প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬ ১৭:১০ পিএম
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৪১ পিএম
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে নির্ধারিত ৩০ দিনের মধ্যে আপিল না করলে আর কোনো সুযোগ থাকে না বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
তিনি বলেন, আইন সবার জন্য সমান। পলাতক মাওলানা আবুল কালাম আজাদ হোক কিংবা মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা—নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলে কারোরই আর আপিলের সুযোগ নেই।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলনকক্ষে সোমবার দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর এসব কথা বলেন। মূলত মাওলানা আবুল কালাম আজাদের আপিলসংক্রান্ত এক প্রশ্নের পরিপ্রক্ষিতে তিনি আইনের এই ব্যাখ্যা দেন।
আমিনুল ইসলাম বলেন, “মাওলানা আবুল কালাম আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন ট্রাইব্যুনাল। তিনি যেকোনো কারণেই হোক দীর্ঘদিন দেশে ছিলেন না এবং নির্ধারিত সময়ে আপিলও করেননি। আমাদের আইনের ২১-এর ৩ ধারায় পরিষ্কার বলা হয়েছে যে, রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে আপিল করতে হবে। যদি এই সময়ের মধ্যে আপিল করা না হয়, তবে তা আর গ্রহণযোগ্য হবে না।”
তিনি আরও স্পষ্ট করে বলেন, সংশ্লিষ্ট ব্যক্তি পলাতক থাকুন বা কারাগারেই থাকুন, তাকে ৩০ দিনের মধ্যেই আপিল ফাইল করতে হবে। এটি শেখ হাসিনা কিংবা মাওলানা আবুল কালাম আজাদ—সবার জন্যই প্রযোজ্য।
মাওলানা আবুল কালাম আজাদের মামলা প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন, “কিছুদিন আগে আপিল বিভাগে মাওলানা আবুল কালাম আজাদের মামলা নিয়ে শুনানি হয়। প্রসিকিউশনের পক্ষ থেকে আমি এসব আইন দেখিয়েছি। এছাড়া মাওলানা আবুল কালাম আজাদের আপিলটি এখনও গ্রহণই করেননি আপিল বিভাগ। সেক্ষেত্রে আপিল বিভাগের সামনে এখন কোনো পেন্ডিং প্রসিডিং নেই। আমার মনে হয় আবুল কালাম আজাদের আইনজীবীরাও আইনগত বিষয়টি সঠিকভাবে উপলব্ধি করতে সক্ষম হয়েছেন। এ কারণেই এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ তারা আর নেননি।”