথাও কোথাও বসতবাড়ির উঠানেও পানি ঢুকেছে। ছবি: ভিডিও থেকে

রাজশাহীর চর খিদিরপুর, মাঝচর, খানপুর, আষাড়িয়াদহসহ বিভিন্ন চরাঞ্চলের নিচু এলাকা প্লাবিত হয়েছে। কোথাও কোথাও বসতবাড়ির উঠানেও পানি ঢুকেছে। ছবি: ভিডিও থেকে

উজানে গঙ্গার পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় ভারতের ফারাক্কা ব্যারাজের ১০৯টি গেট খুলে দেওয়া হয়েছে। এর প্রভাবে বাংলাদেশের রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর পানি দ্রুত বাড়ছে। ইতোমধ্যে দুই জেলার বিস্তীর্ণ চর ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

এতে পানিবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার। পানি আরও বাড়লে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

১০ সেপ্টেম্বর ফারাক্কায় গঙ্গার পানি ২৩ দশমিক ৭৫ মিটার উচ্চতায় ওঠে। সেখানে স্থানীয় বিপদসীমা ২২ দশমিক ২৫ মিটার। ওই সময় ফারাক্কা ব্যারাজ দিয়ে প্রায় ১৬ লাখ কিউসেক পানি প্রবাহিত হওয়ার তথ্য প্রকাশিত হয়। ভারতীয় সূত্র জানিয়েছে, সব গেট খোলা হলেও একই উচ্চতায় না খুলে নিয়ন্ত্রিতভাবে পানি ছাড়া হচ্ছে।

রাজশাহীতে পদ্মার পানি বৃদ্ধির গতি সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি করেছে। গত শুক্রবার  সন্ধ্যা ৬টায় রাজশাহী পয়েন্টে পানির উচ্চতা রেকর্ড করা হয় ১৭ দশমিক ২৬ মিটার। এ পয়েন্টে বিপদসীমা ১৮ দশমিক ০৫ মিটার। অর্থাৎ পানি বিপদসীমার ৭৯ সেন্টিমিটার নিচে থাকলেও দ্রুত পানি বাড়ায় নদী-তীরবর্তী মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

গতকাল শনিবার রাজশাহীর চর খিদিরপুর, মাঝচর, খানপুর, আষাড়িয়াদহসহ বিভিন্ন চরাঞ্চলের নিচু এলাকা প্লাবিত হয়েছে। কোথাও কোথাও বসতবাড়ির উঠানেও পানি ঢুকেছে। অনেকে গবাদিপশু ও প্রয়োজনীয় মালপত্র নিয়ে নিরাপদ স্থানে সরে যাচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জেও উজানের ঢলে পদ্মার পানি বেড়ে সদর ও শিবগঞ্জ উপজেলার নদী-তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। স্থানীয় সূত্রে প্রায় সাড়ে তিন হাজার পরিবার পানিবন্দি হওয়ার তথ্য পাওয়া গেছে। প্লাবিত এলাকায় বসতবাড়ির পাশাপাশি আমন ধান ও সবজিক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানও ব্যাহত হচ্ছে।

পানিবন্দি মানুষের বড় সংকট হয়ে দাঁড়িয়েছে নিরাপদ খাবার পানি। পানির উৎস ডুবে যাওয়ায় দূরবর্তী স্থান থেকে পানি সংগ্রহ করতে হচ্ছে। একই সঙ্গে রান্নাবান্না, গবাদিপশুর খাদ্য ও চলাচল নিয়েও দুর্ভোগ বাড়ছে।

শিবগঞ্জ ও সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও প্রয়োজনীয় ওষুধ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, পদ্মার পানি বৃদ্ধির প্রবণতা অব্যাহত থাকলে আগামী এক-দুই দিনে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের নতুন নতুন আরও চর ও নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। তবে চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের পূর্বাভাস অনুযায়ী, উজানের পানি কমতে শুরু করলে পরিস্থিতিরও উন্নতি হতে পারে। এ অবস্থায় নদী-তীরবর্তী বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের নজরদারি জোরদার করা হয়েছে।

এদিকে, রাজবাড়ীতে পদ্মা নদীর পানি প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। জেলার চারটি গেজ স্টেশন পয়েন্টে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এর মধ্যে পদ্মার দৌলতদিয়া ও পাংশার সেনগ্রাম গেজ স্টেশন পয়েন্টে পানি সবচেয়ে বেশি বৃদ্ধি পাচ্ছে। পানি বৃদ্ধির ফলে জেলার পাঁচ উপজেলার ১৬টি ইউনিয়নের পদ্মা-সংলগ্ন নিচু এলাকা প্লাবিত হচ্ছে। এতে ফসলি জমি তলিয়ে যাওয়ার পাশাপাশি জনসাধারণের দুর্ভোগও বেড়েছে।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, দৌলতদিয়া পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ১ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বর্তমানে ৭ দশমিক ৬৯ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে। এ পয়েন্টে বিপদসীমা থেকে পানি ৫১ সেন্টিমিটার নিচে রয়েছে। 

অন্যদিকে পাংশার সেনগ্রাম পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ৮ সেন্টিমিটার পানি বেড়ে ১০ দশমিক ১৭ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে। এ পয়েন্টে বিপদসীমার ৩৫ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

দৌলতদিয়া পয়েন্টে আরও ৫১ সেন্টিমিটার এবং সেনগ্রাম পয়েন্টে ৩৫ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেলে নদীর পানি বিপদসীমা অতিক্রম করবে। নদীর পানি বৃদ্ধি পাওয়ায় পদ্মা-সংলগ্ন নিচু এলাকার মানুষের চলাচল ও দৈনন্দিন জীবনযাত্রায় দুর্ভোগ দেখা দিয়েছে। পানি আরও বাড়তে থাকলে ফসলের ক্ষতির পরিমাণ বাড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন জানান, তারা সার্বিক বিষয়ে নজর রাখছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা