সচিবালয়ে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ছবি: পিআইডি
শেখ হাসিনাকে আসতে হবে না, তাকে সরকার ধরে আনতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
একই সঙ্গে বাংলাদেশের তীব্র আপত্তি সত্ত্বেও ভারতীয় গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ হওয়ায় সরকারের অসন্তুষ্টির কথাও জানিয়েছেন তিনি।
সচিবালয়ে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মঙ্গলবার এক প্রশ্নের জবাবে এসব কথা জানান উপদেষ্টা।
তিনি বলেন, “শেখ হাসিনার আসতে হবে না, আপনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই। আপনি পলাতক, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এবং তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে। আমরা তাকে ধরে আনতে চাই”।
শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আপিল প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “আপনারা খেয়াল করেছেন আইসিটির আমাদের চিফ প্রসিকিউটর জানিয়েছেন, তার (শেখ হাসিনার) এখন আর আপিল করার সুযোগ নাই। উনি এসে আপিল করে আবার তিনি তার যে বিচার হয়েছে, সেটা পুনর্বিবেচনা করাবেন সেই সময়ও নাই। তার মানে ব্যাপারটা টেকনিক্যাল এখনও এরকম তিনি আসবেন এবং তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে”।
জাহেদ উর রহমান বলেন, “সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চায় কি না, কেউ কেউ এ ধরনের স্পেকুলেট করছেন। এটা আসলে চায় না, ইন্ডিয়ার ওপর একটা চাপ তৈরির জন্য। আমরা একটা কথা খুব ক্লিয়ারলি বলতে চাই- প্রধানমন্ত্রীর ভারত সফরের সাথে যখন এটাকে কন্ডিশন হিসেবে দেওয়া হয়েছে, ইউ হ্যাভ টু টেক ইট সিরিয়াসলি”।
সম্প্রতি শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলন নিয়ে তথ্য উপদেষ্টা বলেন, “এখন সাম্প্রতিক সময়ে আবার তিনি একটা সময় তো প্রেস কনফারেন্স করেছিলেন, যেটি নিয়ে আমরা খুব স্ট্রংলি রিয়্যাকশন দিয়েছি। এখন তিনি কিছু মিডিয়ার সঙ্গে কথা বলছেন, সাক্ষাৎকার দিচ্ছেন, ভারতের প্রতিষ্ঠিত মিডিয়ার সাথে। বুঝতেই পারেন এটা আনএক্সপেক্টেড”।
তিনি বলেন, “আমরা তাকে প্রত্যর্পণের আগ পর্যন্ত অন্তত তিনি যেন এগুলো করতে না পারেন, আমরা এক্সপেক্ট করেছিলাম, এক্সপেক্ট করব ভারত সরকার এই ব্যাপারে তাকে একটা বার দেবেন”।
শেখ হাসিনাকে সংবাদ সম্মেলন, সাক্ষাৎকার দেওয়ার সুযোগ দেওয়া ‘ঠিক হচ্ছে না’ বলেও মন্তব্য করেন জাহেদ।