প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৫৭ এএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬ ০৯:০৪ এএম
সায়মা ওয়াজেদ। ছবি: সংগৃহীত
দুর্নীতির তদন্তের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক ও বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পদত্যাগ করেছেন।
সায়মা ওয়াজেদ বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানম গেব্রেয়াসুসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।
ডব্লিউএইচও এবং বাংলাদেশের কর্তৃপক্ষের করা প্রতারণার তদন্তের পর তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।
রয়টার্স জানায়, হাসিনার বিরুদ্ধে ২০২৪ সালের মাঝামাঝি সময়ে প্রাণঘাতী গণঅভ্যুত্থানের পর তার পতনের প্রভাব যে শুধু রাজনৈতিক সহযোগীদের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, পরিবারের সদস্যদের ওপরও পড়েছে- সায়মা ওয়াজেদের ঘটনাটি তারই উদাহরণ।
হাসিনার অনেক সহযোগীর বিরুদ্ধে বাংলাদেশে দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে মামলা হয়েছে। আবার অনেকে স্বেচ্ছা নির্বাসনে রয়েছেন, যার মধ্যে শেখ হাসিনাও আছেন।
২০২৪ সালের শুরুর দিকে পাঁচ বছরের মেয়াদে ডব্লিউএইচও’র দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব নেন সায়মা ওয়াজেদ। তবে ২০২৫ সালের শেষ দিকে তাকে বেতনহীন প্রশাসনিক ছুটিতে পাঠায় ডব্লিউএইচও।
এর আগে ২০২৫ সালের জুলাইয়ে তাকে প্রথমবার ছুটিতে পাঠানো হয়। ওই বছরের মার্চে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অধীন দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে মামলা করার পর এই পদক্ষেপ নেওয়া হয়।
২০২৬ সালের ৩ জুলাই ডব্লিউএইচওকে দেওয়া তার আইনজীবীদের এক চিঠিতে বলা হয়, সংস্থাটি সায়মা ওয়াজেদের বিরুদ্ধে চীনে তার সফরসংক্রান্ত আর্থিক প্রতারণা এবং শিক্ষাগত যোগ্যতা নিয়ে ভুল তথ্য দেওয়ার অভিযোগ এনেছে। তবে সায়মা এসব অভিযোগ অস্বীকার করেছেন।
পদত্যাগপত্রে সায়মা আরও জানান, বাংলাদেশে তিনি অবৈধভাবে একটি জমি অধিগ্রহণ করেছেন- ডব্লিউএইচও এমন অভিযোগও তুলেছে। তবে তার দাবি, ডব্লিউএইচওতে যোগ দেওয়ার আগেই তিনি ওই জমি অধিগ্রহণ করেছিলেন এবং শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের জন্য প্রযোজ্য একটি আইনের আওতায় তিনি ওই জমির অধিকারী ছিলেন।
‘ডব্লিউএইচও নেতৃত্বের ওপর আস্থা হারিয়েছি’
বুধবার রাতে ডব্লিউএইচও’র মহাপরিচালক তেদরোস আধানম গেব্রেয়েসুসের কাছে পাঠানো পদত্যাগপত্রে সায়মা ওয়াজেদ বলেন, “আমার অঞ্চলের দেশগুলোর সেবা করার জন্যই আমি আঞ্চলিক পরিচালক পদে নির্বাচিত হয়েছিলাম, যা আমি আন্তরিকভাবে করে এসেছি।”
তিনি বলেন, “যেহেতু আপনি আমাকে দায়িত্ব পালনে ক্রমাগত বাধা দিচ্ছেন, তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থায় আপনার নেতৃত্বের প্রতি আমি সমস্ত বিশ্বাস ও আস্থা হারিয়ে ফেলেছি। তাছাড়া, আপনার বিনা বেতনে ছুটিতে পাঠানোর সিদ্ধান্তের পর প্রায় এক বছর কোনো পারিশ্রমিক না পাওয়ায় আমার আর্থিক অবস্থা অসহনীয় হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে আমি পদত্যাগ করার সিদ্ধান্ত নিচ্ছি।”
এ বিষয়ে সায়মা ওয়াজেদ আর কোনও মন্তব্য করতে রাজি হননি।
ডব্লিউএইচও তাৎক্ষণিকভাবে রয়টার্সের মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি। গত মাসে সংস্থাটি জানিয়েছিল, সায়মা ছুটিতে রয়েছেন। তবে বিষয়টি গোপনীয়তার স্বার্থে তার বিরুদ্ধে চলমান অভিযোগ নিয়ে বিস্তারিত মন্তব্য করতে অস্বীকৃতি জানায় সংস্থাটি।
জানুয়ারিতে নতুন নির্বাচন
দুটি সূত্র এর আগে জানিয়েছিল, ডব্লিউএইচও সায়মা ওয়াজেদকে আনুষ্ঠানিকভাবে পদ থেকে সরিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তাদের একজন জানান, আগামী ১২ অক্টোবর আঞ্চলিক পরিচালকের পদে মনোনয়ন আহ্বান করা হবে। ডিসেম্বরে আবেদন যাচাই-বাছাই শেষে আগামী ২৪ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
বিষয়টির সংবেদনশীলতার কারণে সূত্র দুটি নাম প্রকাশ করতে চায়নি।
ডব্লিউএইচও’র আঞ্চলিক পরিচালকরা বিশ্বের অন্যতম প্রভাবশালী স্বাস্থ্যনীতি নির্ধারক কর্মকর্তা। বিভিন্ন রোগের প্রাদুর্ভাব ও জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং স্থানীয় পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে ডব্লিউএইচও’র নীতিমালা বাস্তবায়নে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সদস্য দেশগুলোর ভোটে প্রতি পাঁচ বছর পরপর আঞ্চলিক পরিচালক নির্বাচিত হন। দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের সদস্য দেশগুলোর মধ্যে বাংলাদেশ ও ভারতও রয়েছে।
গত ৩ জুলাইয়ের চিঠিতে সায়মা ওয়াজেদ তার আইনজীবীদের মাধ্যমে ভ্রমণসংক্রান্ত প্রতারণার অভিযোগও অস্বীকার করেন। তিনি জানান, নিয়মিত খরচের অর্থ ফেরত পাওয়ার আবেদন প্রক্রিয়ায় দায়িত্বপ্রাপ্ত একজন সহকারীর প্রশাসনিক ভুলের কারণে ৯০১ ডলারের বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হয়েছিল।
শিক্ষাগত যোগ্যতা নিয়ে অভিযোগের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশে অটিজম নিয়ে তার কাজের স্বীকৃতি হিসেবে তিনি একটি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেয়েছেন এবং এই যোগ্যতার বিষয়টি তিনি ডব্লিউএইচও’র মহাপরিচালক তেদরোসের কাছে স্পষ্টভাবেই জানিয়েছিলেন।