জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে শুক্রবার সংবাদ সম্মেলনে কথা বলেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। ছবি: ভিডিও থেকে
আগামী সপ্তাহে ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ না নেওয়ার কারণ জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে শুক্রবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
ব্রিকস সম্মেলন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “দাওয়াত যেখান থেকে পেয়েছি, তারা বলেছে ব্রিক্সের সভাপতি হিসেবে দাওয়াত করেছে, আমাদের প্রধানমন্ত্রী হিসেবে দাওয়াত করে নাই। আমরা প্রত্যাশা করেছিলাম তারা সেই সম্মানটুকু দেখাবেন”।
ভারতের সঙ্গে বিগত সরকারের করা ১০১টি চুক্তি-সমঝোতা স্মারক (এমওইউ) সরকার পর্যালোচনা করছে বলে জানিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে চিফ হুইপ বলেন, “আমরা চুক্তিগুলো, মানে সব- ১০১টা এমওইউ নিয়ে আমরা আলোচনা করছি এবং সেটা অনতিবিলম্বে ফল আপনারা পাবেন”।
সরকার দেশের সার্বিক পরিস্থিতি ঠিক রাখার চেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন, “এই চেষ্টা যাতে করতে না পারি, সে জন্য কিছু মানুষ পরিশ্রম করে। তারা আমাদের বন্ধু না, তারা আমাদের শত্রু। সেই বন্ধুরা কাঁটাতারের বেড়া দিয়েছে, যাতে আমি ওপারে না যেতে পারি। তারা মুখে বলে বন্ধু, সেই বন্ধুরা আমাদের ফেলানীর লাশ কাঁটাতারে ঝুলিয়ে রাখে”।
আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, “আদানি কয়লা আনবে অস্ট্রেলিয়া থেকে। জাহাজ আদানির, কয়লার ফিল্ড আদানির, যে ঘাটে নামবে সেটা আদানির, যে প্ল্যান্টে যাবে সেটা আদানির। যে বিদ্যুতের দাম ২ টাকা, সে বিদ্যুৎ আমরা ২০ টাকায় কিনেছি। ১৭ শতাংশ বিদ্যুতের ক্ষেত্রে আমরা বিদেশের ওপর নির্ভরশীল। ইনডেমনিটি ছিল, বিদ্যুতের ব্যাপারে সরকারকে প্রশ্ন করা যাবে না। শেখ হাসিনা এটা করে গিয়েছিলেন। অন্তর্বর্তী সরকার বাতিল করেছে”।