ঠাকুরগাঁও প্রতিবেদক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৪৯ পিএম
ঠাকুরগাঁওয়ে সফর শেষে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
দুই দিনের সরকারি সফর শেষে নিজ জেলা ঠাকুরগাঁও ছেড়ে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জেলা সার্কিট হাউসে সোমবার দুপুরে গার্ড অব অনার গ্রহণ করে ঠাকুরগাঁও মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠের হেলিপ্যাড থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে রওনা হন রাষ্ট্রপতি।
প্রটোকল কর্মকর্তার নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, বিকাল তিনটায় হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল রাষ্ট্রপতির। তবে নির্ধারিত সময়ের প্রায় ২০ মিনিট আগেই তিনি রওনা দেন।
এ সময় রাষ্ট্রপতিকে বিদায় জানান ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার মো. বেলাল হোসেন এবং নাগরিক সংবর্ধনা আয়োজক কমিটির সদস্যরা।
এর আগে রবিবার দুপুরে ঢাকা থেকে ঠাকুরগাঁও মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে পৌঁছান রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে এটিই ছিল তার প্রথম সরকারি সফর।
ঠাকুরগাঁওয়ে পৌঁছানোর পর জেলা প্রশাসক, পুলিশ সুপার ও নাগরিক সংবর্ধনা আয়োজক কমিটির সদস্যরা রাষ্ট্রপতিকে স্বাগত জানান। পরে তিনি জেলা সার্কিট হাউসে গিয়ে গার্ড অব অনার গ্রহণ করেন।
সফরের শুরুতেই রাষ্ট্রপতি শহরের সেনুয়া কবরস্থানে গিয়ে তার মা-বাবার কবর জিয়ারত করেন। এরপর শহরের কালীবাড়ি এলাকায় নিজ বাসভবনে যান। সেখানে দুপুরের খাবার গ্রহণ ও কিছু সময় বিশ্রাম নেন তিনি।
এরপর বিকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত গণসংবর্ধনায় যোগ দেন রাষ্ট্রপতি।
সেখানে তাকে একনজর দেখতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক মানুষ সেখানে জড়ো হন।
সংবর্ধনা শেষে নিজ বাসভবনে ফিরে গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়স্বজন ও স্থানীয়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাষ্ট্রপতি। রাতে নিজ বাসভবনেই অবস্থান করেন তিনি।
সফরের দ্বিতীয় ও শেষ দিন সোমবার সকালে গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়স্বজন ও স্থানীয়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাষ্ট্রপতি।
এরপর ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে সদর উপজেলার জামালপুর এলাকায় প্রস্তাবিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়টি যথাযথভাবে গড়ে তোলা এবং এর উন্নয়ন কার্যক্রমে স্থানীয়দের সহযোগিতা কামনা করেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে নিজ বাসভবনে ফিরে দুপুরের খাবার গ্রহণ ও বিশ্রাম শেষে রাষ্ট্রপতি জেলা সার্কিট হাউসে গেলে সেখানে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠের হেলিপ্যাডে পৌঁছে ঢাকার উদ্দেশে রওনা হন।
রাষ্ট্রপতির দুই দিনের সফর ঘিরে পুরো ঠাকুরগাঁওয়ে ছিল উৎসবের আমেজ। বিশেষ করে গণসংবর্ধনা ও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।