× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

র‍্যাব থেকে এসআরবি, নতুন মোড়কে একই বাহিনী : টিআইবি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ২২:১২ পিএম

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। ফাইল ছবি

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। ফাইল ছবি

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে নতুন নামে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠনের উদ্যোগকে ‘একই বাহিনীকে নতুন মোড়কে ফিরিয়ে আনার ঝুঁকি’ হিসেবে দেখছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। 

সংস্থাটির আশঙ্কা, প্রস্তাবিত ‘এসআরবি বিল, ২০২৬’-এ ব্যাপক ও অস্পষ্ট ক্ষমতা, পরোয়ানা ছাড়া তল্লাশি ও গ্রেপ্তার এবং দুর্বল জবাবদিহির সুযোগ থাকায় র‍্যাবের বিতর্কিত সংস্কৃতি নতুন বাহিনীতেও ফিরে আসতে পারে।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রবিবার টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, র‍্যাব বিলুপ্তির নীতিগত সিদ্ধান্ত নিঃসন্দেহে বহু প্রতীক্ষিত এবং টিআইবি এটিকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখতে চেয়েছিল। তবে শুধু একটি বাহিনীর নাম পরিবর্তন করলেই প্রাতিষ্ঠানিক সংস্কার নিশ্চিত হয় না।

র‍্যাবের বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যা, গুম ও নির্যাতনের গুরুতর অভিযোগ ও প্রমাণের কথা উল্লেখ করে তিনি বলেন, এসব ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে নতুন বাহিনীর কাঠামো, জনবল, ক্ষমতা, বলপ্রয়োগের বিধান ও জবাবদিহির ব্যবস্থায় মৌলিক পরিবর্তন আনতে হবে। তা না হলে ‘র‍্যাব’-এর পরিবর্তে ‘এসআরবি’ নামে একই ক্ষমতা ও সংস্কৃতির একটি বাহিনী গড়ে উঠতে পারে।

টিআইবির মতে, প্রস্তাবিত বিলে এসআরবিকে গোয়েন্দা নজরদারি, অভিযান, তল্লাশি ও সাধারণ তদন্তের মতো বহুমুখী ক্ষমতা দেওয়ার পাশাপাশি ‘অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা’ এবং ‘সরকার কর্তৃক নির্দেশিত অন্যান্য দায়িত্ব’-এর মতো অস্পষ্ট দায়িত্বও রাখা হয়েছে। এসব বিধান রাজনৈতিক উদ্দেশ্যে ভিন্নমত দমন ও বলপ্রয়োগের সুযোগ তৈরি করতে পারে। একই সঙ্গে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে আইনগত বৈধতা দেওয়ার ঝুঁকিও রয়েছে। শুধু সন্দেহের ভিত্তিতে পরোয়ানা ছাড়া তল্লাশি ও গ্রেপ্তার এবং বাহিনীর নিজস্ব হাজতখানা ও জিজ্ঞাসাবাদ কক্ষ রাখার বিধান নিয়েও উদ্বেগ জানিয়েছে সংস্থাটি।

টিআইবি বলছে, এসব বিধান নাগরিক ও রাজনৈতিক অধিকার বিষয়ক আন্তর্জাতিক চুক্তি (আইসিসিপিআর) এবং সংবিধানের মৌলিক অধিকারের সঙ্গে সাংঘর্ষিক।

নতুন বাহিনীতে র‍্যাবের সদস্যদের স্থানান্তরের প্রস্তাব নিয়েও আপত্তি জানিয়েছে টিআইবি। সংস্থাটির দাবি, যথাযথ যাচাই-বাছাই ছাড়া সদস্যদের স্থানান্তর করা হলে মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত ব্যক্তিরাও এসআরবিতে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন। তাই স্বচ্ছ ও নিরপেক্ষ ‘ভেটিং’ প্রক্রিয়ার মাধ্যমে গুরুতর অপরাধে অভিযুক্ত বা জড়িত সদস্যদের বাদ দেওয়ার আহ্বান জানিয়েছে তারা।

এ ছাড়া প্রস্তাবিত বিলের ২২ ধারায় অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থাও প্রশ্নবিদ্ধ বলে মনে করে টিআইবি। বাহিনীর সদস্যদের বিরুদ্ধে অভিযোগ তাদেরই সহকর্মীদের দিয়ে তদন্তের প্রস্তাব স্বার্থের দ্বন্দ্ব তৈরি করবে। এর পরিবর্তে পুলিশ ও নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত মানবাধিকার ও আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে স্বাধীন ও নিরপেক্ষ তদারকি কর্তৃপক্ষ গঠনের দাবি জানিয়েছে সংস্থাটি।

টিআইবির মতে, র‍্যাব বিলুপ্তির মধ্য দিয়ে সরকারের সামনে একটি গুরুত্বপূর্ণ সংস্কারের সুযোগ তৈরি হয়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে ক্ষমতার সুস্পষ্ট সীমারেখা, স্বাধীন তদারকি, স্বচ্ছ সদস্য যাচাই, বিচারিক সুরক্ষা এবং কার্যকর প্রতিকারের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ড. ইফতেখারুজ্জামান বলেন, শুধু ‘কসমেটিক মেকওভার’ নয়, র‍্যাবের বিতর্কিত সংস্কৃতি ও দায়মুক্তির অবসান ঘটিয়ে আইনের শাসন, নাগরিক অধিকার ও কার্যকর জবাবদিহিতার ভিত্তিতে নতুন আইন প্রয়োগকারী ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা