প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬ ২০:২৫ পিএম
বঙ্গভবনে বৃহস্পতিবার দুদক চেয়ারম্যান বিচারপতি এ. কে. এম. আসাদুজ্জামানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি: পিআইডি
দুর্নীতিবাজ যত প্রভাবশালীই হোক না কেন, কোনো ধরনের প্রভাব-প্রতিপত্তি বিবেচনায় না নিয়ে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দুর্নীতি দমন ও নিয়ন্ত্রণের ওপর দেশের অগ্রগতি ও উজ্জ্বল ভবিষ্যৎ অনেকাংশে নির্ভর করছে উল্লেখ করে তিনি দুর্নীতি দমন কমিশনকে (দুদক) সততা ও সাহসের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
বঙ্গভবনে বৃহস্পতিবার দুদক চেয়ারম্যান বিচারপতি এ. কে. এম. আসাদুজ্জামানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম ব্রিফিংয়ে এ তথ্য জানান।
সাক্ষাৎকালে দুদক চেয়ারম্যান কমিশনের সার্বিক কার্যক্রম, চলমান বিভিন্ন উদ্যোগ এবং দায়িত্ব পালনে বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। একই সঙ্গে দুর্নীতি দমনে কমিশনের কার্যক্রম আরও কার্যকর করতে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, দীর্ঘদিনের অপশাসন, অনিয়ম ও জবাবদিহিতার অভাবে দুর্নীতি বর্তমানে বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে দুদককে দৃঢ়তা, সততা ও সাহসের সঙ্গে কাজ করে যেতে হবে।
দীর্ঘদিন ধরে বিচারাধীন বিপুলসংখ্যক মামলা দ্রুত আইনগতভাবে নিষ্পত্তি এবং মামলার দীর্ঘসূত্রতা কমাতে দুদককে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি। গুরুতর দুর্নীতির অভিযোগের ক্ষেত্রে দ্রুত অনুসন্ধান করে কঠোর ব্যবস্থা নেওয়ার ওপরও তিনি বিশেষ গুরুত্ব দেন।
দুর্নীতিবিরোধী মূল্যবোধ গড়ে তুলতে জনসচেতনতা ও প্রচারণামূলক কার্যক্রম আরও জোরদারের তাগিদ দেন রাষ্ট্রপতি। পাশাপাশি দুদককে তার সাংবিধানিক ও আইনগত দায়িত্ব কার্যকরভাবে পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
সাক্ষাৎকালে দুদক কমিশনার (তদন্ত) ড. জাহাঙ্গীর আলম খান, কমিশনার (অনুসন্ধান) ড. মো. সাজ্জাদ হোসেন ভূইয়া ও সচিব মো. সাইদুর রহমান খান উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবরাও এ সময় উপস্থিত ছিলেন।