এ এস এম সালেহ আহমেদ। ছবি: সংগৃহীত
দেশের ভূমি ব্যবস্থাপনায় হয়রানি ও দুর্নীতি কমাতে ব্যাপক সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে রয়েছেÑ ভুল রেকর্ড সংশোধন, প্রযুক্তির সাহায্যে ‘শুদ্ধ জরিপ’, শতভাগ অনলাইন ভূমিসেবা, খাসজমি উদ্ধার ও কালোটাকা রোধ। ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ প্রতিদিনের বাংলাদেশকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা জানান। তার মতে, ভোগান্তি কমাতে শুধু দুর্নীতি রোধ নয়, দরকার নির্ভুল রেকর্ড ও আধুনিক জরিপ। সাক্ষাৎকারটি নিয়েছেন বিশেষ প্রতিবেদক ফসিহ উদ্দীন মাহতাব
প্রতিদিনের বাংলাদেশ: ভূমি ব্যবস্থাপনায় একসঙ্গে অনেকগুলো সংস্কারের কথা শোনা যাচ্ছে। মূল লক্ষ্য কী?
এ এস এম সালেহ আহমেদ: ভূমি ব্যবস্থাপনার তিনটি বড় অংশÑ ব্যবস্থাপনা, জরিপ ও নিবন্ধন। তিন ক্ষেত্রেই সংস্কারের প্রয়োজন আছে। মানুষের ভূমি-সংক্রান্ত হয়রানি কমাতে হলে রেকর্ড নির্ভুল করতে হবে, জরিপ আধুনিক করতে হবে এবং সেবা মানুষের ঘরে পৌঁছে দিতে হবে। একই সঙ্গে নিবন্ধনব্যবস্থায় দুর্নীতি ও কালোটাকার প্রবাহ বন্ধ করাও বড় চ্যালেঞ্জ।
প্রবা: ভূমি অধিগ্রহণে দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে নানা জটিলতার কথা শোনা যায়, এর সমাধানে কী করা হয়েছে?
সালেহ আহমেদ: ২০১৭ সালে ভূমি অধিগ্রহণ আইন করা হলেও এতদিন এর বিধিমালা ছিল না। ফলে বিভিন্ন জেলায় ভিন্নভাবে বিধিমালা অনুসরণ করা হচ্ছিল। আমি দায়িত্ব নেওয়ার পর এ বিষয়ে খসড়া তৈরি করা হয়। একাধিক কর্মশালা ও আন্তঃমন্ত্রণালয় বৈঠকের মাধ্যমে বিষয়টি এগিয়ে নেওয়া হয়েছে। শেষ পর্যন্ত মন্ত্রিসভার অনুমোদন নিয়ে বিধিমালা পাস হয়েছে। এতে মাঠপর্যায়ে একটি অভিন্ন কাঠামো তৈরি হবে।
প্রবা: সরকারি সম্পত্তি ও খাসজমি উদ্ধারে কী ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে?
সালেহ আহমেদ: বিষয়টিকে আমরা অগ্রাধিকার দিচ্ছি। নবাব ও ভাওয়ালের সম্পত্তির কথাই ধরুন। একসময় এসব সম্পত্তির পরিমাণ প্রায় ৫০০ একর বলে ধারণা করা হতো। এখন হিসাব করে দেখা যাচ্ছে, বিভিন্ন নামে ও বিভিন্নভাবে দখল বা হস্তান্তরের কারণে বিষয়টি অনেক জটিল হয়েছে। গাজীপুরেও সরকারি সম্পত্তির একটি অংশ নিয়ে এমন তথ্য পাওয়া গেছে। একটি অংশ সরকারি তালিকায় আছে, কিন্তু পাশের আরও জমি দখলে চলে যাওয়ার তথ্য পাওয়া গেছে। গাজীপুর সিটি করপোরেশন ওই সম্পত্তি কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছে। জনস্বার্থ বিবেচনা করে বাজারমূল্যে বিক্রির সুযোগ আছে কি না, তা নিয়ে সভায় সিদ্ধান্ত হয়েছে।
প্রবা: ভূমি অফিসের দুর্নীতি ও দালালচক্রের দৌরাত্ম্য কীভাবে কমানো সম্ভব?
সালেহ আহমেদ: এর প্রধান উপায় হলো অটোমেশন। মানুষকে ভূমি-সংক্রান্ত সেবা নিতে যত বেশি সরাসরি অফিসে যেতে হবে, দালালচক্র তত বেশি সুযোগ পাবে। তাই যত বেশি সম্ভব সেবা ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। গত দুই বছরে ভূমিসেবার সফটওয়্যার উন্নয়ন ও অনলাইন সেবা চালুর কাজ এগিয়েছে। কলসেন্টার ও নাগরিক সেবা কেন্দ্রও চালু করা হয়েছে।
ঢাকার ভূমি ভবনের নাগরিক সেবা কেন্দ্র থেকে বিনামূল্যে বিভিন্ন অনলাইন সেবা নেওয়া যায়। ভূমি উন্নয়ন কর দেওয়া, খতিয়ান বা পর্চা সংগ্রহ, বিভিন্ন আবেদনÑ এসব কাজ সেখানে করা হচ্ছে।
ঢাকার বাইরের মানুষের জন্যও সেবা সহজ করা হচ্ছে। দেশের ৬১টি জেলায় নাগরিক সেবাকেন্দ্র চালুর কাজ এগিয়েছে। কম্পিউটার, রাউটারসহ প্রয়োজনীয় সরঞ্জামও দেওয়া হচ্ছে।
প্রবা: অনলাইনে সেবা নিতে না পারা মানুষের জন্য কী ব্যবস্থা আছে?
সালেহ আহমেদ: এ জন্য সারা দেশে ‘ল্যান্ড সার্ভিসেস ফ্যাসিলিটেটিং সেন্টার’ বা ভূমিসেবা সহায়তা কেন্দ্র করা হয়েছে। পরীক্ষামূলকভাবে ঢাকায় পাঁচটি কেন্দ্র দিয়ে শুরু হয়েছিল। এখন সারা দেশে এ ধরনের কেন্দ্রের সংখ্যা ১ হাজার ২৮৬। এসব কেন্দ্রে কোন সেবার জন্য কত ফি দিতে হবে, তা প্রকাশ্যে টাঙিয়ে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। গ্রাহকের মতামত ও অভিযোগ জানানোর ব্যবস্থাও রাখা হয়েছে। ভূমিসেবা নিয়ে অভিযোগ গ্রহণ ও পর্যবেক্ষণের জন্য আলাদা শাখা এবং অনলাইন অভিযোগ ব্যবস্থাও চালু করা হয়েছে।
প্রবা : ভূমিসেবা পুরোপুরি অনলাইনে নিতে গেলে সবচেয়ে বড় সমস্যা কী?
সালেহ আহমেদ : সবচেয়ে বড় সমস্যা পুরনো রেকর্ড। আমার অভিজ্ঞতায় দেখা গেছে, অনেক রেকর্ডে মালিকের তথ্য, উত্তরাধিকার কিংবা জমির বিবরণ সঠিকভাবে সংরক্ষিত হয়নি। শুধু রেকর্ড ডিজিটাল করলেই হবে না, রেকর্ডকে নির্ভুলও করতে হবে। আমার রেকর্ড যেগুলো আছে, ৯০ শতাংশ ভুল আছে।
প্রবা: এই বিপুলসংখ্যক ভুল রেকর্ড কীভাবে সংশোধন করবেন?
সালেহ আহমেদ: জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহায়তায় প্রথমে আটটি জেলার রেকর্ড শতভাগ সংগ্রহ ও ডিজিটাইজ করার উদ্যোগ নেওয়া হয়। কিছু রেকর্ড নষ্ট বা হারিয়ে যাওয়ায় সব পাওয়া সম্ভব হয়নি। তবে অধিকাংশ রেকর্ড সংগ্রহ করা হয়েছে।
পাইলট প্রকল্পের অভিজ্ঞতার ভিত্তিতে কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পরে আরও তিনটি জেলায় কাজ সম্প্রসারণ করা হয়। ঢাকায় ভূমি-সংক্রান্ত জটিলতা তুলনামূলক বেশি। তাই ঢাকা, গাজীপুর ও মুন্সীগঞ্জকে পরবর্তী পর্যায়ে গুরুত্ব দেওয়া হয়েছে। এখন বাকি জেলাগুলোতেও এ কাজ সম্প্রসারণের পরিকল্পনা আছে। পার্বত্য তিন জেলা এ ব্যবস্থার বাইরে থাকবে, কারণ সেখানে ভূমি ব্যবস্থাপনার আইন ও বিধি আলাদা।
প্রবা: ভূমি বিরোধের বড় কারণ জরিপ ও রেকর্ডের অসঙ্গতি। এ ক্ষেত্রে কী পরিকল্পনা আছে?
সালেহ আহমেদ: পুরো দেশে একটি শুদ্ধ ও নির্ভুল জরিপ প্রয়োজন। ব্রিটিশ আমলে ১৮৮৮ থেকে ১৯৪০ সাল পর্যন্ত সিএস জরিপ হয়েছিল। এরপর আরএসসহ বিভিন্ন জরিপ হয়েছে। কিন্তু পুরো দেশের জরিপ একসঙ্গে সম্পন্ন হয়নি।
এখনকার বাস্তবতায় পুরোনো পদ্ধতিতে আবার দেশব্যাপী জরিপ করতে গেলে অনেক সময় লাগবে। তাই আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে। ড্রোন, জিওরেফারেন্সিং, ভূগর্ভস্থ পিলার স্থাপন, ডিজিটাল ম্যাপ ও বিদ্যমান রেকর্ডÑ সবকিছুর সমন্বয়ে একটি হাইব্রিড জরিপব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা আছে।
দ্রুত ও নির্ভুল জরিপ করা না গেলে ভবিষ্যতে জমির পরিমাণ কমে যাওয়ার সঙ্গে সঙ্গে বিরোধ আরও বাড়বে। আগের পদ্ধতিতে জরিপ করলে বর্তমান প্রজন্মের পক্ষে এর সুফল দেখা কঠিন হতে পারে। তাই নতুন প্রযুক্তি ব্যবহার করে কম সময়ে কাজটি শেষ করতে হবে।
প্রবা: অবৈধ দখল ও ভূমি-সংক্রান্ত অপরাধ মোকাবিলায় নতুন আইনের ভূমিকা কী?
সালেহ আহমেদ: ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন কার্যকরভাবে প্রয়োগের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি। জেলা প্রশাসকদের অনেকেই শুরুতে আইনটি কীভাবে প্রয়োগ করবেন, তা নিয়ে দ্বিধায় ছিলেন। জেলা প্রশাসক সম্মেলনে তাদের বিষয়টি জানানো হয়েছে। আইন, বিধিমালা ও প্রয়োগের পদ্ধতি সম্পর্কে নির্দেশিকাও দেওয়া হয়েছে।
তবে প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে আইন প্রয়োগে বাস্তব জটিলতা আছে, এটাও সত্য। জমির মালিকানা নির্ধারণে দলিল, খতিয়ান, দাখিলা ও অন্যান্য নথির পাশাপাশি দখলও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কারও কাছে কাগজপত্র আছে, আবার অন্য কেউ দীর্ঘদিন জমি দখলে রেখেছেÑ এমন পরিস্থিতিতে বিরোধ জটিল হয়। এসব বিরোধ দ্রুত নিষ্পত্তির জন্য আদালতের পাশাপাশি আইনে যে প্রশাসনিক ব্যবস্থা রয়েছে, তা ব্যবহার করতে হবে।
প্রবা: নিবন্ধনব্যবস্থায় দুর্নীতির বিষয়টি আপনি কীভাবে দেখছেন?
সালেহ আহমেদ: এটি ভূমি ব্যবস্থাপনার সবচেয়ে দুর্নীতিপ্রবণ ক্ষেত্রগুলোর একটি। ধরুন, ১০ কোটি টাকার জমি এক কোটি টাকা মূল্য দেখিয়ে নিবন্ধন করা হলো। বাকি নয় কোটি টাকা কালোটাকার অংশ হয়ে গেল। এতে সরকার রাজস্ব হারায় এবং অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়ে।
আরেকটি বিষয় হলো, নিবন্ধনের সময় সাধারণ মানুষকে দলিল লেখকের ওপর নির্ভর করতে হয়। বর্তমান প্রযুক্তির যুগে একজন নাগরিককে নিজের দলিল প্রস্তুতের জন্য মধ্যস্বত্বভোগীর ওপর নির্ভরশীল রাখার প্রয়োজন নেই। পুরোনো বালাম বইয়ের ব্যবস্থাও পরিবর্তন করা দরকার। ব্রিটিশ আমলে প্রযুক্তির সীমাবদ্ধতার কারণে দলিল হাতে লিখে সংরক্ষণ করা হতো। এখন স্ক্যানার ও ডিজিটাল প্রযুক্তি আছে। তাহলে পুরোনো পদ্ধতি ধরে রাখার যৌক্তিকতা কী? আঙুলে কালি লাগিয়ে টিপসই নেওয়ার পরিবর্তে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ব্যবহারের দিকেও যেতে হবে।
প্রবা: উত্তরাধিকারীদের জন্য ভূমিসেবা সহজ করতে কী পরিবর্তন আনা হয়েছে?
সালেহ আহমেদ: একই খতিয়ানে উত্তরাধিকারীরা থাকলে সব ক্ষেত্রে আলাদা বণ্টননামা করার প্রয়োজন নেইÑ এমন নির্দেশনা দেওয়া হয়েছে। বণ্টননামার নামে অনেক ক্ষেত্রে সাধারণ মানুষের কাছ থেকে বড় অঙ্কের টাকা নেওয়ার অভিযোগ পেয়েছি। গ্রামাঞ্চলের দরিদ্র মানুষের জন্য এ ধরনের ব্যয় বড় বোঝা।