তানভীর হাসান ও নুর মোহাম্মদ মিঠু
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬ ২৩:৩৮ পিএম
প্রতীকী ছবি
মহাসড়কে ডাকাত শনাক্তে এবার পুলিশের সোর্স, প্রত্যক্ষদর্শী কিংবা প্রচলিত নজরদারির পাশাপাশি কাজে লাগানো হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তাকে (এআই)। এ উদ্যোগে ইতিবাচক ফলও মিলছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্থাপিত এআই ক্যামেরার চোখে মাত্র ১৫ দিনে শনাক্ত হয়েছে ২৭ ডাকাত। একই সময়ে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় হয়েছে ৩৭০টি অটো ফাইন। মহাসড়কে মোট ১ হাজার ৪২৭টি ক্যামেরার মধ্যে ১ হাজার ২০০টির বেশি সক্রিয়। এর মধ্যে মাত্র ১৬টি ক্যামেরায় হচ্ছে অটো ফাইন। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফিরেছে শৃঙ্খলা। স্বাভাবিক গতিতে ফিরছে পরিবহন চলাচল। ফলে সড়ক দুর্ঘটনা কমে আসছে।
হাইওয়ে পুলিশের প্রধান অ্যাডিশনাল আইজিপি ফারুক আহমেদ প্রতিদিনের বাংলাদেশকে ১৫ দিনে ২৭ ডাকাত শনাক্ত ও ৩৭০ অটো ফাইনের তথ্য নিশ্চিত করে বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা স্থাপনের পর ক্যামেরায় ধারণ করা তথ্য অপরাধ শনাক্তে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কোনো ডাকাতির ঘটনায় সংশ্লিষ্ট যানবাহন ও ব্যক্তির গতিবিধি বিভিন্ন ক্যামেরার ফুটেজ থেকে পর্যালোচনা করে অপরাধীদের শনাক্ত করা যাচ্ছে। আগে এ ধরনের ঘটনায় প্রত্যক্ষদর্শী, স্থানীয় তথ্য, সোর্স ও অভিযাননির্ভর তদন্তের ওপর বেশি নির্ভর করতে হতো।’
তিনি জানান, ‘এরই মধ্যে রড বোঝাই একটি কাভার্ডভ্যান ছিনতাইয়ের ঘটনায় ডাকাত শনাক্ত করা হয়েছে। এ ছাড়াও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কয়েকটি স্থানে একাধিক ছোট যানবাহনে ডাকাতির ঘটনায় সিসি ক্যামেরা চেক করে বেশ কিছু ডাকাতের ছবি শনাক্ত করা সম্ভব হয়েছে। পরে তা সংশ্লিষ্ট জেলা পুলিশকে সরবরাহ করা হয়েছে। এ ছাড়াও ডাকাতিপ্রবণ এলাকার ওসিরাও অনেক সময় এআই ক্যামেরার সহায়তা নিচ্ছে। এতে সড়কে শৃঙ্খলার পাশাপাশি ডাকাতিও কমে আসবে বলে ধারণা করা হচ্ছে।’
এআই ক্যামেরার সামনে দিয়ে চলমান ব্যক্তি ও যানবাহনের তথ্য আপনাআপনিই সংরক্ষিত হয়। তাই কোনো ঘটনার আগে-পরে সংশ্লিষ্ট ব্যক্তি বা যানবাহন কোন পথে চলাচল করেছে, কোথায় অবস্থান করেছে কিংবা কোন কোন ক্যামেরার সামনে দিয়ে গেছে তা পর্যালোচনার সুযোগ তৈরি হয়েছে। এরই মধ্যে ১৫ দিনে ২৭ ডাকাত শনাক্ত হওয়ায় প্রযুক্তিটির কার্যকারিতা আলোচিত হচ্ছে। তবে শনাক্তের পর বড় সীমাবদ্ধতাও চোখে পড়ছে। কারণ ডাকাতদের গ্রেপ্তার, আলামত সংগ্রহ, জিজ্ঞাসাবাদ, তথ্য-প্রমাণ যাচাই, বিভিন্ন এলাকায় অভিযান এবং আদালতে অভিযোগপত্র দেওয়ার মতো পূর্ণাঙ্গ তদন্তের সক্ষমতা হাইওয়ে পুলিশের এখনও নেই।’
এ প্রসঙ্গে হাইওয়ে পুলিশ প্রধান ফারুক আহমেদ বলেন, ‘জনবলসহ বিভিন্ন সংকটের কারণে ডাকাতির মামলা তদন্তের পুরোপুরি সক্ষমতা হাইওয়ে পুলিশের নেই। কারণ হাইওয়ে পুলিশের বেশিরভাগই সার্জেন্টকেন্দ্রিক। এ কারণে আমরা জেলা পুলিশকে সহায়তা করে থাকি। তবে খুলনায় একটি ডাকাতির মামলা বর্তমানে হাইওয়ে পুলিশ তদন্ত করছে।’
১,২০০-এর বেশি ক্যামেরা সক্রিয়
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোট ১ হাজার ৪২৭টি ক্যামেরা রয়েছে। এর মধ্যে ১ হাজার ২০০টির বেশি সক্রিয়। এসব ক্যামেরায় মহাসড়কের যান চলাচল ও বিভিন্ন ঘটনা পর্যবেক্ষণের পাশাপাশি তথ্য ধারণ ও সংরক্ষণ করা হচ্ছে। যদিও অটো ফাইন কার্যক্রম চলছে মাত্র ১৬টি ক্যামেরায়। তবে পুলিশ চাইলেই প্রতিটি ক্যামেরার সহায়তায় মামলার কার্যক্রম চালাতে পারে।
হাইওয়ে পুলিশ প্রধান ফারুক আহমেদ বলেন, ‘ক্যামেরাগুলোর বিভিন্ন ধরনের সক্ষমতা রয়েছে। তবে কীভাবে সেগুলো ব্যবহার করা হবে, তা নির্ভর করছে পুলিশের নির্দেশনার ওপর।’ তিনি জানান, ‘ঢাকা-মাওয়া মহাসড়কের ৩৮ কিলোমিটারসহ সিরাজগঞ্জের কড্ডার মোড় পর্যন্ত এআই ক্যামেরার আওতায় আনা হচ্ছে। রোডস অ্যান্ড হাইওয়ে এসব ক্যামেরা বসাচ্ছে। আগামী তিন বছরের মধ্যে দেশের সব মহাসড়ক ক্যামেরার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে সব ক্যামেরাই সক্রিয় হবে।’
১৫ দিনে অটো ফাইন ৩৭০
এআই ক্যামেরায় শুধু ডাকাত নয়, প্রতিদিন ধরা পড়ছে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনাও। গত ২২ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত ১৫ দিনে ৩৭০টি অটো ফাইন হয়েছে। কার্যক্রম শুরুর প্রথম দিনে অটো ফাইন হয় ৪২টি। দ্বিতীয় দিনে ৩৫টি। এরপর দৈনিক অটো ফাইনের সংখ্যা ধীরে ধীরে কমে এসেছে। ক্যামেরায় আইন লঙ্ঘন শনাক্ত হওয়ায় ঘটনাস্থলে পুলিশ সদস্যের উপস্থিতি ছাড়াই ব্যবস্থা নেওয়া যাচ্ছে। এতে সরাসরি পুলিশি হস্তক্ষেপের প্রয়োজন কমছে।
ঢাকা-মাওয়ার ৩৮ কিলোমিটারেও এআই
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পর এবার ঢাকা-মাওয়া মহাসড়কও আসছে অটো ফাইন ও এআইভিত্তিক নজরদারির আওতায়। এ মহাসড়কের প্রায় ৩৮ কিলোমিটার এলাকায় রোডস অ্যান্ড হাইওয়ের ক্যামেরা রয়েছে। হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল ডিআইজি মুনতাসিরুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘ঢাকা-মাওয়া মহাসড়কে রোডস অ্যান্ড হাইওয়ের ক্যামেরা রয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে অটো ফাইন সিস্টেম চালুর প্রক্রিয়া চলছে। ক্যামেরাগুলো দিয়ে গতিসীমা লঙ্ঘনসহ ট্রাফিক আইনের বিভিন্ন বিষয় নজরদারি করা হবে।’ তিনি জানান, ‘এ বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের প্রক্রিয়া চলছে। এমওইউ স্বাক্ষর হয়ে গেলেই আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হবে। আশা করা হচ্ছে, চলতি মাসের মধ্যেই এটি চালু হবে।’
এআই ক্যামেরা আছে, তদন্তে ঘাটতি
হাইওয়ে পুলিশের মহাসড়কে বিভিন্ন অপরাধের তদন্তের আইনগত ক্ষমতা রয়েছে। তবে বাস্তবে তাদের তদন্ত কার্যক্রমের বড় অংশই সড়ক দুর্ঘটনাকেন্দ্রিক। অ্যাডিশনাল ডিআইজি মুনতাসিরুল ইসলাম বলেন, ‘মহাসড়কে তদন্তের ক্ষমতা হাইওয়ে পুলিশের রয়েছে। দুর্ঘটনার তদন্ত তারা করে থাকে। হাইওয়ে পুলিশ যতগুলো তদন্ত করে, তার অধিকাংশই দুর্ঘটনা সংক্রান্ত মামলা। মাদক মামলাও তদন্ত করার সুযোগ রয়েছে। যদিও সাধারণত তা করা হয় না। ডাকাতির মামলা তদন্তে জনবল ও অন্যান্য সক্ষমতার ঘাটতি রয়েছে। ফলে এগুলোর তদন্ত জেলা পুলিশ করে থাকে। হাইওয়ে পুলিশ সাধারণত সার্জেন্টভিত্তিক মামলা করে বলে জানান সংস্থাটির প্রধান। ফলে মহাসড়কে অপরাধ শনাক্তে প্রযুক্তির সক্ষমতা বাড়লেও সেই তথ্যকে পূর্ণাঙ্গ তদন্তে ব্যবহারের সক্ষমতা এখনও সীমিত।
সোর্সের নামে গাড়ি থামানো বন্ধ
মহাসড়কে মাদক পরিবহনের তথ্যের ভিত্তিতে যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী হয়রানির অভিযোগ রয়েছে। এখন থেকে সুনির্দিষ্ট তথ্য ছাড়া গাড়ি থামানো হবে না বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ প্রধান। ফারুক হোসেন বলেন, ‘সুনির্দিষ্ট তথ্য পেলেই গাড়ি থামানো হবে। সোর্সের ভিত্তিতে অহেতুক যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী হয়রানি করা হবে না। এ বিষয়ে সদস্যদের নির্দেশনা দেওয়া হয়েছে।’
মাসোহারা বন্ধে এক মাস
হাইওয়ে পুলিশের বিরুদ্ধে মহাসড়কে চাঁদাবাজি ও মাসোহারা নেওয়ার অভিযোগ রয়েছে। এ প্রসঙ্গে প্রধান অ্যাডিশনাল আইজিপি ফারুক হোসেন বলেন, ‘হাইওয়ে পুলিশ সদস্যদের চাঁদাবাজিমুক্ত করা হচ্ছে। মাসোহারা বন্ধ করা হবে। এক মাসের মধ্যেই এ বিষয়ে কার্যকর মহাসড়কে ডাকাত শনাক্তে এবার পুলিশের সোর্স, প্রত্যক্ষদর্শী কিংবা প্রচলিত নজরদারির পাশাপাশি কাজে লাগানো হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তাকে (এআই)। এ উদ্যোগে ইতিবাচক ফলও মিলছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্থাপিত এআই ক্যামেরার চোখে মাত্র ১৫ দিনে শনাক্ত হয়েছে ২৭ ডাকাতপরিবর্তন আনা হবে।