ঢাকার সিরডাপ মিলনায়তনে মঙ্গলবার প্রজ্ঞা ও আত্মা ‘তামাক নিয়ন্ত্রণ, এনসিডি ও এসডিজি: বাংলাদেশের অগ্রগতি ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
তামাক ও নিকোটিন পণ্য বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।
অসংক্রামক রোগজনিত অকালমৃত্যু এক-তৃতীয়াংশ কমিয়ে আনার লক্ষ্য অর্জনে তামাক নিয়ন্ত্রণে আইন ও এর কঠোর বাস্তবায়নের বিকল্প নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
ঢাকার সিরডাপ মিলনায়তনে মঙ্গলবার প্রগতির জন্য জ্ঞান (প্রজ্ঞা) ও অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স (আত্মা) আয়োজিত ‘তামাক নিয়ন্ত্রণ, এনসিডি ও এসডিজি: বাংলাদেশের অগ্রগতি ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ আহ্বান জানানো হয়।
বৈঠকে জানানো হয়, বাংলাদেশে মোট মৃত্যুর প্রায় ৭১ শতাংশ হৃদরোগ, স্ট্রোক, ক্যানসারসহ বিভিন্ন অসংক্রামক রোগে ঘটে। এসব রোগের অন্যতম প্রধান কারণ তামাক ও নিকোটিন পণ্য। তামাক ব্যবহারজনিত রোগে দেশে বছরে প্রায় দুই লাখ মানুষ মারা যায়, যা এসডিজির স্বাস্থ্যবিষয়ক লক্ষ্য-৩ অর্জনের অন্যতম বড় বাধা।
একই সঙ্গে দারিদ্র্য নির্মূল, খাদ্য নিরাপত্তা ও টেকসই কৃষি, মানসম্পন্ন শিক্ষা, লিঙ্গ সমতা, পরিবেশ, জলবায়ু ও জীববৈচিত্র্য সংরক্ষণসহ প্রায় সব এসডিজি লক্ষ্য অর্জনেও তামাক অন্তরায় হিসেবে কাজ করছে বলেও আলোচনায় উঠে আসে।
বক্তাদের মতে, সরকার তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন করেছে, যা প্রশংসনীয় উদ্যোগ। তবে ই-সিগারেট, ভেপিংসহ উদীয়মান তামাক ও নিকোটিন পণ্যকে আইনের আওতার বাইরে রাখা উদ্বেগজনক।
জনস্বাস্থ্য সুরক্ষায় এসব পণ্যের বিষয়ে কার্যকর আইনি পদক্ষেপ নেওয়া জরুরি উল্লেখ করে তারা জানান, স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় বিশ্বের বহু দেশ এসব পণ্য নিষিদ্ধ করেছে।
বৈঠকে পাস হওয়া আইনের আওতায় প্রয়োজনীয় বিধিমালা প্রণয়ন এবং তামাক কোম্পানির হস্তক্ষেপ থেকে আইন সুরক্ষায় এফসিটিসির আর্টিকেল ৫.৩ বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ বলেন, তামাক নিয়ন্ত্রণ শুধু স্বাস্থ্য খাতের বিষয় নয়; দেশের উন্নয়ন, অর্থনীতি ও ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার সঙ্গেও এটি সরাসরি সম্পর্কিত।
তার মতে, রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক অঙ্গীকার বাস্তবায়ন করা গেলে এসডিজি অর্জনের পথ সুগম হবে।
বাংলাদেশ ক্যানসার সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. গোলাম মহিউদ্দিন ফারুক বলেন, ক্যানসারে আক্রান্ত মানুষের কষ্ট তামাকের ভয়াবহ পরিণতি তুলে ধরে। জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম আরও জোরদার করতে হবে।
চ্যানেল ২৪-এর নির্বাহী পরিচালক জহিরুল আলম বলেন, জনসচেতনতা তৈরির মাধ্যমে আইন কার্যকর করতে গণমাধ্যম শক্তিশালী ভূমিকা রাখতে পারে।
ঢাকা ট্রিবিউনের সম্পাদক রিয়াজ আহমদ বলেন, এসডিজি ও অসংক্রামক রোগ প্রতিরোধের সঙ্গে তামাক নিয়ন্ত্রণকে সম্পৃক্ত করে গণমাধ্যমে বেশি খবর প্রকাশ প্রয়োজন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আত্মার কনভেনর মর্তুজা হায়দার লিটন ও প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের।
আত্মার কো-কনভেনর নাদিরা কিরণের সঞ্চালনায় মূল উপস্থাপনা তুলে ধরেন প্রজ্ঞার হেড অব প্রোগ্রামস হাসান শাহরিয়ার।