সংবাদ সম্মেলনে কথা বলছেন প্রধান নির্বাচন কমিশনার এ. এম. এম. নাসির উদ্দিন। ছবি: ভিডিও থেকে
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ইসি পুলিশকে কোনো বেআইনি নির্দেশনা দিবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ. এম. এম. নাসির উদ্দিন।
‘নির্বাচনি দায়িত্ব পেশাদারিত্বের সাথে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ’ শীর্ষক প্রশিক্ষণ কোর্স উদ্বোধন শেষে বুধবার তিনি এ প্রতিশ্রুতি জানান। রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে এ প্রশিক্ষণের উদ্বোধন হয়।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, “আওয়ার কমিটমেন্ট ইজ টোটাল। স্থানীয় নির্বাচন করার ব্যাপারে পুলিশের সহযোগিতা চেয়েছি। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কমিশনের সাংবিধানিক দায়িত্ব আছে, তেমনি পুলিশের সাংবিধানিক ও আইনি দায়িত্ব আছে”।
তিনি বলেন, “কোনো বোআইনি নির্দেশনা কমিশন থেকে যাবে না। উনারা (পুলিশ) বলেছেন, ক্রেডিবল ইলেকশনের জন্য তারা কাজ করবেন”।
বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে স্থানীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব কিনা, জানতে চাইলে কমিশনার বলেন, “ত্রয়োদশ নির্বাচনে যে অবস্থা ছিল, এখন এর চেয়ে খারাপ না। এবং পুলিশের উপর আমাদের আস্থা আছে”।
দলীয় সরকার ক্ষমতায় আছে। পুলিশ চাপমুক্তভাবে নির্বাচনে দায়িত্ব পালন করতে পারবে কিনা সাংবাদিকের এমন প্রশ্নে আইজিপি মো: আলী হাসান ফকির বলেন, “এখন দলীয় সরকার, কিন্তু গণতান্ত্রিক সরকার। নির্বাচন সুষ্ঠু, সুন্দর করার জন্য পুলিশের যত মেজার নেয়া দরকার, তার সবই আমরা নিব নির্বাচন কমিশনের পরামর্শ অনুযায়ী”।
গত ছয় মাসে পুলিশের ভাবমূর্তি ফেরানো প্রসঙ্গে আইজিপি বলেন, আমিতো মনে করি আমাদের সাফল্য শতভাগ”।