ঠাকুরগাঁও প্রতিবেদক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৪৭ পিএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ২০:৪০ পিএম
ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে নাগরিক কমিটির উদ্যোগে রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: ফোকাস বাংলা
কোনো ধরনের সংঘাত-সংঘর্ষে না জড়িয়ে রাজনৈতিক দলগুলোকে নিজেদের মতাদর্শ ও কর্মসূচি নিয়ে রাজনীতি করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও হানাহানি নয়, আলাপ-আলোচনার মধ্য দিয়ে গণতন্ত্রকে এগিয়ে নিতে হবে।
একই সঙ্গে ধর্মীয় বিভেদ ভুলে সব নাগরিকের অধিকার নিশ্চিত করার ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।
ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে নাগরিক কমিটির উদ্যোগে রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
‘উন্নয়নের প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে’
রাষ্ট্রপতি বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ঠাকুরগাঁওয়ে এসে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেসব প্রতিশ্রুতির মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়টি বাস্তবায়ন হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জন্য জমি নির্ধারণ ও অর্থ পরিশোধ করা হয়েছে, উপাচার্যও দায়িত্ব নিয়েছেন। শিগগিরই শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হবে বলেও জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, “নির্বাচনের পূর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব নির্বাচনি প্রচারে এসেছিলেন। তিনি আপনাদের সামনে কতগুলো কথা দিয়েছিলেন। আমরা যে দাবিগুলো রেখেছিলাম, তার মধ্যে ছিল আমাদের একটা পাবলিক ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয় হয়েছে, বিশ্ববিদ্যালয়ের জমি হয়ে গেছে, ভাইস চ্যান্সেলর বসে আছেন, সামনে এখন শিক্ষক নেবে। জমির টাকা দেওয়া হয়ে গেছে। কালকে ইনশাআল্লাহ আমরা সেই ভিত্তিপ্রস্তর স্থাপন করব।সেখানে আপনাদের ছেলেমেয়েরা লেখাপড়া, উচ্চশিক্ষা লাভ করতে পারবে।”
তিনি আরও বলেন, “এখানে মেডিক্যাল কলেজের কথা বলেছিলাম, আমাদের মনে আছে। আপনাদের মেডিক্যাল কলেজ হয়েছে, জায়গাও ঠিক হয়ে গেছে, আগামী বছর থেকে ইনশাআল্লাহ ছাত্রভর্তি শুরু হবে। আমাদের ভূল্লী ও রুহিয়ার দুইটা আলাদা উপজেলা করার দাবি ছিল আপনাদের, দুটোই হয়ে গেছে, ইউএনও যোগ দিয়েছেন এবং কাজ শুরু হয়ে গেছে।”
বিমানবন্দর ও শিল্পায়ন প্রসঙ্গে তিনি বলেন, বিমানবন্দর চালু ও টেকসই করতে হলে জেলায় শিল্পকারখানা এবং অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়াতে হবে। এ লক্ষ্যে সরকার কাজ করছে।
অর্থমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী ইতোমধ্যে এলাকা পরিদর্শন করে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছেন। কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে শিগগিরই বিনিয়োগকারীদের ঠাকুরগাঁওয়ে আনার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
চীনের সহযোগিতার প্রসঙ্গ তুলে রাষ্ট্রপতি বলেন, চীনের রাষ্ট্রদূত ঠাকুরগাঁও সফর করেছেন। এ সময় প্রায় ছয় হাজার শিশুকে স্কুলব্যাগ দেওয়া হয়। পাশাপাশি ১০ জন শিক্ষার্থী ও পাঁচজন শিক্ষককে চীন সফর করানো হয়েছে।
ভবিষ্যতে শিল্পকারখানা স্থাপনে চীন থেকে বিশেষজ্ঞ আনার আশাও প্রকাশ করেন তিনি।
রাজনৈতিক সহনশীলতার আহ্বান
রাজনৈতিক সহনশীলতার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, “আমরা ঠাকুরগাঁওয়ের মানুষ খুব নির্ঝঞ্ঝাট। এখানে মামলা-মোকদ্দমা সবচেয়ে কম হয় এবং সবাই নির্ঝঞ্ঝাট থাকতে চায়। আমরা এই অবস্থাটা রাখতে চাই। আমরা ঠাকুরগাঁওয়ে কোনো সংঘাত, কোনো সংঘর্ষ চাই না।”
তিনি আরও বলেন, “আমরা সব রাজনৈতিক দলকে বলব, আপনারা নিজেদের রাজনীতি করবেন, মতবাদ প্রচার করবেন, কিন্তু কখনও সংঘাতে জড়াবেন না। অতীতে আমরা দেখেছি, ঠাকুরগাঁওয়ে আমাদের গণতন্ত্রকামী মানুষদের ওপর কী অকথ্য নির্যাতন হয়েছে। তাদের গ্রেপ্তার করা হয়েছে, শত শত-হাজার হাজার মিথ্যা মামলায় আমাদের শ্রমিক-কৃষকদের অত্যাচার-নির্যাতন করা হয়েছে। আল্লাহর অশেষ রহমতে আমরা সেই সময়টা পার হয়ে এসেছি।”
‘প্রিয় ঠাকুরগাঁওবাসী, আমি সেসব কথা বলে আপনাদের ভারাক্রান্ত করতে চাই না। আমরা অনেক ত্যাগ ও রক্তপাতের বিনিময়ে আজ এখানে এসেছি। কিছুক্ষণ আগে দেখলেন, কয়েকজন মহিলা এসে সহযোগিতা নিয়ে গেলেন, তাদের সকলেরই সন্তান এই সংগ্রামে নিহত হয়েছে। এ রকম মৃত্যু, এই রক্তপাত আমরা আর দেখতে চাই না”, বলেন রাষ্ট্রপতি।
তিনি বলেন, “আমরা যে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, সেই গণতন্ত্রকে আমরা রক্ষা করতে চাই। আমরা বাংলাদেশে সত্যিকার অর্থেই একটা সমঝোতার রাজনীতি দেখতে চাই। আমরা দেখতে চাই না যেখানে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টানের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি হয়। আমরা দেখতে চাই সবাই একসঙ্গে একজন বাংলাদেশি নাগরিক হিসেবে নিজেদের অধিকার নিয়ে বসবাস করুক।”
মন্ত্রী থাকাকালে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, ঠাকুরগাঁওয়ের মাদরাসা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৭২ কোটি টাকার সহযোগিতা দেওয়া হয়েছে। জেলায় স্পোর্টস ভিলেজ, নতুন খেলার মাঠ, আধুনিক তথ্য কমপ্লেক্স, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয়, সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং পীরগঞ্জে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
দীর্ঘদিন পরিত্যক্ত বিমানবন্দর চালুর উদ্যোগও নেওয়া হয়েছে বলে জানান তিনি।
বরেন্দ্র মাল্টিপারপাস কমপ্লেক্সের মাধ্যমে কৃষির উন্নয়ন, গোবিন্দপুরের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং ঠাকুরগাঁও পলিটেকনিকের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরির কথাও তুলে ধরেন তিনি।
মালয়েশিয়ায় কর্মসংস্থানের সুযোগ প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, “আপনারা নিশ্চয়ই পত্রিকায় দেখেছেন, মালয়েশিয়া থেকে প্রায় ১০ হাজার লোক নেওয়া হবে, তার মধ্যে ঠাকুরগাঁও থেকে লোকজন একেবারে বিনা খরচে যেতে পারবে। প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফ সাহেবের সঙ্গে আমার কথা হয়েছে, তিনি আমাদের ঠাকুরগাঁও থেকেই এটা শুরু করব।”
‘মোর নাম এই খ্যাত হোক, আমি তোমাদেরই লোক’
জনগণের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ার আশঙ্কা নাকচ করে রাষ্ট্রপতি বলেন, “কিছুক্ষণ আগে দুলু সাহেবের সঙ্গে কথা হচ্ছিল, তিনি বললেন প্রথমে দুঃখ পেয়েছিলেন, পরে খুশি হয়েছেন। আমি তাকে বলেছি, আমাকে তো এমন জায়গায় পাঠিয়ে দিলেন, যেখানে জনগণের সঙ্গে যোগাযোগটা আগের চেয়ে অনেক কমে গেল। তবে আপনাদের এটুকু কথা দিতে পারি, যখনই চাইবেন, জেলা প্রশাসকসহ অন্যদের সঙ্গে যোগাযোগ করবেন, চিঠি দিয়ে জানাবেন, ইনশাআল্লাহ আমি যথাসাধ্য আপনাদের সবার সঙ্গে দেখা করব। মনে করবেন না যে আমি আপনাদের কাছ থেকে দূরে চলে গেছি। আমি সব সময় আপনাদের সঙ্গে ছিলাম, আপনাদের সঙ্গেই থাকব।”
নিজের শৈশব ও শিক্ষাজীবনের স্মৃতিচারণ করে তিনি বলেন, “আমার জন্ম এখানে, আমার শৈশব কেটেছে এখানে, আমার স্কুলজীবন এখানে। আমার শিক্ষকদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, তারা আমাকে মানুষ করেছেন। আমি রুস্তম আলী স্যার ও খান ইউসুফ স্যারকে ভুলতে পারি না, তারা আমাকে গড়ে তুলেছেন, চলতে শিখিয়েছেন, সততা ও নেতৃত্ব শিখিয়েছেন। এই জিনিসগুলো আমি কখনও ভুলতে পারব না। আসুন এমন একটা সমাজ গড়ে তুলি, যেখানে আমাদের সকলের মধ্যে ঐক্য থাকবে, ভালোবাসা থাকবে।”
৫ আগস্টের পর খালেদা জিয়ার একটি বিবৃতি কথা উল্লেখ করে তিনি বলেন, “বিৃতিতে তিনি (খালেদা জিয়া) বলেছিলেন, আমরা অনেক ত্যাগ-তিতিক্ষা ও রক্তপাতের পর গণতন্ত্র প্রতিষ্ঠার একটা সুযোগ পেয়েছি। আসুন, আমরা সংঘাত নয়, প্রতিশোধ নয়, ভালোবাসার মধ্য দিয়ে এমন একটা সমাজ গড়ে তুলি, যেখানে আমরা সবাই এগিয়ে যাওয়ার সুযোগ পাব।”
সংবর্ধনায় পাওয়া ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, “আজ আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, তা আমি কখনই শোধ করতে পারব না। আমি মহান আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় করি যে, তিনি আমাকে আজ এমন একটা জায়গায় নিয়ে এসেছেন, যেখানে আমি আপনাদের জন্য কাজ করতে পারব। আল্লাহ তাআলা যেন আমাকে সেই তৌফিক দেন, যাতে জীবনের বিনিময়ে হলেও আমি বাংলাদেশের স্বাধীনতা, অধিকার ও গণতন্ত্র রক্ষার জন্য কাজ করে যেতে পারি।”
পরিশেষে ঠাকুরগাঁওবাসীর শান্তি, সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করে তিনি বলেন, “মোর নাম এই খ্যাত হোক, আমি তোমাদেরই লোক।”