দাপ্তরিক যোগাযোগ, সরকারি নথি ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’ কিংবা অন্য কোনো সম্মানসূচক শব্দ লিখিতভাবে ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এ বিষয়ে সংশ্লিষ্ট সব সরকারি দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
বুধবার জারি করা এক পরিপত্রে এ নির্দেশনার কথা জানানো হয়।
এতে বলা হয়েছে, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর সঙ্গে দাপ্তরিক যোগাযোগের ক্ষেত্রে তাঁদের পদবির পূর্বে সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরিপত্র অনুযায়ী, সরকারি চিঠিপত্র, নথি, সারসংক্ষেপ উপস্থাপনসহ দাপ্তরিক কার্যক্রমে পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ শব্দ লিখিতভাবে ব্যবহার করা যাবে না।
পরিপত্রে সরকারের সব মন্ত্রণালয়, বিভাগ ও এর অধীন সব দপ্তরকে এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করার জন্য অনুরোধ জানানো হয়েছে।