প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৫১ পিএম
শেখ হাসিনা। ফাইল ছবি
ডিজিটাল পদ্ধতিতে বিয়ে ও তালাক নিবন্ধন চালু হলে বাল্যবিবাহ, বহুবিবাহ, জাল বিবাহ সনদসহ বিয়ে-সংক্রান্ত নানা ধরনের জালিয়াতি রোধ করা সহজ হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে নাগরিকরা দ্রুত বৈবাহিক তথ্য যাচাই এবং ডিজিটাল সনদ পাওয়ার সুযোগ পাবেন বলেও জানিয়েছেন তিনি।
সচিবালয়ে বুধবার আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন ও বিচার বিভাগের আওতায় বাস্তবায়নাধীন ‘সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড ভাইটাল স্ট্যাটিস্টিক্স : বিবাহ ও তালাক নিবন্ধনের আইসিটি অবকাঠামো উন্নয়ন’ প্রকল্প এবং ব্র্যাকের মধ্যে প্রকল্প বাস্তবায়ন-সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইনমন্ত্রী।
তিনি বলেন, “আমরা এগিয়ে যেতে চাই। আমাদের সামনে কোনো ইনোভেটিভ আইডিয়া এলে তা গ্রহণ করে জনকল্যাণের দিকে এগিয়ে যেতে চাই। এটাই আমাদের লক্ষ্য।”
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শেখ হাসিনার আপিলের সুযোগ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা দেশে ফিরে আপিল করতে চাইলে তার সুযোগ আইন অনুযায়ী নির্ধারিত হবে। কোনো ব্যক্তির আপিলের অধিকার আলাদাভাবে ব্যাখ্যার বিষয় নয়; প্রচলিত আইন ও সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তা নির্ধারণ হবে।
বিয়ে ও তালাক নিবন্ধন ডিজিটালাইজেশন প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, এ ব্যবস্থা চালু হলে বাল্যবিবাহ প্রতিরোধের পাশাপাশি বহুবিবাহ ও বিয়ে-সংক্রান্ত বিভিন্ন জালিয়াতি রোধ করা সম্ভব হবে। একই সঙ্গে একজন ব্যক্তির বৈবাহিক অবস্থার তথ্যও সহজে যাচাই করা যাবে।