× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সব সরকারের আমলের অনিয়ম খতিয়ে দেখবে সংসদীয় কমিটি

বিশেষ প্রতিবেদক

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৯ পিএম

জাতীয় সংসদ অধিবেশন। ছবি: ভিডিও থেকে

জাতীয় সংসদ অধিবেশন। ছবি: ভিডিও থেকে

আওয়ামী লীগ সরকারের টানা ১৭ বছর, পরবর্তী অন্তর্বর্তী সরকার এবং বর্তমান সরকারের আমলে সরকারি অর্থ ব্যয়ে কোনো অনিয়ম বা দুর্নীতি হয়ে থাকলে তা খতিয়ে দেখবে সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। অডিট আপত্তি ও সরকারি অর্থের অপব্যবহারের অভিযোগ যাচাই করে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

সরকারি হিসাব কমিটির বৈঠক শেষে মঙ্গলবার কমিটির সভাপতি ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এ তথ্য জানান।

তিনি বলেন, “অতীতের সব সরকারের আমলে সরকারি অর্থ ব্যয়ের হিসাব পর্যায়ক্রমে পর্যালোচনা করা হবে। তবে নিকট অতীতের অডিট আপত্তিকে বেশি গুরুত্ব দেওয়া হবে, যাতে বর্তমানে দায়িত্বে থাকা ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনা যায়”।

ডা. তাহের বলেন, “সরকারের বর্তমান ও অতীতের ব্যয় পর্যালোচনা এবং মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) উত্থাপিত অডিট আপত্তি নিয়ে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়াই হিসাব কমিটির মূল কাজ। সে অনুযায়ী, কোথাও কোনো দুর্নীতি হয়ে থাকলে তা খতিয়ে দেখে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে”।

বৈঠকে গুরুত্বপূর্ণ কয়েকটি অডিট আপত্তি নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, “বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের আটটি অডিট আপত্তি বিশেষ গুরুত্ব পেয়েছে। কয়েকটি আপত্তি নিষ্পত্তি হলেও বাকি বিষয়গুলো তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য একটি সাব-কমিটি গঠন করা হয়েছে। সরেজমিনে তদন্ত করে এক সপ্তাহের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন দিতে সাব-কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে”।

কমিটি সূত্র জানায়, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা-নিরীক্ষা থেকে অর্জিত অর্থ ভাগ-বাটোয়ারা নিয়ে বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম অনুযায়ী, পরীক্ষা-নিরীক্ষা থেকে আয় করা অর্থের ব্যয় বাদ দেওয়ার পর যে লভ্যাংশ থাকে, তার ৩০ শতাংশ বিশেষজ্ঞদের পাওয়ার কথা। কিন্তু অভিযোগ রয়েছে, লভ্যাংশের পরিবর্তে মোট আয়ের ওপর ৩০ শতাংশ অর্থ দেওয়া হয়েছে।

বিষয়টি ব্যাখ্যা করে কমিটির সভাপতি বলেন, “কোনো ক্ষেত্রে ১০০ টাকা আয় হলে এবং ওই কাজ সম্পন্ন করতে ৯০ টাকা ব্যয় হলে প্রকৃত লভ্যাংশ থাকে ১০ টাকা। নিয়ম অনুযায়ী, এই ১০ টাকার ৩০ শতাংশ বিশেষজ্ঞদের পাওয়ার কথা। কিন্তু সেখানে পুরো ১০০ টাকার ওপর ৩০ শতাংশ হিসাব করা হয়েছে”।

এর ফলে সরকারি নিয়ম লঙ্ঘন করে অতিরিক্ত অর্থ নেওয়া হয়েছে বলে জানান তিনি।


এভাবে কোটি কোটি টাকা অতিরিক্ত তুলে নেওয়ার অভিযোগ রয়েছে। বিষয়টি আইন ও সরকারি বিধিবিধানের লঙ্ঘন কি না, তা তদন্ত করে দেখা হবে। অতিরিক্ত নেওয়া অর্থ আদায়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে কমিটি। একই সঙ্গে অর্থ আদায়ের অগ্রগতি প্রতি মাসে কমিটিকে জানাতে বলা হয়েছে।

সরকারি হিসাব কমিটি জানিয়েছে, শুধু বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় নয়, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও প্রকল্পের বড় ধরনের আর্থিক অনিয়মকে অগ্রাধিকার দেওয়া হবে। দীর্ঘদিন ধরে পড়ে থাকা অডিট আপত্তির পাশাপাশি সাম্প্রতিক সময়ের অনিয়মও পর্যায়ক্রমে পর্যালোচনা করা হবে। পুরোনো অডিট আপত্তি নিয়ে কাজ করার পাশাপাশি ২০২৪-২৫ সালের অডিটকে অগ্রাধিকার দেওয়া হবে। এর মাধ্যমে সাম্প্রতিক সময়ে দায়িত্ব পালন করা কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনা সম্ভব হবে বলে মনে করছে কমিটি।

কমিটির সভাপতি বলেন, “অন্তর্বর্তী সরকার কিংবা অন্যান্য সরকারের আমলের অডিট আপত্তিও পর্যায়ক্রমে সামনে আনা হবে। যেসব জায়গায় বড় ধরনের দুর্নীতি বা আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে, সেগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে তালিকাভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে”।

তিনি বলেন, “সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে অনিয়ম চিহ্নিত করার পাশাপাশি অডিট আপত্তি দ্রুত নিষ্পত্তির ওপরও গুরুত্ব দিচ্ছে কমিটি। কোনো প্রতিষ্ঠান অডিট আপত্তির যথাযথ জবাব দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনা হবে”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা