বাসস
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৪৮ পিএম
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৩৮ পিএম
এপিটির ওয়্যারলেস গ্রুপের ৩৭তম বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। ছবি: পিআইডি
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে এখন শুধু সংযোগ সম্প্রসারণ নয়, বরং মানসম্মত, সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও অর্থবহ সংযোগ নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।
দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির যুগে দেশের ডিজিটাল সক্ষমতা বাড়াতে এ বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
শহরের একটি হোটেলে এশিয়া-প্যাসিফিক টেলিকমিউনিটির (এপিটি) ওয়্যারলেস গ্রুপের (এডব্লিউজি-৩৭) ৩৭তম বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এক প্রেস বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানানো হয়।
মন্ত্রী বলেন, শুধু সংযোগের বিস্তার নয়, এর গুণগত মান, সাশ্রয়ী মূল্য, নির্ভরযোগ্যতা এবং মানুষের জন্য কার্যকর ব্যবহার নিশ্চিত করতে সরকার কাজ করছে।
তিনি জানান, ২০২৬ সালের জুলাই পর্যন্ত বাংলাদেশে প্রায় ১৯১ মিলিয়ন মোবাইল সাবস্ক্রিপশন এবং ১০৮ মিলিয়নের বেশি ৪জি ব্যবহারকারী ছিল। দেশে ৪৯ হাজারের বেশি ৪জি সাইট, প্রায় ৪৬ হাজার টাওয়ার এবং ১ লাখ ৭৩ হাজার কিলোমিটার ফাইবার-অপটিক নেটওয়ার্ক রয়েছে।
তিনি বলেন, ভবিষ্যৎ প্রযুক্তিতে সক্ষমতা বাড়াতে বাংলাদেশকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা, সফটওয়্যার, হার্ডওয়্যার ও ৫জি প্রযুক্তিতে আরও এগিয়ে যেতে হবে।
আন্তর্জাতিক সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ ওয়্যারলেস প্রযুক্তির প্রস্তুতির ক্ষেত্রে এডব্লিউজি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম বলেও উল্লেখ করেন তিনি।
মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার দ্রুত ও নির্ভরযোগ্য ইন্টারনেট সংযোগ সম্প্রসারণ, জাতীয় ও আন্তর্জাতিক ডিজিটাল অবকাঠামো শক্তিশালীকরণ, সুস্থ প্রতিযোগিতা নিশ্চিতকরণ এবং টেলিযোগাযোগ সেবা আরও সাশ্রয়ী করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।
পাশাপাশি প্রযুক্তিনির্ভর শিল্পে ডিজিটাল সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বৈশ্বিক ডিজিটাল অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করার লক্ষ্য রয়েছে বলেও জানান তিনি।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি বলেন, টেলিযোগাযোগ খাত দ্রুত পরিবর্তিত হচ্ছে। নতুন প্রযুক্তির সুবিধা নিশ্চিত করতে সময়োপযোগী নীতি, আধুনিক অবকাঠামো, দক্ষতা উন্নয়ন ও আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য।
এপিটির সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের সহযোগিতা জ্ঞান ও প্রযুক্তি বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও তিনি উল্লেখ করেন।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারি (অব.) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এ সময় বিটিআরসির ভাইস চেয়ারম্যান, এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার কমিশনার ও ঊর্ধ্বতন প্রতিনিধিরা, এপিটির মহাসচিব ড. মাসানোরি কোন্দো এবং এপিটি ওয়্যারলেস গ্রুপের চেয়ারম্যান ড. দেজুং কিম উপস্থিত ছিলেন।