× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কারিগরি ত্রুটির নেপথ্যে নাশকতা-ষড়যন্ত্র কি না, প্রশ্ন রিজভীর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬ ১৬:১৩ পিএম

জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ১২ দলীয় জোটের উদ্যোগে শনিবার আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি: ভিডিও থেকে

জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ১২ দলীয় জোটের উদ্যোগে শনিবার আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি: ভিডিও থেকে

দেশে একের পর এক সংকট ও কারিগরি ত্রুটির ঘটনা নিছক দুর্ঘটনা, নাশকতা বা কোনো ষড়যন্ত্রের অংশ কি না, তা নিয়ে ভাবতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

একই সঙ্গে সরকারের জনকল্যাণমূলক কর্মসূচি বাধাগ্রস্ত করতে কোনো চক্রান্ত হচ্ছে কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।

জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ১২ দলীয় জোটের উদ্যোগে শনিবার আয়োজিত ‘দেশের চলমান সংকট ও দেশপ্রেমিক শক্তির করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বাস্তবতার সঙ্গে সম্পর্ক রয়েছে- এমন বিষয় নিয়েই বিরোধী দলের কথা বলা উচিত উল্লেখ করে রিজভী বলেন, সংসদ কিংবা সংসদের বাইরে সরকারের সমালোচনা ও কর্মসূচি দেওয়ার অধিকার বিরোধী দলের রয়েছে।

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে গ্যাস ও বিদ্যুৎ উৎপাদনের প্রয়োজনীয় জ্বালানি আমদানি বাধাগ্রস্ত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, মাত্র ছয় মাসের সরকার গ্যাস ও বিদ্যুৎ সংকটের জন্য দায়ী নয়।

রিজভী বলেন, “একর পর এক কারিগরি ত্রুটি হচ্ছে, কোথাও একটা ইউনিট বন্ধ হয়ে যাচ্ছে- এটা কেন হচ্ছে? মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে। এটা কি কোনো ঘটনা, কোনো রহস্য, নাশকতা বা ষড়যন্ত্র কি না- সেটিও ভাবতে হবে।”

তিনি বলেন, সরকার বিদ্যুৎকেন্দ্রগুলোর পাওনা পরিশোধ করছে। ভারতের সঙ্গে বিদ্যুৎ-সংক্রান্ত চুক্তির আওতায় তাদের পাওনাও দেওয়া হচ্ছে। এরপরও কেন একের পর এক সমস্যা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তৈরি হওয়া স্বাভাবিক।

সামাজিক সুরক্ষা কর্মসূচির প্রসঙ্গে তিনি বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও প্রবাসী কার্ডের মাধ্যমে প্রান্তিক, অসহায় ও দরিদ্র মানুষকে সুবিধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এসব উদ্যোগ সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ বলেও উল্লেখ করেন তিনি।

জিয়াউর রহমানের সময়ের কর্মসূচির প্রসঙ্গ তুলে রিজভী বলেন, স্বাধীনতার পর তীব্র খাদ্যসংকট মোকাবিলায় তিনি গণমুখী কর্মসূচি গ্রহণ করেছিলেন। খাল খননের মাধ্যমে কৃষি ও পানির ব্যবস্থাপনায় গুরুত্ব দেওয়া হয়েছিল।

ফারাক্কার প্রভাবে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে পরিবেশগত সংকট তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন রিজভী। মাটির উর্বরতা কমেছে, ভূগর্ভস্থ পানিতে আর্সেনিকের ঝুঁকি বেড়েছে এবং মাছ, গাছ, পানি ও জলবায়ুর ওপর বিরূপ প্রভাব পড়েছে। নির্বাচনের আগে বিএনপির নেতৃত্বাধীন জোট পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের প্রতিশ্রুতি দিয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।

সরকারের জনকল্যাণমূলক কর্মসূচিকে আড়াল বা মানুষকে বিভ্রান্ত করতে অন্য কোনো কৌশল নেওয়া হচ্ছে কি না, তা নিয়েও ভাবতে হবে বলে মন্তব্য করেন রিজভী।

কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতার প্রসঙ্গে তিনি বলেন, দলটি হঠাৎ করে উঁকি দেওয়ার চেষ্টা করছে। এত মানুষ কীভাবে জড়ো হলো, গোয়েন্দা সংস্থা ও পুলিশ প্রশাসন তা জানে কি না- এ প্রশ্নও তোলেন তিনি।

আওয়ামী লীগের শাসনামলে যে ‘রক্তপিপাসু আচরণ’ হয়েছে, তার বিচার হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

২০২৪ সালের আন্দোলনে নিহত ও আহত ব্যক্তিদের স্মরণ করে রিজভী বলেন, তাদের রক্তের ওপর দিয়ে কোনোভাবেই আবার সহিংস রাজনীতি প্রতিষ্ঠা করতে দেওয়া যাবে না।

ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঠেকাতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান তিনি।

ভিন্নমত ও সমালোচনার অধিকার প্রসঙ্গে তিনি বলেন, গণতান্ত্রিক কাঠামোর মধ্যে সবার মত প্রকাশের সুযোগ থাকতে হবে। সমালোচনা হতে পারে, তবে সেটি গঠনমূলক হওয়া উচিত।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা