× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এসআরবি বিল পাসের পথে, থাকছে র‍্যাবের প্রায় সবই

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬ ২২:২৫ পিএম

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬ ২২:৩৭ পিএম

জাতীয় সংসদ ভবনে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চতুর্থ বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ ভবনে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চতুর্থ বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে পুলিশের অধীনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) গঠনের উদ্যোগ ‘চূড়ান্ত পর্যায়ে’ গেলেও প্রস্তাবিত নতুন বাহিনীতে র‍্যাবের জনবল, ক্ষমতা, সম্পদ ও প্রাতিষ্ঠানিক ধারাবাহিকতার বড় অংশই থেকে যাচ্ছে।

এ কারণে বিলটির বিভিন্ন ধারা নিয়ে সংসদীয় কমিটিতে ভিন্নমত জানিয়েছে বিরোধী দলের সদস্যরা।

জাতীয় সংসদ ভবনে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চতুর্থ বৈঠকে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ পরীক্ষা করে সংশোধিত আকারে সংসদে উপস্থাপনের সুপারিশ করা হয়।

কমিটির বৈঠকে অতীতে র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপব্যবহারের বিষয়টি আলোচনায় আসে।

একই সঙ্গে দক্ষ জনবল ও বিদ্যমান সরঞ্জাম কাজে লাগানোর পাশাপাশি প্রশিক্ষণ, পেশাদারত্ব, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। 

তবে বিরোধী দলের সদস্যদের আপত্তি, নতুন নামে বাহিনী গঠন করলেই র‍্যাবের পুরোনো সমস্যাগুলোর সমাধান হবে না।

তাদের পক্ষ থেকে বিলের কয়েকটি বিষয়ে নোট অব ডিসেন্ট দেওয়া হয়েছে। এর মধ্যে অভিযোগ তদন্তের স্বাধীনতা, আটক ব্যক্তিদের বিষয়ে নজরদারি এবং এসআরবির কার্যক্রমের স্বচ্ছতার বিষয় রয়েছে। 

বিরোধী দলের পক্ষ থেকে বলা হয়েছে, বিলটিতে যে ‘অভিযোগ প্রতিকার কমিটি’র প্রস্তাব রয়েছে, সেখানে তদন্তের ক্ষেত্রে স্বার্থের সংঘাতের সুযোগ আছে। কারণ, প্রস্তাবিত কাঠামোয় এসআরবির কর্মকর্তারাই কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকবেন।

এ ক্ষেত্রে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে স্বাধীন প্রতিকার কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে।

এ ছাড়া এসআরবি কোনো বেসামরিক ব্যক্তিকে কোথায় ও কতক্ষণ আটক রাখতে পারবে, সে বিষয়েও স্পষ্ট বিধান চাওয়া হয়েছে। প্রতিটি দপ্তর, ক্যাম্প, হাজতখানা ও জিজ্ঞাসাবাদ কক্ষের তথ্য প্রকাশ এবং আটক ব্যক্তির নাম, সময়, স্থান, আইনি কারণ, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, চিকিৎসা ও থানায় হস্তান্তরের তথ্য সংরক্ষণের প্রস্তাব দিয়েছে বিরোধী দল।

প্রস্তাবিত আইনের কাঠামো নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন উঠছে র‍্যাবের সঙ্গে এসআরবির ধারাবাহিকতা নিয়ে। মন্ত্রিসভায় অনুমোদিত খসড়া অনুযায়ী, র‍্যাবের জনবল, ক্ষমতা, কর্তৃত্ব, সুবিধা, তহবিল, সম্পত্তি, হিসাব, নথি ও অন্যান্য সম্পদ এসআরবিতে হস্তান্তর হবে।

র‍্যাবের কর্মকর্তা-কর্মচারীরাও নতুন ইউনিটের সদস্য হিসেবে গণ্য হবেন। এমনকি র‍্যাবের দায়দায়িত্ব, চুক্তি ও চলমান মামলাও এসআরবির নামে চলার বিধান রাখা হয়েছে। 

র‍্যাব ২০০৩ সালের আর্মড পুলিশ ব্যাটালিয়নস (সংশোধন) আইনের আওতায় গঠিত হয়েছিল। প্রস্তাবিত এসআরবি আইন সেই আইনে থাকা র‍্যাব-সংক্রান্ত বিধান বাতিল করে নতুন ইউনিট প্রতিষ্ঠার পথ তৈরি করছে। 

এর আগে গত ৩ সেপ্টেম্বর জাতীয় সংসদে বিলটি উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বিরোধী দলের পক্ষ থেকে তখনও বিলটি নিয়ে আরও বিস্তৃত আলোচনা ও অংশীজনদের সঙ্গে পরামর্শের দাবি জানানো হয়েছিল।

এখন সংসদীয় কমিটির সুপারিশের ভিত্তিতে সংশোধিত বিলটি জাতীয় সংসদে উপস্থাপন করা হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা