প্রতীকী ছবি
ধরা যাক, একজনের হাতে একটি ওষুধের বোতল কিংবা ব্যাংকের একটি জরুরি ফরম তুলে দেওয়া হলো। ওই ব্যক্তি হয়তো কোনোমতে নিজের নাম লিখলেন বা সই দিলেন; কিন্তু নির্দেশনার কোনো অর্থ বুঝতে পারলেন না। কাগজে-কলমে তিনি ‘সাক্ষর’ হলেও, বাস্তব জীবনে কি সত্যিই এই সাক্ষরতার কোনো মূল্য আছে? একসময় কেবল অক্ষর চেনা বা আঁকাবাঁকা হরফে নিজের নাম সই করতে পারাকেই সাক্ষরতা মনে করা হতো। কিন্তু সময়ের পরিক্রমায় সেই ধারণার আমূল পরিবর্তন ঘটেছে। একটি লেখা পড়তে পারা, তার অর্থ অনুধাবন করা এবং সেই জ্ঞানকে দৈনন্দিন জীবনের নানা প্রয়োজনে কাজে লাগানোর সক্ষমতাই হলো প্রকৃত সাক্ষরতা।
আজ ৮ সেপ্টেম্বর, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’Ñ এই প্রতিপাদ্য সামনে রেখে বিশ্বজুড়ে পালিত হচ্ছে দিনটি। সরকারি হিসাবে দেশে সাক্ষরতার হার বাড়লেও, সেই সাক্ষরতার গুণগত মান কতটা জীবনঘনিষ্ঠÑ এবারের দিবসে সেই প্রশ্নটিই সবচেয়ে বড় হয়ে উঠেছে। ২০৩০ সালের মধ্যে নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়ার যে স্বপ্ন আমরা দেখছি, কাঙ্ক্ষিত লক্ষ্য আর মাঠের রূঢ় বাস্তবতার মাঝে এখনও রয়ে গেছে যোজন যোজন দূরত্ব।
২২.৯১ শতাংশ মানুষ এখনও নিরক্ষর
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২৫-এর তথ্য অনুযায়ী, দেশের মোট জনসংখ্যা ১৭ কোটি ২২ লাখ ৮০ হাজার। এর মধ্যে সাক্ষরতার হার ৭৭ দশমিক ০৯ শতাংশ। অর্থাৎ ২২ দশমিক ৯১ শতাংশ মানুষ এখনও নিরক্ষর। সংখ্যায় এ জনগোষ্ঠী প্রায় পৌনে চার কোটি। এদের মধ্যে রয়েছে বিদ্যালয়বহির্ভূত বা ঝরে পড়া শিশু-কিশোর এবং শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত প্রাপ্তবয়স্ক নারী-পুরুষ।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এত বিপুলসংখ্যক জনগোষ্ঠীকে সাক্ষরজ্ঞান দিতে তেমন দৃশ্যমান কোনো উদ্যোগ আপাতত নেই। গত দুই-তিন বছরে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো তেমন কোনো কর্মসূচি বাস্তবায়ন করেনি। এর প্রভাব পড়েছে সাক্ষরতার হারে। সরকারি ভাষ্য অনুযায়ী, সাক্ষরতা বলতে শুধু অক্ষরজ্ঞান বা স্বাক্ষর করতে পারা নয়। সাক্ষরতা বলতে মাতৃভাষায় পড়তে পারা, অনুধাবন করা, মৌখিকভাবে এবং লিখিতভাবে বিভিন্ন বিষয় ব্যাখ্যা করতে পারা, যোগাযোগ স্থাপন করতে পারা এবং গণনা করতে পারা বোঝায়।
সরকারের সামনে নতুন লক্ষ্য
সাক্ষরতা কার্যক্রম সম্পর্কে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর পরিচালক (পরিকল্পনা, মনিটরিং ও মূল্যায়ন) ড. ফারুক আহাম্মদ গতকাল ‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বলেন, উপানুষ্ঠানিক শিক্ষার পরিধি আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে একাধিক কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে। আশা করছি, ২০৩১ সাল নাগাদ দেশের সাক্ষরতার হার ৮৬-৯০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে।
নিরক্ষরতা দূরীকরণে সরকারের পদক্ষেপ সম্পর্কে সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, ‘সাক্ষরতার হার প্রায় ৭৭ শতাংশের বেশি পৌঁছানো নিঃসন্দেহে আশাব্যঞ্জক অগ্রগতি। তবে, এখনও একটি বড় অংশ শিক্ষার মৌলিক অধিকার ও প্রয়োজনীয় দক্ষতার সুযোগ থেকে বাইরে রয়ে গেছে। বিদ্যালয়বহির্ভূত শিশু, ঝরে পড়া কিশোর-কিশোরী, প্রান্তিক জনগোষ্ঠী এবং অনগ্রসর প্রাপ্তবয়স্কদের দ্রুত সাক্ষর ও দক্ষ করে তোলাই এখন সরকারের অন্যতম অগ্রাধিকার।’ গণসাক্ষরতা অভিযানের ডেপুটি ডাইরেক্টর ড. মোস্তাফিজুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘সাক্ষরতা মানে শুধু সই করা নয়। একজন মানুষ লিখতে পারবে, পড়তে পারবে, বুঝতে পারবে এবং দৈনন্দিন কাজে সেটা ব্যবহার করতে পারবেÑ সাক্ষরতার অর্থ এটাই।’
গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরীর ভাষায়, ‘মুখস্থ করে নিজের নামটা লিখে ফেলা কিংবা সই করতে পারাÑ এসব আর সাক্ষরতার আওতায় পড়ে না।’ তিনি বলেন, একজন মানুষকে একটি ভাষায় পড়তে, লিখতে ও বুঝতে পারতে হবে। এর কোনো একটিকে বাদ দেওয়ার সুযোগ নেই। তার মতে, কৃষকের জন্য কৃষির প্রয়োজনীয় তথ্য, মৎস্যজীবীর জন্য মৎস্যসম্পর্কিত তথ্য কিংবা শ্রমজীবী মানুষের দৈনন্দিন প্রয়োজনীয় জ্ঞান পাঠ্যসামগ্রীর অংশ হওয়া উচিত।
তরুণরা এগিয়ে, পিছিয়ে বড়রা
বয়সভেদেও সাক্ষরতার বড় পার্থক্য রয়েছে। ইউনেস্কোর সর্বশেষ সহজলভ্য বাংলাদেশভিত্তিক তথ্যে ১৫ থেকে ২৪ বছর বয়সী জনগোষ্ঠীর সাক্ষরতার হার ৯৩ দশমিক ৪ শতাংশ; ২৫ থেকে ৬৪ বছর বয়সীদের ক্ষেত্রে তা ৭৬ দশমিক ১ শতাংশ। নতুন প্রজন্মের মধ্যে বিদ্যালয়মুখিতা বাড়ার সঙ্গে সাক্ষরতার হারও বেড়েছে। বিপরীতে পুরনো শিক্ষাবঞ্চনার বোঝা বহন করছেন বয়স্কদের বড় একটি অংশ। তাদের জন্য দ্বিতীয় সুযোগের শিক্ষা ব্যবস্থা এখনও যথেষ্ট বিস্তৃত হয়নি।
দরকার স্বাধীন মূল্যায়ন
প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির সুযোগ বেড়েছে, মেয়েদের অংশগ্রহণও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কিন্তু বিদ্যালয়ে ভর্তি হওয়া আর কার্যকরভাবে শেখা এক বিষয় নয়। গণসাক্ষরতা অভিযানের ডেপুটি ডাইরেক্টর ড. মোস্তাফিজুর রহমানের মতে, পঞ্চম শ্রেণি পাস করলেই একজন শিশু বাস্তবে সাক্ষর হয়ে গেল কি না, সেটিও মূল্যায়ন করা প্রয়োজন। পড়া, লেখা, বোঝা ও গণনার ন্যূনতম দক্ষতা অর্জিত হয়েছে কি নাÑ তার স্বাধীন মূল্যায়ন দরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক অধ্যাপক ড. মো. আহসান হাবীব প্রতিদিনের বাংলাদেশকে বলেন, পড়া, লেখা, অনুধাবন ও সাধারণ গণিতের পাশাপাশি তথ্যপ্রযুক্তি এবং জীবনদক্ষতাও এখন সাক্ষরতার গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু মুখস্থনির্ভর পাঠদান ও মূল্যায়নব্যবস্থা অনেক সময় সেই দক্ষতা তৈরির পথে বাধা হয়ে দাঁড়ায়।
ধারাবাহিকতার অভাব
সাক্ষরতা অর্জনের আরেকটি বড় সমস্যা ধারাবাহিকতার অভাব। গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরীর মতে, দুয়েক বছরের প্রকল্প দিয়ে সাক্ষরতা অর্জন ও ধরে রাখা সম্ভব নয়। একটি কর্মসূচি অন্তত পাঁচ বছর ধারাবাহিকভাবে চালানো দরকার। দিনের বেলায় কর্মজীবী মানুষের পক্ষে সাক্ষরতা কেন্দ্রে যাওয়া কঠিন। সন্ধ্যার কেন্দ্র কার্যকর হতে পারে। কিন্তু প্রকল্প শেষ হলে কেন্দ্রও বন্ধ হয়ে যায়; নিয়মিত চর্চার অভাবে অর্জিত দক্ষতাও হারিয়ে যেতে পারে।
চর-হাওর-পাহাড়ে শিক্ষাবঞ্চনা বেশি
জাতীয় গড়ের আড়ালে রয়েছে বড় বৈষম্য। চর, হাওর, পাহাড়, উপকূল ও দুর্গম এলাকায় শিক্ষাবঞ্চনার মাত্রা বেশি। দারিদ্র্য, শিশুশ্রম, ঝরে পড়া, প্রতিবন্ধিতা এবং ভাষাগত বাধাও সাক্ষরতার পথে বড় প্রতিবন্ধক। অধ্যাপক আহসান হাবীবের মতে, সরকারি বিদ্যালয়ের বাইরে মাদ্রাসা বা বিকল্প শিক্ষাব্যবস্থায় থাকা জনগোষ্ঠীকেও হিসাবের আওতায় আনতে হবে। একই সঙ্গে তথ্যপ্রযুক্তি ও জীবনদক্ষতার চর্চার সুযোগ বাড়াতে হবে।
পড়া, বোঝা, লেখা এবং জীবনে প্রয়োগ করার সক্ষমতাই একজন মানুষকে সত্যিকার অর্থে সাক্ষর করে তোলে। বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে বাংলাদেশের সামনে সংখ্যার সাক্ষরতা পেরিয়ে জীবনের সাক্ষরতায় পৌঁছানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।