× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংসদে রুমিন ফারহানার বক্তব্যে দুটি বিভ্রান্তিকর তথ্য: বাংলাফ্যাক্ট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৫৪ পিএম

বাংলাফ্যাক্ট

বাংলাফ্যাক্ট

সংসদে বক্তব্য দেওয়ার সময় বিএনপিকে ইঙ্গিত করে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার দেওয়া বক্তব্যে দুটি প্রধান ‘বিভ্রান্তিকর’ তথ্য চিহ্নিত করেছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ‘বাংলাফ্যাক্ট’। প্রতিষ্ঠানটির বিশ্লেষণ অনুযায়ী, দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার প্রেক্ষাপট এবং ব্যাংক খাতের খেলাপি ঋণের বিষয়ে তার বক্তব্যে তথ্যের অসঙ্গতি রয়েছে।

সংসদে বুধবার বক্তব্য দিতে গিয়ে রুমিন ফারহানা বলেন, “প্রত্যেকটা সরকারের একটা চরিত্র থাকে। বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতে পারে না। বিএনপি ক্ষমতায় আসবে আর সারের সংকট হবে না, গরিব কৃষক সার লুট করবেন না, সেটাও হতে পারে না। বিএনপি ক্ষমতায় আসবে আর দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে না, সেটাও হওয়া সম্ভব না। বিএনপি ক্ষমতায় আসবে বাংলাদেশ প্রথমবারের মতো ঋণ খেলাপিতে সর্বোচ্চ স্থান অর্জন করবে না, সেটাও হতে পারে না। সুতরাং বিএনপি ক্ষমতায় আসা মানে ঋণ খেলাপিতে সর্বোচ্চ হওয়া।”

রুমিন ফারহানার এই বক্তব্যে দুটি ‘বিভ্রান্তিকর’ তথ্য চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট। সংস্থাটির দাবি হলো: 

১. ২০০১ সালে ‘দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন’ খেতাবের আসল প্রেক্ষাপট

বার্লিনভিত্তিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই)-এর ‘করাপশন পারসেপশন ইনডেক্স’ (সিপিআই) বা দুর্নীতি ধারণা সূচক অনুযায়ী, ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত টানা পাঁচ বছর বাংলাদেশ তালিকার সর্বনিম্নে (সর্বাধিক দুর্নীতিগ্রস্ত দেশ) অবস্থান করেছিল। রাজনৈতিকভাবে এটিকে প্রায়শই ২০০১-২০০৬ সালের বিএনপি-জামায়াত জোট সরকারের দায় হিসেবে প্রচার করা হয়।

তবে টিআই-এর সূচক তৈরির পদ্ধতি বিশ্লেষণ করে বাংলাফ্যাক্ট জানিয়েছে, ২০০১ সালে বাংলাদেশ যখন প্রথমবার তালিকার তলানিতে স্থান পায়, তখন সেই সূচকটি তৈরি করা হয়েছিল পূর্ববর্তী ৩ বছরের (১৯৯৮-২০০০) দুর্নীতির তথ্য-উপাত্তের ভিত্তিতে। ওই সময়জুড়ে রাষ্ট্রক্ষমতায় ছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। ফলে ২০০১ সালে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পেছনে মূল দায়ে ছিল তৎকালীন আওয়ামী লীগ সরকারের শাসনকাল।

২০০১ সালের অক্টোবরে বিএনপি ক্ষমতায় আসার পর বাংলাদেশের স্কোর ছিল ০.৪ (স্কোর যত কম, দুর্নীতি তত বেশি বোঝায়)। পরবর্তীতে সরকারের নেওয়া নানামুখী প্রাতিষ্ঠানিক সংস্কারের ফলে ২০০৫ সালে স্কোর বেড়ে ১.৭ এবং পরবর্তীতে ২.০-এ উন্নীত হয়; অর্থাৎ, বিএনপি সরকারের আমলে দুর্নীতির হার ক্রমান্বয়ে কমতে থাকে। এমনকি দুর্নীতি দমনে প্রাতিষ্ঠানিক ভিত্তি মজবুত করতে বিএনপি সরকারের আমলেই ২০০৪ সালে স্বাধীন ‘দুর্নীতি দমন কমিশন’ (দুদক) গঠন করা হয়।

২. খেলাপি ঋণের প্রকৃত চিত্র আড়াল

রুমিন ফারহানা দাবি করেন, বিএনপি ক্ষমতায় আসা মানেই ঋণ খেলাপিতে সর্বোচ্চ হওয়া। তবে বাংলাফ্যাক্টের বিশ্লেষণে বলা হয়, বর্তমানে ব্যাংকিং খাতের যে সংকট ও উচ্চ খেলাপি ঋণের চিত্র দেখা যাচ্ছে, তার উৎস বিগত আওয়ামী লীগ সরকারের দীর্ঘদিনের নীতিগত অব্যবস্থাপনা।

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বারবার বিশেষ নীতিগত ছাড়, পুনঃ তফসিল এবং হিসাবগত কারসাজির মাধ্যমে বিপুল পরিমাণ মন্দ ও বেনামি ঋণকে কৃত্রিমভাবে ‘নিয়মিত ঋণ’ হিসেবে দেখানো হতো।

জুলাই অভ্যুত্থানের পর নতুন প্রেক্ষাপটে ব্যাংকগুলোর সম্পদের মান পর্যালোচনা (অ্যাসেট কোয়ালিটি রিভিউ) এবং দেশি-বিদেশি স্বাধীন প্রতিষ্ঠানের মাধ্যমে গভীর নিরীক্ষা চালানো হয়। এর ফলে এতদিন আড়ালে থাকা জালিয়াতি, নীতিগত ছাড়ের মাধ্যমে গোপন রাখা খেলাপি ঋণ ও অনিয়মের প্রকৃত চিত্র উন্মোচিত হয়। এটি কোনো নতুন সরকারের তৈরি খেলাপি নয়, বরং দীর্ঘদিনের জমানো অনিয়মের পর্দা উন্মোচন।

ইতোপূর্বেও সংসদে বিভ্রান্তিকর তথ্যের নজির

বাংলাফ্যাক্ট উল্লেখ করেছে, সংসদে রুমিন ফারহানার বিভ্রান্তিকর তথ্য দেওয়ার ঘটনা এটিই প্রথম নয়। এর আগেও তিনি দাবি করেছিলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার প্রথম ছয় মাসের মধ্যে দেশে ৬২ হাজার মানুষ চাকরি হারিয়েছেন এবং ৯ শতাধিক কলকারখানা বন্ধ হয়ে গেছে।

বাংলাফ্যাক্টের পূর্ববর্তী অনুসন্ধানে দেখা যায়, এই তথ্যটিও সঠিক ছিল না। কারখানা বন্ধ ও চাকরি হারানোর ওই ঘটনাগুলো অন্তর্বর্তী সরকারের মেয়াদের সময়ের ছিল এবং সে সময় বন্ধ হওয়া কারখানার প্রকৃত সংখ্যা ছিল ৯৫টি, ৯ শতাধিক নয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা