আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সোমবার সংবাদ সম্মেলনে কথা বলছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। ছবি: ভিডিও থেকে
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট উপজেলাভিত্তিক হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। একটি উপজেলার সব ইউনিয়নে একই সঙ্গে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি।
আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সোমবার সাংবাদিকদের এসব কথা বলেন আখতার আহমেদ।
তিনি বলেন, “ইউপি নির্বাচন কয়েক ধাপে হবে। এক্ষেত্রে পাঁচ ধাপে নাকি ছয় ধাপে হবে তা এখনও ঠিক হয়নি। তবে আমি এটা বলতে পারি, সম্ভবত আমরা উপজেলা ভিত্তিক নির্বাচনটা করব একটা উপজেলার যতগুলো ইউনিয়ন আছে, সবগুলোকে কভার করে নিব। যাতে আমাদের নির্বাচন ব্যবস্থাপনাটা সুষ্ঠু হয়”।
ইসি সচিব বলেন, “এক উপজেলার কয়েকটি ইউনিয়ন একসঙ্গে হলে, বাকিগুলো অন্য ধাপে হলে একটা বিশৃঙ্খলা হয়ে যাবে। তাই একই সঙ্গে এক উপজেলার সবগুলোতে নির্বাচন হবে এবং কয়েক ধাপে হবে নির্বাচন”।
থাকবে না পোস্টার
ইউপি নির্বাচনেও পোস্টার থাকবে না বলে জানিয়েছেন সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, “এই ভোটে পোস্টার থাকবে না। পোস্টারকে আমরা বলছি নিরুৎসাহিত করছি। মোটামুটিভাবে জাতীয় সংসদ নির্বাচনের সময় যে সমস্ত জিনিসগুলোকে আমরা দেখেছি যে ভালোভাবে আমরা পেয়েছি সেগুলো নিয়ে এখানে করপোরেট করা”।
ঠাকুরগাঁও উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচনের তফসিল কবে নাগাত ঘোষণা হতে পারে- সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ইসি সচিব জানিয়েছেন, চলতি সপ্তাহেই তফসিল ঘোষণা হবে।
তিনি বলেন, “আমাদের প্রস্তুতি নেওয়া হয়েছে, নিচ্ছি। এখন তফসিলটা আমার ধারণা, আমরা হয়তো এই সপ্তাহে দিয়ে দিতে পারবো”।
এর আগে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার রবিবার বলেছিলেন, “এই নির্বাচনের জন্য আমরা প্রস্তুত। সেটার আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিং এর প্রস্তুতি নিচ্ছি। আশা রাখি, অল্প কিছুদিনের মধ্যেই আমরা সিডিউলটা ডিক্লেয়ার করতে পারব। নির্বাচন পূজা, পরীক্ষা ইত্যাদি বিবেচনায় নিয়ে তারিখ নির্ধারণ করা হবে”।
গত ২১ আগাস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের দিন থেকে ওই আসনটি শূন্য হয়েছে।