প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬ ২১:২০ পিএম
প্রতীকী ছবি/এআই
নেপালের রাজধানী কাঠমান্ডুর থামেল এলাকায় অবৈধভাবে বসবাস ও সন্দেহজনক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১০ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার তেকুর কাঠমান্ডু ভ্যালি ক্রাইম ইনভেস্টিগেশন অফিসের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
বিদেশি নাগরিকরা বৈধ অনুমতি ছাড়া ওই এলাকায় বসবাস করছেন—এমন তথ্যের ভিত্তিতে থামেলের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এর মধ্যে ছিল হোটেল ঢাকা এক্সপ্রেস, হোটেল ডি ভেদা ও হোটেল আল রহমান।
আটক ব্যক্তিরা হলেন—ফাহিমা আক্তার হাসান (৪৬), মাহমুদ (৪৮), মাহবুব হাসান (৪৫), রিপন মাহমুদ (৪৯), মো. কেরামত আলী খান (৩০), শহিদুর রহমান (৩০), মো. খলিলুর রহমান (৫০), আরিফুর রহমান (২৮), মো. মারুফ মৃধা (৪২) এবং মোহাম্মদ হানিফ মিয়া (৬৪)। তারা কাঠমান্ডু মেট্রোপলিটন সিটির ২৬ নম্বর ওয়ার্ডের থামেল এলাকায় বসবাস করছিলেন।
কাঠমান্ডু ভ্যালি ক্রাইম ইনভেস্টিগেশন অফিস জানিয়েছে, গ্রেপ্তার ১০ জনকে আরও তদন্ত ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য কালিকাস্থানে অবস্থিত ইমিগ্রেশন বিভাগে হস্তান্তর করা হয়েছে। অভিযানের সময় এই দলের সঙ্গে সম্পৃক্ত ‘খাতুনে জান্নাত’ নামের এক নারী পালিয়ে যান। তাকে গ্রেপ্তারে পুলিশি অনুসন্ধান অব্যাহত রয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, আটক ব্যক্তিরা থামেলের ‘মুসলিমা টোল’ এলাকায় অবস্থান নিয়ে বিভিন্ন সময় স্থানীয়দের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়তেন। পাশাপাশি তারা যে ভিসায় নেপালে প্রবেশ করেছিলেন, তার শর্ত লঙ্ঘন করে অর্থ উপার্জনমূলক এবং অন্যান্য অননুমোদিত কর্মকাণ্ড পরিচালনা করছিলেন বলে প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।
কাঠমান্ডুকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে বাংলাদেশিদের তৃতীয় কোনো দেশে পাঠানোর নামে প্রতারণার ঘটনা ঘটছে হরহামেশা। এর আগেও নেপাল পুলিশ একাধিক চক্রকে গ্রেপ্তার করেছে, যারা ইউরোপ বা উন্নত দেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে বাংলাদেশি তরুণদের কাঠমান্ডুতে এনে জিম্মি করত এবং মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিত। পুলিশের তদন্তকারীরা খতিয়ে দেখছেন, গ্রেপ্তার হওয়া এই ১০ জনও একই ধরনের কোনো মানব পাচার, চাকরির ভুয়া প্রলোভন বা অবৈধ অর্থ লেনদেনকারী সিন্ডিকেটের সঙ্গে জড়িত কি না।