× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকাসহ তিন জেলায় খণ্ডিত দুটিসহ ৬ জনের মরদেহ উদ্ধার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬ ২১:৫৬ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দেশে সাম্প্রতিক সময়ে আশঙ্কাজনক হারে বাড়ছে খুন। শনিবারও এক নারীসহ ছয়জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে দুজনের মরদেহ ছিল কয়েক খণ্ডে বিভক্ত। বেশিরভাগ হত্যাকাণ্ডের নেপথ্যে রয়েছে—ব্যক্তিগত শত্রুতা, পারিবারিক বিরোধ ও পূর্ব শত্রুতা। বর্তমানে হত্যার পর লাশ খণ্ড-বিখণ্ড করার লোহমর্ষক ঘটনাও ব্যাপক হারে বেড়েছে, যা জনমনে চরম আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি করেছে। 

ঢাকায় খালে ভেসে আসে স্কুলব্যাগে নারীর খণ্ডিত মরদেহ 

রাজধানীর আদাবর ১০ নম্বর রোডের হাক্কারপাড় খালে স্কুলব্যাগ থেকে এক নারীর খণ্ডিত লাশ উদ্ধার করে পুলিশ। শনিবার বিকাল ৫টার দিকে ব্যাগটি খালে ভেসে আসার পর স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেন। 

আদাবার থানার ওসি মো. জাহিদুল ইসলাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্কুলব্যাগটি উদ্ধার করে। পরে ব্যাগটি খুলে এক নারীর খণ্ডিত মরদেহ পাওয়া যায়। পরিচয় শনাক্তের জন্য মরদেহের আঙুলের ছাপ সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কীভাবে ওই নারীর মরদেহ খণ্ডিত করে খালে ফেলা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ব্যাগের ভেতরে নারীর মাথা, শরীর ও দুই হাত পাওয়া যায়। পরে মরদেহের খণ্ডগুলো ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। 

ফরিদপুরে তিন বস্তায় পাওয়া গেল ছয় টুকরো লাশ

জেলার মধুখালীতে ধানক্ষেতের পাশে তিনটি প্লাস্টিকের বস্তায় অজ্ঞাত এক ব্যক্তির ছয় টুকরো গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে মধুখালী উপজেলার বোয়ালিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়দের ধারণা, অন্যকোন স্থানে হত্যা করে প্লাস্টিকের তিনটি বস্তায় লাশের টুকরাগুলো এ স্থানে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাসুদুজ্জামান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্ত না হলে ধর্মীয় রীতি অনুযায়ী দাফনের জন্য আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার রহস্য উদঘাটন ও নিহতের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে বলেও তিনি জানান।

খুলনায় প্রকাশ্যে গুলি করে জুট প্রেস শ্রমিককে হত্যা 

মহানগরীর দৌলতপুরে প্রকাশ্যে গুলি করে জলিল মুন্সি (৩৫) নামে এক জুট প্রেস শ্রমিককে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে কুলিবাগান মোড়ে যশোর-খুলনা মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে। নিহত জলিল মুন্সি কুলিবাগান এলাকার দিলু মুন্সির ছেলে। তিনি ইস্পাহানী জুট প্রেসের শ্রমিক ছিলেন। দৌলতপুর থানার পুলিশ পরিদর্শক মো. জাহিদুল ইসলাম বলেন, মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত জলিলকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। পুলিশের টহল দল তাদের ধাওয়া করলেও আটক করা সম্ভব হয়নি। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

তিনি আরও বলেন, নিহত জলিল মাদকাসক্ত ছিলেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। সম্প্রতি তার কাছে চাঁদা চাওয়া হয়েছিল বলেও তথ্য মিলেছে। মাদক সংক্রান্ত লেনদেনকে কেন্দ্র করে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

লালবাগে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার 

রাজধানীর লালবাগের শহীদনগর বউবাজার ৩ নম্বর গলির একটি বাসা থেকে গতকাল দুপুরে মুহাম্মদ আনোয়ার হোসেন (৪৫) নামে এক আইনজীবীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহতের বড় ভাই দেলোয়ার হোসেন জানান, মা মারা যাওয়ার পর থেকে আনোয়ার পরিবারের কাছ থেকে আলাদা থাকতেন। পরিবারের কারও সঙ্গেও খুব একটা যোগাযোগ রাখতেন না। তিনি অবিবাহিত ও নেশায় আসক্ত ছিলেন। নিহতের সহকর্মী অ্যাডভোকেট মামুনুর রশিদ জানান, প্রেমঘটিত বিষয় ও পারিবারিক নানা জটিলতার কারণে আনোয়ার দীর্ঘদিন ধরে হতাশায় ভুগছিলেন। এসব কারণে তিনি মাদকাসক্ত হয়ে পড়েন। 

লালবাগ থানার ওসি মোহাম্মদ জামিল হোসেন জানান, আনোয়ার হোসেন জজ কোর্টের আইনজীবী ছিলেন এবং বাসাটিতে একাই থাকতেন। প্রাথমিকভাবে তার স্বাভাবিক মৃত্যুর সম্ভাবনা রয়েছে বলে ধারণা করছে পুলিশ। মরদেহটি আনুমানিক দুই থেকে তিন দিন আগের হতে পারে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। 

শাহবাগে অজ্ঞাত দুই ব্যক্তির মরদেহ উদ্ধার 

রাজধানীর শাহবাগ এলাকা থেকে শনিবার অজ্ঞাত দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে পাঠানো হয়েছে। 

শাহবাগ থানার এসআই তৌফিক হাসান জানান, খবর পেয়ে জাতীয় ঈদগাহ প্রধান ফটকের উত্তর পাশের ফুটপাত থেকে একজনের এবং সুপ্রিম কোর্ট সংলগ্ন পানির পাম্পের পাশ থেকে অপরজনের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক ধারণা অনুযায়ী মৃত ব্যক্তিরা ভবঘুরে প্রকৃতির ছিলেন এবং অসুস্থতাজনিত কারণে তাদের মৃত্যু হতে পারে। তাদের পরিচয় শনাক্তে সিআইডির ফরেনসিক টিমকে খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। 

প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন ঢাকা, ফরিদপুর, মধুখালী প্রতিবেদক ও খুলনা অফিস

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা