বিশেষ প্রতিবেদক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬ ২২:০০ পিএম
সংসদে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি : ভিডিও থেকে নেওয়া
বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দৃশ্যমান অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, দেশের নিরাপত্তা ব্যবস্থার ধারাবাহিক উন্নয়নে স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি কৌশলগত পরিকল্পনা নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সংসদ অধিবেশনে লিখিত প্রশ্নোত্তর পর্বে তিনি এসব তথ্য জানান। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশন অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুলের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। খুন, ছিনতাই, অপহরণসহ অন্যান্য অপরাধ কঠোরভাবে দমনে পুলিশ বাহিনীর কার্যক্রম জোরদার করা হয়েছে।
তিনি বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী ভঙ্গুর পরিস্থিতি কাটিয়ে পুলিশ সদস্যদের পেশাগত মনোবল ফিরিয়ে এনে পূর্ণ শক্তিতে মাঠে নামানো হচ্ছে। কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি সাধারণ মানুষের প্রত্যক্ষ সহযোগিতায় নিরাপত্তা ব্যবস্থায় আরও ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিডিআর সদস্যদের পুনর্বহালের সুযোগ নেই
নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদার প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিডিআর বিদ্রোহ-সংক্রান্ত মামলাগুলো আদালতের নির্দিষ্ট বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি হয়েছে। সাজা ভোগের পর কোনো ব্যক্তির বিরুদ্ধে অন্য মামলা থাকলে তা যথাযথ তদন্ত ও আইনি প্রক্রিয়ায় পরিচালিত হয়।
তিনি বলেন, শুধু পরিচয়, পূর্ববর্তী সাজা বা রাজনৈতিক বিবেচনায় কেউ যাতে অযথা হয়রানির শিকার না হন, সেজন্য পুলিশকে স্পষ্ট ও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহালের বিষয়ে গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওয়ারেছের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কোনো নিরপরাধ বিডিআর সদস্যকে চাকরিচ্যুত করা হয়নি। তাই চাকরিচ্যুত সদস্যদের পুনর্বহালের সুযোগ নেই।
তিনি বলেন, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করেই এসব শাস্তি দেওয়া হয়েছে। এ ছাড়া চাকরিচ্যুত সদস্যদের মধ্যে ৮৫০ জনের বিরুদ্ধে হত্যা মামলা এবং ৮৩৪ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রয়েছে। হত্যা মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগে কার্যক্রম চলমান এবং বিস্ফোরক মামলাটির বিচার নিম্ন আদালতে চলমান থাকায় সংশ্লিষ্টদের পুনর্বহালের সুযোগ নেই।
কোস্ট গার্ড ও ঢাকা মহানগরে নজরদারি
কিশোরগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবালের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশ কোস্ট গার্ডকে আধুনিকায়ন ও সক্ষমতা বাড়াতে স্থানীয় ডকইয়ার্ডে উন্নত প্রযুক্তির পাঁচটি ইনশোর প্যাট্রোল ভেসেল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি কোস্ট গার্ড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার প্রতিষ্ঠা এবং কোস্টাল সার্ভেইল্যান্স সিস্টেম চালুর কার্যক্রমও চলছে।
ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেনের প্রশ্নের জবাবে তিনি জানান, পুরো ঢাকা মহানগরকে সিসিটিভি নজরদারির আওতায় আনতে ‘ডেভেলপমেন্ট অব স্মার্ট পুলিশিং ইন ডিএমপি’ প্রকল্পের ডিপিপি পুনর্গঠন করা হচ্ছে। যাচাই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ কাজ চলছে। একনেকে অনুমোদন পাওয়া গেলে পুরো ঢাকা মহানগরকে সিসিটিভি নজরদারির আওতায় আনা হবে।
মাদকবিরোধী অভিযানে বিপুল জব্দ
সংরক্ষিত আসনের সংসদ সদস্য সুলতানা জেসমিনের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, চলতি বছর বিজিবির অভিযানে এক কোটি ৫৫ লাখ ইয়াবা, ২৯ কেজি ক্রিস্টাল মেথামফেটামিন (আইস), ৯ দশমিক ৫ কেজি হেরোইন, এ কেজি আফিম, ১৪ বোতল এলএসডি, ২৬ হাজার ৪৭৪ বোতল ফেনসিডিল, ১১ হাজার ৭০৭ কেজি গাঁজা এবং ৫৭ হাজার ৪৬৯ বোতল বিদেশি মদ ও বিয়ার জব্দ করা হয়েছে। এসব অভিযানে গ্রেপ্তার করা হয়েছে এক হাজার ২১৯ জনকে।