কিশোরগঞ্জের হোসেনপুরের আসাদুজ্জামান খান অডিটরিয়ামে শনিবার বিকালে এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট প্রতিরোধে সাংবাদিকদের আরও সচেতন, দক্ষ ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
তিনি বলেছেন, সরকারের ভুল-ত্রুটি হলে সাংবাদিকরা অবশ্যই তা তুলে ধরবেন। তবে কোনোভাবেই অপপ্রচার বা অপতথ্যের মাধ্যমে নয়। তথ্য যাচাই, ফ্যাক্টচেকিং ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে।
কিশোরগঞ্জের হোসেনপুরের আসাদুজ্জামান খান অডিটরিয়ামে শনিবার বিকালে সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া সাংবাদিকতা, ফ্যাক্টচেকিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, এই প্রশিক্ষণের উদ্দেশ্য শুধু সাংবাদিকদের হাতে সনদ তুলে দেওয়া নয়; ফ্যাক্টচেকিং, ডিসইনফরমেশন ও মিসইনফরমেশন সম্পর্কে তাদের দক্ষ করে তোলাই এর মূল লক্ষ্য। দেশে বিভিন্ন ধরনের অপতথ্য ছড়িয়ে পড়ছে। তা প্রতিরোধে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের এমন কোনো জনপ্রিয় বা পরিচিত ব্যক্তি নেই, যার নামে অপপ্রচার চালানো হয়নি- এমন দাবি করে প্রতিমন্ত্রী বলেন, এমনকি মা-বোনদেরও মিসইনফরমেশন ও ইনপার্সোনেশনের মাধ্যমে হেয়প্রতিপন্ন করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড মানবাধিকার লঙ্ঘনের শামিল।
ইয়াসের খান চৌধুরী বলেন, অপপ্রচার শুধু সাংবাদিকদের মাধ্যমে হচ্ছে না। অনেকে সাংবাদিক না হয়েও নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে গুজব ও মিথ্যা তথ্য ছড়াচ্ছেন।
আবার কেউ কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মানুষের ছবি বিকৃত করে ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। এতে প্রকৃত সাংবাদিকদের ভাবমূর্তিও ক্ষুণ্ন হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি জানান, প্রকৃত সাংবাদিকদের জন্য দুই বছর মেয়াদি মাস্টার্স কোর্স, এআইভিত্তিক জার্নালিজমসহ বিভিন্ন প্রশিক্ষণের সুযোগ তৈরি করা হচ্ছে। প্রেস ক্লাবগুলোর মাধ্যমে প্রকৃত সাংবাদিকদের তালিকা সংগ্রহ করে পর্যায়ক্রমে তাদের প্রশিক্ষণের আওতায় আনা হবে।
সাংবাদিকদের কল্যাণে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে বিভিন্ন ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
তিনি বলেন, সাংবাদিকদের জন্য আরও সহযোগিতা বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করা হয়েছে এবং এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ে প্রক্রিয়াও শুরু হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, প্রথম ধাপে ময়মনসিংহ বিভাগ, বগুড়া, ফেনী ও ঢাকার আশপাশের বিভিন্ন জেলায় সাংবাদিকদের এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব এলাকায় এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
দেশের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, সরকার মিথ্যা বা অসত্য আশ্বাস দিতে চায় না। আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশকে সিঙ্গাপুর বানিয়ে দেওয়ার মতো কোনো অবাস্তব প্রতিশ্রুতিও দেওয়া হবে না। তবে বাংলাদেশকে আরও সুন্দর ও উন্নত জায়গায় নিয়ে যেতে সরকার কাজ করছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ সবার। রাজনীতিবিদ, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকসহ প্রত্যেক নাগরিকেরই দেশের প্রতি দায়িত্ব রয়েছে। সাংবাদিকদের জনগণের কথা তুলে ধরার পাশাপাশি সরকারের ভুল-ত্রুটিও তথ্যনির্ভর, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীলভাবে তুলে ধরতে হবে।
গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণমাধ্যমে যে স্বাধীনতা বিরাজমান, তা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার, হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন, হোসেনপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।