× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইনের চেয়েও লম্বা ছিনতাইকারীর হাত!

আজিজুল ইসলাম

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৪৭ এএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

ব্যস্ত সড়ক। রিকশায় চড়ে গন্তব্যে যাচ্ছিলেন রনজিনা পারভীন (৫৫)। বগুড়ার বাগবাড়ী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন তিনি। জাতীয় সংসদ ভবনের সামনে মোটরসাইকেলে আসা ছিনতাইকারীদের আচমকা এক হ্যাঁচকা টান! ভ্যানিটি ব্যাগটি বাঁচাতে গিয়ে চলন্ত রিকশা থেকে ছিটকে পড়েন তিনি। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়, কিন্তু তাকে বাঁচানো যায়নি। গত ২৯ আগস্ট একটি হ্যাঁচকা টানে শুধু একটি ব্যাগ খোয়া যায়নি, শেষ হয়ে গেছে একটি জলজ্যান্ত প্রাণ।

রনজিনা পারভীনের স্বামী আবদুল মতিনের কণ্ঠে শুধুই আক্ষেপ আর অসহায়ত্ব, ‘রাজধানীর মতো শহরে, তাও আবার সংসদ ভবনের সামনেই যদি এই অবস্থা হয়, তাহলে মানুষ চলবে কীভাবে? রিকশার মতো যানবাহনে তো গরিব বা মধ্যআয়ের মানুষই ওঠে, তাহলে তাদের নিরাপত্তা কোথায়?’

রনজিনা পারভীন একা নন। ২০১৮ সালে ধানমন্ডিতে চলন্ত প্রাইভেট কার থেকে হ্যাঁচকা টানে রাস্তায় ছিটকে পড়ে গাড়ির চাকায় পিষ্ট হয়ে মারা যান হেলেনা বেগম। ২০১৭ সালে যাত্রাবাড়ীর দয়াগঞ্জে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে মায়ের কোল থেকে ছিটকে পড়ে প্রাণ হারায় পাঁচ মাস বয়সী শিশু আরাফাত। ব্যাগ, মোবাইল বা গলার চেইন ছিনিয়ে নিতে ছিনতাইকারীদের একটি মুহূর্তের হ্যাঁচকা টান এভাবেই প্রতিনিয়ত রাস্তায় সাধারণ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। কখনও রাস্তায় আছড়ে পড়ে, কখনওবা ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত হতে হচ্ছে নিরীহ পথচারীদের। ঘটনার পর অনেক ক্ষেত্রেই মামলা হয় না। বেশিরভাগ ঘটনায় দেখা যায়, ভুক্তভোগীরা ঝামেলা মনে করে মামলা করতে আগ্রহী হন না। তবে পুলিশও যে সহজে মামলা নিতে চায় না এমন অভিযোগই বেশি। কিছু ঘটনায় মামলা হলেও; গ্রেপ্তারের পর আইনের ফাঁক গলে আদালত থেকে জামিনে বেরিয়ে এসে তারা আবারও অপরাধে জড়িয়ে পড়ছে। প্রতিনিয়ত তাদের দৌরাত্ম্যের শিকার হচ্ছেন নিরীহ মানুষ। আইনের ফাঁক, সীমাহীন অপরাধের এই ফাঁদে পড়া ভুক্তভোগীদের প্রশ্নÑ তবে কি ছিনতাইকারীদের হাত আইনের চেয়েও লম্বা?

আট মাসে সাত মৃত্যু

ছিনতাইকারীদের এই নির্মমতার তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে। ২০২৬ সালের প্রথম আট মাসেই (জানুয়ারি থেকে আগস্ট) রাজধানীতে ছিনতাইয়ের ঘটনায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। ফেব্রুয়ারিতে সায়েদাবাদে ছুরিকাঘাতে মোশারফ হোসেন এবং মিরপুরের বাউনিয়াবাঁধে ২৫ বছর বয়সী রায়হান নিহত হন। মার্চে উত্তরায় ব্যাগ টানার ঘটনায় ২১ বছর বয়সী মুক্তা আক্তার এবং শেওড়াপাড়ায় ছুরিকাঘাতে দন্তচিকিৎসক ড. বুলবুল প্রাণ হারান। জুনে ব্যাগ টানার ঘটনায় রাস্তায় পড়ে মারা যান সোহেলি ইসলাম। আর আগস্টে রনজিনা পারভীন ছাড়াও কদমতলীতে ছিনতাইয়ের সময় এক অজ্ঞাত ব্যক্তি নিহত হন। প্রায় প্রতি মাসেই ছিনতাইকারীদের হাতে রক্ত ঝরছে রাজধানীর সড়কে।

১৭২ মামলা, ১৮৩৭ গ্রেপ্তার, তবু কেন থামছে না

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তথ্যমতে, চলতি বছরের প্রথম ছয় মাসে ছিনতাইয়ের ঘটনায় ১৭২টি মামলা হয়েছে এবং গ্রেপ্তার হয়েছেন ১ হাজার ৮৩৭ জন। পরিসংখ্যান অনুযায়ী, প্রতিটি মামলায় গড়ে প্রায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর বাইরে র‍্যাবের অভিযানেও গত কয়েক বছরে হাজার হাজার ছিনতাইকারী গ্রেপ্তার হয়েছে। এত বিপুল গ্রেপ্তারের পরও ছিনতাই না কমার কারণ কী?

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘ছিনতাইকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিত চলছে বলেই গ্রেপ্তারের সংখ্যা বেশি। কিন্তু আমাদের কাজ শুধু অপরাধীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা। দেখা যায়, গ্রেপ্তার হওয়ার পর তারা আদালত থেকে জামিন নিয়ে বেরিয়ে আবারও একই অপরাধে জড়িয়ে পড়ে। বাংলাদেশে আইনি প্রক্রিয়া শেষে একটি মামলার রায় হতে ৮-১০ বছরও লেগে যায়।’

র‍্যাবের এক কর্মকর্তাও একই অসহায়ত্বের কথা জানান। নাম না প্রকাশ করার শর্তে তিনি এ প্রতিবেদককে বলেন, বারবার গ্রেপ্তার হলেও আইনের ফাঁক গলে জামিন পেয়ে তারা আবার সন্ত্রাস ও অপরাধে জড়িয়ে পড়ে।

আইনের ফাঁক ও হালকা ধারায় মামলা

ছিনতাইকারীদের হাতে এখন হরহামেশাই ধারালো অস্ত্র, এমনকি আগ্নেয়াস্ত্রও দেখা যায় উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল হক প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি যখন নাজুক হয়, তখন চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধ দ্রুত বাড়ে। পুলিশ তৎপর থাকলেও অপরাধীরা জামিনে বের হয়ে আবার একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।’ 

তিনি আরও বলেন, ‘ছিনতাইকারীদের অপরাধের ধরনও বদলেছে। এখন তাদের হাতে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র দেখা যাচ্ছে। ফলে তাদের অপরাধকে কোনোভাবেই হালকা করে দেখার সুযোগ নেই।’

অথচ অভিযোগ রয়েছে, পুলিশ অনেক ক্ষেত্রেই দণ্ডবিধির ৩৯২ (দস্যুতা) বা ৩৯৪ (দস্যুতাকালে স্বেচ্ছায় আঘাত) ধারার পরিবর্তে অপেক্ষাকৃত হালকা ধারায় মামলা করে। এতে আসামিদের জামিন পেতে সুবিধা হয়। এ বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী জোনের এডিসি ফজলুল বারি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘পুলিশ যেটুকু প্রমাণ পায়, তার ভিত্তিতেই মামলা করে। অনেক সময় ভুক্তভোগীরা মামলা করতে চান না বা করলেও তাতে অস্ত্রের ব্যবহারের কথা উল্লেখ থাকে না, যার কারণে আসামিরা দ্রুত জামিন পেয়ে যায়।’

নেপথ্যে মাদকের টাকা ও শক্তিশালী চক্র

ডিবির তথ্যমতে, ‘টানা পার্টি’ বা ছিনতাইকারী চক্রের প্রায় ৯৮ শতাংশ সদস্যই মাদকাসক্ত। মাদকের টাকা জোগাড় করতেই তারা ছিনতাইয়ে জড়ায়। বাসস্ট্যান্ড বা টার্মিনালকেন্দ্রিক এসব চক্রের পেছনে রয়েছে প্রভাবশালী ‘গডফাদারদের মদদ’। তারাই জামিনের ব্যবস্থা করে এবং চোরাই মালামাল বিক্রির নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করে। ফলে মাঠপর্যায়ের ছিনতাইকারী গ্রেপ্তার হলেও মূল কাঠামো সব সময়ই অক্ষত থেকে যায়।

অনথিভুক্ত অপরাধ

পুলিশের হিসাবে ছয় মাসে ১৭২টি মামলার কথা বলা হলেও বাস্তবে ছিনতাইয়ের সংখ্যা বহুগুণ বেশি। আইনি ঝামেলা, হয়রানি বা সময় নষ্ট হওয়ার ভয়ে অনেকেই থানায় যান না। অনেক ক্ষেত্রে ছিনতাইয়ের ঘটনাকে সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে ‘হারানো’ বা ‘খোয়া যাওয়া’ বলে নথিভুক্ত করা হয়। জুলাই ও আগস্ট মাসে কেবল ঢাকা মেডিকেল, সোহরাওয়ার্দী ও মিটফোর্ড হাসপাতালে দুই শতাধিক ভুক্তভোগী ছিনতাইকারীর আঘাতে আহত হয়ে চিকিৎসা নিয়েছেন, যা প্রমাণ করে, পুলিশের হিসাবের বাইরে থাকা অপরাধের সংখ্যা কত বিশাল।

ধানমন্ডি, জিগাতলা, আসাদগেট, ফার্মগেট, মহাখালী, সায়েদাবাদ, গুলিস্তান, মিরপুর, উত্তরা বা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাÑ ছিনতাইয়ের পরিচিত এই হটস্পটগুলো বছরের পর বছর পুলিশের জানা থাকার পরও সেখানে ছিনতাইকারীদের রাজত্ব কীভাবে চলে, সেই প্রশ্ন আজও অমীমাংসিত। একদিকে আইনি দীর্ঘসূত্রতা, অন্যদিকে জামিন পেয়ে অপরাধীদের বারবার ফিরে আসাÑ এর মাঝখানে পড়ে রনজিনা পারভীন বা শিশু আরাফাতের মতো সাধারণ মানুষ প্রতিনিয়ত হারাচ্ছে তাদের অমূল্য জীবন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা