মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মঙ্গলবার দুপুরে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার দেশটির সঙ্গে যোগাযোগ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
তিনি বলেন, ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত দেওয়া হলে দেশের আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হবে এবং পরবর্তী সময়ে তাকে কারাগারে যেতে হবে।
মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়ন নিয়ে মঙ্গলবার দুপুরে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, একজন দণ্ডপ্রাপ্ত আসামি কোথায় বসে কী বলছেন, সেটি বিবেচ্য বিষয় নয়। স্বৈরাচার শেখ হাসিনাসহ তার দলের অনেক নেতা-কর্মী ভারতে পালিয়ে আছেন।
অপরাধী প্রত্যর্পণ চুক্তির আওতায় তাদের বিষয়ে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করছে বাংলাদেশ। বিষয়টি ভারতের বিচার বিভাগও দেখছে বলেও জানান তিনি।
মক্কা প্যাক্টে বাংলাদেশের যোগ দেওয়া প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, প্রতিরক্ষামূলক সাময়িক এই জোটে বাংলাদেশ যাবে কি না, সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।
নতুন কোনো ফোরাম বা জোটে যুক্ত হওয়ার আগে দেশের পররাষ্ট্রনীতিকে অগ্রাধিকার দেওয়া হবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, দেশের মানুষের স্বার্থ ও সম্ভাব্য উপকার বিবেচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
সভায় সভাপতিত্ব করেন মাদারীপুরের জেলা প্রশাসক নার্গিস আক্তার। উপস্থিত ছিলেন বিএনপির নেতৃবৃন্দ, সংসদ সদস্য, পুলিশ সুপার মো. ফজলে এলাহীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।