প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:২৩ পিএম
সচিবালয়ে সোমবার প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহর সঙ্গে তার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতের শুরুতে ভারতীয় হাইকমিশনার উপদেষ্টাকে ফুলের শুভেচ্ছা জানান। ছবি: জনপ্রশাসন মন্ত্রণালয়
বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন এবং সীমান্তে হত্যা শূন্যে নামিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।
সচিবালয়ে সোমবার তার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের এই বৈঠকে দুই দেশের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সাক্ষাৎকালে ইসমাইল জবিউল্লাহ বলেন, বাংলাদেশ ও ভারত বন্ধুপ্রতিম প্রতিবেশী রাষ্ট্র। ভারতের সঙ্গে বাংলাদেশের দীর্ঘ সীমান্ত রয়েছে। দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া সুদৃঢ় করার জন্য সীমান্তে হত্যা শূন্যে নামিয়ে আনা অত্যন্ত জরুরি। বৈঠকে তিনি গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা এবং দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার আহ্বান জানান।
উপদেষ্টা ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের পরিবর্তে ‘জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক’ বৃদ্ধির ওপর বিশেষ জোর দেন। তিনি আশা প্রকাশ করেন, বর্তমান ভারতীয় হাইকমিশনারের দক্ষ নেতৃত্বে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
সাক্ষাৎকালে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশ ও ভারতের মধ্যকার অভিন্ন সংস্কৃতি ও ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি ভারতে বাংলাদেশি ইলিশের ব্যাপক চাহিদার কথা উল্লেখ করেন। এ সময় হাইকমিশনার বাংলাদেশের কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য ভারতে পাঠানোর অনুরোধ জানান।
পারস্পরিক স্বার্থে দুই দেশের সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ভারতীয় হাইকমিশনার। তিনি দুই দেশের জনপ্রশাসনের মধ্যে প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম পুনরায় চালুর ওপর গুরুত্বারোপ করেন। দীনেশ ত্রিবেদী উল্লেখ করেন, দুই দেশের জনগণের স্বার্থেই এই সম্পর্ককে সামনের দিকে এগিয়ে নেওয়া প্রয়োজন।
সাক্ষাতের শুরুতে ভারতীয় হাইকমিশনার উপদেষ্টাকে ফুলের শুভেচ্ছা জানান এবং কুশল বিনিময় করেন। বৈঠকে ভারতীয় হাইকমিশন ও উপদেষ্টার দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।