ফ্রান্সের রাজধানী প্যারিসে ৮ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এবারের ‘ডিজিটাল লার্নিং উইক’। এতে অংশ নিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষামন্ত্রী, নীতিনির্ধারক, শিক্ষাবিদ ও প্রযুক্তি বিশেষজ্ঞরা।
প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে শুরু হয়েছে চার দিনব্যাপী ‘ডিজিটাল লার্নিং উইক’। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে শিক্ষার পরিবর্তন, সম্ভাবনা, সীমাবদ্ধতা ও ঝুঁকি নিয়ে আয়োজিত এ আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
ফ্রান্সের রাজধানী প্যারিসে ৮ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এবারের ‘ডিজিটাল লার্নিং উইক’। এতে অংশ নিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষামন্ত্রী, নীতিনির্ধারক, শিক্ষাবিদ ও প্রযুক্তি বিশেষজ্ঞরা।
এবারের এই আয়োজনের প্রতিপাদ্য ‘কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে শিক্ষা: সত্য, দ্বন্দ্ব, সীমানা’।
শিক্ষাক্ষেত্রে এআইয়ের দ্রুত সম্প্রসারণের পাশাপাশি এর কার্যকর ও নিরাপদ ব্যবহার নিয়ে আন্তর্জাতিক আলোচনা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হয়েছে এ আয়োজনে।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ সূত্রে জানা গেছে, শিক্ষামন্ত্রী রবিবার দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্রান্সের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। প্যারিসে পৌঁছে তিনি ইউনেস্কোর সদর দপ্তরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।
মন্ত্রণালয়ের কর্মসূচি অনুযায়ী, ৮ সেপ্টেম্বর ‘এজ অ্যাপ্রোপ্রিয়েটনেস অ্যান্ড এআই ইন এডুকেশন’ শীর্ষক অধিবেশনে বক্তব্য দেন শিক্ষামন্ত্রী। সেখানে তিনি বলেন, এআই থেকে নিরাপদে সর্বোচ্চ সুবিধা নিতে শিক্ষার্থীদের পড়াশোনা, যুক্তি প্রয়োগ এবং তথ্য যাচাইয়ের দক্ষতা বাড়াতে হবে।
মন্ত্রী বলেন, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে এআই প্রযুক্তি কেনা বা ব্যবহার শুরুর আগে শিক্ষকদের সম্পৃক্ত করা জরুরি। পরীক্ষামূলক প্রকল্প গ্রহণ থেকে শুরু করে প্রযুক্তি ক্রয়, মূল্যায়ন ও প্রয়োজনীয় সংশোধন- প্রতিটি ধাপেই শিক্ষকদের মতামতকে গুরুত্ব দিতে হবে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, এআই অনেক ক্ষেত্রে সময় সাশ্রয় করতে পারে। তবে সব পরিস্থিতিতে এ প্রযুক্তি ব্যবহার করা সম্ভব নয়। তারপরও সময়ের চাহিদা বিবেচনায় এআই থেকে পিছিয়ে থাকার সুযোগ নেই।
বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে এআই প্রযুক্তির কার্যকারিতা নিয়েও তিনি অধিবেশনে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন।
আগামী ৯ সেপ্টেম্বর ‘টিচার্স অ্যাট দ্য সেন্টার: এজেন্সি, কম্পিটেন্সেস অ্যান্ড দ্য টিচার-স্টুডেন্ট রিলেশনশিপ’ শীর্ষক প্লেনারি অধিবেশনেও শিক্ষামন্ত্রীর অংশ নেওয়ার কথা রয়েছে।
বাংলাদেশের জন্য এবারের অংশগ্রহণ বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, গত বছরের অক্টোবরে প্রথমবারের মতো ইউনেস্কোর সাধারণ সম্মেলনের সভাপতির দায়িত্ব পায় বাংলাদেশ।
এর আগে ২০২৫ সালের ৭ অক্টোবর প্যারিসে ইউনেস্কোর নির্বাহী পর্ষদের ভোটে জাপানের প্রার্থীকে ৩০-২৭ ভোটে পরাজিত করে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত খন্দকার এম তালহা সংস্থাটির ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হন।
ইউনেস্কোর সদস্যপদ লাভের ৫৩ বছরের ইতিহাসে এটিই ছিল কোনো বাংলাদেশির প্রথমবারের মতো সংস্থাটির সাধারণ সম্মেলনের সভাপতির দায়িত্ব পাওয়া। আন্তর্জাতিক অঙ্গনে বিষয়টিকে বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক অর্জন হিসেবে দেখা হয়।
এ প্রেক্ষাপটে ‘ডিজিটাল লার্নিং উইক’-এ শিক্ষামন্ত্রীর সরাসরি অংশগ্রহণকে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
মন্ত্রণালয়-সংশ্লিষ্ট সূত্র বলছে, ইউনেস্কোর সভাপতির দায়িত্ব পাওয়ার পর সংস্থাটির কোনো প্রধান আন্তর্জাতিক আয়োজনে বাংলাদেশের একজন মন্ত্রীর এটাই প্রথম সরাসরি অংশগ্রহণ।
পর্যবেক্ষকদের মতে, এ অংশগ্রহণ কেবল আনুষ্ঠানিক নয়; শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি ও যোগাযোগের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বৈশ্বিক নীতিনির্ধারণী প্রক্রিয়ায় বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণেরও ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে এআইনির্ভর শিক্ষাব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক আলোচনায় বাংলাদেশের অভিজ্ঞতা ও অবস্থান তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।
প্যারিস সফরকালে শিক্ষামন্ত্রী ইউনেস্কোর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নিতে পারেন। বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় ডিজিটাল রূপান্তর, শিক্ষক প্রশিক্ষণ এবং প্রযুক্তিনির্ভর শিখনপদ্ধতির উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো এসব আলোচনায় গুরুত্ব পেতে পারে।