ফাইল ছবি
সংসদ বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান নির্মাণ ও সম্প্রচারের মানোন্নয়ন, বিষয়বস্তু নির্ধারণ এবং সংসদীয় কার্যক্রম জনগণের কাছে আরও কার্যকরভাবে তুলে ধরতে সাত সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠনের সুপারিশ করা হয়েছে।
সংসদ বাংলাদেশ টেলিভিশনকে পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্যে গঠিত ‘অনুষ্ঠান ব্যবস্থাপনা কমিটি’র দ্বিতীয় সভায় এ সুপারিশ করা হয়।
বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের ১ নম্বর স্থায়ী কমিটি কক্ষে বুধবার অনুষ্ঠান ব্যবস্থাপনা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন (নিজান)। সভায় সংসদ বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান নির্মাণ, সম্প্রচার কার্যক্রম এবং সংসদীয় কর্মকাণ্ড জনগণের কাছে আরও আকর্ষণীয়, কার্যকর ও সহজবোধ্যভাবে উপস্থাপনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
একই সঙ্গে অনুষ্ঠানের মানোন্নয়ন ও সম্প্রচার কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ দেওয়া হয়।
সভায় সংসদ সদস্য এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান, সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম, মো. শাহাদাত হোসেন, ফাহমিদা হক, বীথিকা বিনতে হোসাইন এবং মারদিয়া মমতাজ অংশ নেন। বৈঠকে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক, সংসদ বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক, চ্যানেল ২৪-এর প্রধান বার্তা সম্পাদকসহ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় ও বাংলাদেশ টেলিভিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।