প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬ ২২:৩৬ পিএম
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ফাইল ছবি
ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে সরকার আন্তরিক। তবে এ সম্পর্ক অবশ্যই সমমর্যাদার ভিত্তিতে হতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
তিনি বলেন, সীমান্ত, বাণিজ্য ও যোগাযোগের সংযোগপথ, আঞ্চলিক নিরাপত্তা ও ঝুঁকিসহ অস্থিরতা সৃষ্টি করতে পারে—এমন বিভিন্ন বিষয় বাংলাদেশ নিয়মিত কূটনৈতিক মাধ্যমে ভারতের সঙ্গে আলোচনা করে।
বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে লিখিত প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মুহাম্মাদ আব্দুল খালেকের এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এসব তথ্য জানান।
পররাষ্ট্রমন্ত্রী জানান, সীমান্ত-সংক্রান্ত বিষয় নিয়ে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ে বছরে দুইবার বৈঠক হয়। সর্বশেষ গত জুনে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সীমান্ত হত্যা, অবৈধ পুশইনসহ নিরাপত্তাঝুঁকির ঘটনায় বিভিন্ন বৈঠকে আলোচনা করার পাশাপাশি প্রয়োজন হলে কূটনৈতিক পত্রের মাধ্যমে ভারত সরকারের কাছে জোরালো প্রতিবাদ জানানো হয়।
তিনি জানান, স্থানীয় পর্যায়েও বিজিবি ও বিএসএফের মধ্যে নিয়মিত বৈঠক হয় এবং প্রয়োজন অনুযায়ী প্রতিবাদলিপি দেওয়া হয়। মাদক চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর মহাপরিচালক পর্যায়েও বৈঠক হয়ে থাকে। পরবর্তী বৈঠক বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী জানান, সীমান্তবর্তী বাংলাদেশি জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং বৈধ পথে ব্যবসা-বাণিজ্য বাড়ানোর বিষয়ে সরকার কাজ করছে। সার্ক, বিমসটেক ও বিবিআইএনের মতো আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কাঠামোর মাধ্যমে বাণিজ্যিক বাধা কমানো, পণ্য ও সেবা সরবরাহ সহজ করা এবং ভারতে বাংলাদেশের রপ্তানি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে মানসম্মতকরণ, কাস্টমস সহযোগিতা এবং পারস্পরিক স্বীকৃতি চুক্তির মাধ্যমে সীমান্ত বাণিজ্য সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।