প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬ ২২:২০ পিএম
প্রতীকী ছবি
দেশের সড়কে গত আগস্ট মাসে প্রাণহানির মিছিল আরও দীর্ঘ হয়েছে। গত মাসে ৫১৩টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ৪৮১ আর আহত ৬৬৪ জন। নিহতদের মধ্যে ৬১ জন নারী ও ৫৮ জন শিশু। মোট প্রাণহানির ৩৬ দশমিক ৫৯ শতাংশই ঘটেছে মোটরসাইকেল দুর্ঘটনায়। এ ধরনের ১৮৩টি দুর্ঘটনায় প্রাণ গেছে ১৭৬ জনের।
রোড সেফটি ফাউন্ডেশনের আগস্ট মাসের দুর্ঘটনা-সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ৯টি জাতীয় দৈনিক, ১৭টি জাতীয় ও আঞ্চলিক অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে সংস্থাটি।
প্রতিবেদন অনুযায়ী, আগস্টে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে ১৮৩টি, যা মোট সড়ক দুর্ঘটনার ৩৫ দশমিক ৬৭ শতাংশ। এ ছাড়া পথচারী নিহত হয়েছে ১০২ জন, যা মোট প্রাণহানির ২১ দশমিক ২০ শতাংশ। দুর্ঘটনায় ৬৭ জন চালক ও সহকারীও প্রাণ হারিয়েছে।
সড়কের ধরনভেদে সবচেয়ে বেশি ২১৭টি দুর্ঘটনা ঘটেছে আঞ্চলিক সড়কে। জাতীয় মহাসড়কে ১৬৩টি, শহরের সড়কে ৭১টি এবং গ্রামীণ সড়কে ৬২টি দুর্ঘটনা ঘটেছে।
দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা যায়, সবচেয়ে বেশি ১৯৫টি দুর্ঘটনার পেছনে ছিল যানবাহনের নিয়ন্ত্রণ হারানো। এ ছাড়া ১২৬টি মুখোমুখি সংঘর্ষ, ১০৬টি পথচারীকে চাপা বা ধাক্কা এবং ৭৮টি অন্য যানবাহনের পেছনে আঘাতের ঘটনা ঘটেছে। অন্যান্য কারণে ঘটেছে ৮টি দুর্ঘটনা।
বিভাগগুলোর মধ্যে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে, ১৭২টি। এতে নিহত হয়েছে ১৪৪ জন। সবচেয়ে কম ১৫টি দুর্ঘটনা ঘটেছে বরিশাল বিভাগে; সেখানে প্রাণ গেছে ১৪ জনের। একক জেলা হিসেবে বগুড়ায় সর্বোচ্চ ৩৭ জন নিহত হয়েছে। রাজধানী ঢাকায় ৪৮টি দুর্ঘটনায় নিহত হয়েছে ২৩ জন আর আহত হয়েছে ৫৪।
আগস্টে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে ১৫ দশমিক ৫১ জনের মৃত্যু হয়েছে। জুলাইয়ে এ সংখ্যা ছিল ১৩ দশমিক ৪১।
রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান বলেন, অতিরিক্ত গতি দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ। এর সঙ্গে ত্রুটিপূর্ণ যানবাহন ও সড়ক, চালকদের বেপরোয়া মানসিকতা ও অদক্ষতা, দীর্ঘ কর্মঘণ্টা, মহাসড়কে স্বল্পগতির যানবাহন, তরুণদের বেপরোয়া মোটরসাইকেল চালানো, ট্রাফিক আইন অমান্য এবং দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা দুর্ঘটনা বাড়াচ্ছে।
দুর্ঘটনা কমাতে গতি নিয়ন্ত্রণে প্রযুক্তিনির্ভর নজরদারি, চালকদের প্রশিক্ষণ, মেয়াদোত্তীর্ণ যানবাহন প্রত্যাহার, দক্ষ চালক তৈরির উদ্যোগ, নিরাপদ সড়ক নকশা এবং রেল ক্রসিংয়ে গেটকিপার নিয়োগের সুপারিশ করেছে সংস্থাটি। পাশাপাশি সড়ক ব্যবহারকারীদের সচেতন করতে ব্যাপক প্রচারণার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।