ধ্রুব এষ
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬ ১৫:১০ পিএম
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬ ১৫:১৬ পিএম
আমীরুল ইসলাম। ছবি: সংগৃহীত
আমীরুল ইসলাম লাইফ সাপোর্টে আছেন। শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম। নেটিজেনরা ৭ সেপ্টেম্বর সাতসকালেই এই পরিস্থিতি জেনে গিয়েছিলেন। আমি খবর পাই দুপুর ১২টায়। ফোন খুলে দেখি ঢালী ভাই (হুমায়ূন কবীর ঢালী) আমেরিকা থেকে মেসেজ দিয়ে রেখেছে : ‘আমীরুল ভাইয়ের অবস্থা সংকটাপন্ন।’ কতটা সংকটাপন্ন? দীর্ঘদিন ধরে কিডনি জটিলতা, সপ্তাহে দুবার ডায়ালাইসিস নিতে হয় আমীরুল ভাইকে। এবার ডায়ালাইসিস দিতে সক্ষম হচ্ছেন না ডাক্তাররা। শরীর দিচ্ছে না আমীরুল ভাইয়ের। ৮ তারিখ ইমরান পরশকে ফোন দিয়ে শুনলাম, অবস্থার কিছু উন্নতি হয়েছে। ডায়ালাইসিস হচ্ছে এবং মিরাকল ঘটতে পারে।
৯ তারিখ। সকালে কথা হলো ইমরানের সঙ্গে।
‘ভালো কোনো খবর দিতে পারছি না, দাদা। কিডনি কাজ করছে না আর। পারিবারিক সিদ্ধান্ত এখন।’
কিছু পর রাজিন (আমীরুল ইসলামের ভ্রাতুষ্পুত্র) কল দিল, ‘হ্যালো, তুমি কোথায়?’
‘বাসায় রে বাবা।’
‘কাকার অবস্থা তো জানো?’
‘জানি।’
কী জানি?
রাজিন বলল, ‘আর কিছু করার নাই।’
বিকালে নাফে (নাফে নজরুল) ফোন দিল, ‘দাদা, আজ রাতে সম্ভবত আমীরুল ভাইয়ের লাইফ সাপোর্ট খুলে নেওয়া হবে। আপনি কি তখন থাকবেন?’
‘না, নাফে।’
১০ তারিখ দিন গেল। রাত হলো। ঘুম ধরে না। রাত ১টা ৫১ মিনিটে নাফে মেসেজ দিল : ‘আজ ১১-০৯-২০২৬ শুক্রবার রাত ১.০৭ মিনিটে শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম না-ফেরার দেশে চলে গেলেন।’
মিরাকল তবে ঘটল না!
আজ ১১ তারিখ, ১১ সেপ্টেম্বর সব শেষ হয়ে গেল। সব সংগীত গেছে ইঙ্গিতে থামিয়া। কোন সে সংগীত? জীবনাবসান হয়েছে আমীরুল ইসলামের।
৭ তারিখ রাতে হাসনাত (হাসনাত মোবারক) ফোন করে একটা লেখা লিখতে বলেছিল, ‘আমীরুল ভাইকে নিয়ে কিছু লিখবেন, দাদা? কখন কী হয়ে যায়!’
বলেছিলাম লিখব। কাল একবার চেষ্টা করেছিলাম। হয় নাই। সেই লেখা কি এখন লেখা সম্ভব? আমীরুল ইসলাম শিশুসাহিত্যিক। শিশুসাহিত্য করেছেন আজীবন। ছড়া, কবিতা, গল্প, উপন্যাস, রূপকথা, বিজ্ঞান, নাটক, খেলাধুলাÑ হেন বিষয় নাই, শিশুদের জন্য লিখেন নাই। বইয়ের সংখ্যা তিন শতাধিক হবে। বড়দের বই একটা লিখেছিলেনÑ‘নসরউল্লাহর পুরানা প্যাচাল।’ ওই একটাই। দুই হাতে শিশুসাহিত্য করেছেন, দুই হাত ভরে পেয়েছেনÑ পাঠকের ভালোবাসা, নানান স্বীকৃতি।
১৯৬৪ সালে পুরান ঢাকার লালবাগে জন্মগ্রহণ করেন আমীরুল ইসলাম। ছয় ভাইয়ের মধ্যে দ্বিতীয়। আজিমপুরের ওয়েস্ট অ্যান্ড হাই স্কুলে পড়েছেন। পরে ঢাকা কলেজ। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্যের ছাত্র। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ডাকসু নির্বাচন করেছিলেন।
আমীরুল ইসলামের পিতা সাইফুর রহমান। মাতা আনজিরা খাতুন। পিতৃব্য বিশিষ্ট শিশুসাহিত্যিক দৈনিক সংবাদের অতি বিখ্যাত খেলাঘর পাতার ‘ভাইয়া’Ñহাবীবুর রহমানÑ‘বনমোরগের বাসা’, ‘বনে বাদাড়ে’, ‘ল্যাজ দিয়ে যায় চেনা’ বইয়ের লেখক।
চাচার কথা আমীরুল ভাই খুব বলত, ‘বনমোরগের বাসা’র মতো একটা বই যদি লিখতে পারতাম, ধ্রুব!’
বিচিত্র একটা জীবন। রঙিন অনেক। রোগশোক পাত্তা দিতে দেখি নাই কোনোদিন। প্রাণময়, তুমুল আড্ডাবাজ। কৌতুকপ্রবণ, সর্বজ্ঞানী। আবার এই সাধু এই চণ্ডাল। জীবনানন্দ দাশের সেই ভুয়োদর্শী যুবা যেনবাÑ সুবিনয় মুস্তফীÑএকসাথে বেরাল ও বেরালের মুখে ধরা ইঁদুর হাসাতে পারঙ্গম যে।
আমীরুল ভাইয়ের কবর হবে কোথায়?
মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে, মা আনজিরা খাতুনের কবরে।
শিশুসাহিত্যের জন্য বাংলা একাডেমি পুরস্কার, অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার এবং আরও নানা পুরস্কার পেয়েছিলেন আমীরুল ইসলাম। তার রচিত কিছু পাঠকপ্রিয় বই হলোÑ ‘রুমঝুমপুর’, ‘অমি ওয়ান অমি টু’, ‘রাজিনের উড়ন্ত সাইকেল’, ‘হাদিসের কথা’, ‘আমি মুক্তিযোদ্ধা হতে চাই’, ‘ছড়া নাচে টুং টাং’, ‘খামখেয়ালি’, ‘তুমি আমাদের পিতা’, ‘আকাশভরা রূপকথা’, ‘আমাদের গোয়েন্দাগিরি’ ইত্যাদি।
১৯৮৬ খ্রিস্টাব্দ থেকে আমাদের সখ্য। দিন কেমন ঘাসফড়িংয়ের মতো লাফ দিয়ে চলে যায়। আমীরুল ভাইয়ের সঙ্গে ভাগাভাগির, আনন্দ বেদনার ৪০ বছর পূর্ণ হলো বুঝি এবার। পূর্ণ হলো, কী ভীষণ শূন্যও হলো!