স্থানীয় সরকার নির্বাচন
নির্বাচন ভবন। ফাইল ছবি
এবারের নির্দলীয় স্থানীয় সরকার নির্বাচন নিরাপদ ও শান্তিপূর্ণ করতে সব ভোটকেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় আনার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)।
পাশাপাশি বডি-ওর্ন ক্যামেরার ব্যবহার বাড়ানো এবং দ্রুত পরিস্থিতির তথ্য পেতে ড্রোন ব্যবহারের পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।
ভুল ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলা, ভোটকেন্দ্রের অবকাঠামোগত সমস্যা সমাধান এবং নারী, প্রতিবন্ধী ও গর্ভবতী ভোটারদের সুবিধা নিশ্চিত করার বিষয়ও বিবেচনায় রাখা হচ্ছে বলে জানান তিনি।
আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব পরিকল্পনার কথা জানান তিনি।
নির্বাচন কমিশনার বলেন, স্থানীয় সরকার নির্বাচনের কর্মপরিকল্পনা প্রণয়নের কাজ দ্রুতগতিতে চলছে। এক থেকে দুই সপ্তাহের মধ্যে নির্বাচনের সময়সূচি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
এ বিষয়ে তিনি বলেন, “ইনশা আল্লাহ এই মাসের মধ্যেই অনেক কিছু দেখবেন এবং অনেক কিছুই আমরা সুনির্দিষ্টভাবে বলতে পারব। কর্মপরিকল্পনা প্রণয়নের কাজ খুব দ্রুতগতিতে চলছে, সেগুলো শেয়ার করব।”
তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কমিশন প্রস্তুতি নিচ্ছে। আচরণবিধি ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনে যেসব বিষয় নতুন করে আনা হয়েছিল, সেগুলোর অনেকগুলো স্থানীয় সরকার নির্বাচনেও রাখা হয়েছে। দু-এক দিনের মধ্যে এ বিষয়ে গেজেট বিজ্ঞপ্তি হবে।
আনোয়ারুল ইসলাম সরকার জানান, নভেম্বর-ডিসেম্বর মাস শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ। এ সময়ে বার্ষিক পরীক্ষা, বৃত্তি পরীক্ষা, টেস্ট পরীক্ষা ও প্রি-টেস্ট পরীক্ষা থাকে। অন্যদিকে ভোটকেন্দ্রগুলো শিক্ষাপ্রতিষ্ঠানে হওয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তা হিসেবে প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসার হিসেবে শিক্ষকদের দায়িত্ব পালন করতে হয়। তাই পরীক্ষা ও ভোট একই সময়ে না করার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে কমিশন।
তিনি বলেন, পরীক্ষার সময়গুলো বাদ দিয়ে আগে বা পরে নির্বাচনের তারিখ নির্ধারণের চেষ্টা করা হবে। যতটা সম্ভব বিষয়টি নির্বাচনের সময়সূচিতে সমন্বয় করা হবে। তবে এখনই সুনির্দিষ্ট দিন-তারিখ বলা সম্ভব নয়। এ বিষয়ে কাজ চলছে এবং অচিরেই জানানো হবে।
তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আইনগত বাধ্যবাধকতাগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার আশা করছে কমিশন। এরপর পর্যায়ক্রমে সিটি করপোরেশন, পৌরসভাসহ অন্যান্য নির্বাচন আয়োজন করা হবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েনের পরিকল্পনার কথা জানিয়ে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, নির্বাচন কমিশন নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও সুশৃঙ্খল নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।
স্থানীয় সরকার নির্বাচনগুলো একসঙ্গে আয়োজনের বিষয়ে তিনি বলেন, ইউনিয়ন পরিষদের নির্বাচন একসঙ্গে করা কঠিন। ব্যয় সংকোচনের বিষয়টি বিবেচনায় নিয়ে মেয়াদ ও অন্যান্য বিষয় অনুযায়ী নির্বাচনগুলো ধাপে ধাপে আয়োজন করা হবে।
এদিকে স্থানীয় সরকার নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পদধারীদের ভোটে অযোগ্য করা এবং এমপিওভুক্তদের ভোটে রাখাসহ নয় দফা দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী।
নিষিদ্ধ কোনো রাজনৈতিক সংগঠনের কেউ এই নির্বাচনে অংশ নিতে পারবে কি না- এমন প্রশ্নের জবাবে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, নির্বাচন তো অরাজনৈতিকভাবেই হতে হবে। যেহেতু আইন রয়েছে, সেখানে এ বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলার সুযোগ নেই।
এমপিওভুক্ত শিক্ষকদের ভোটে অংশ না নেওয়ার বিষয়ে তিনি বলেন, নির্বাচন কমিশনের কাজ হলো নিরপেক্ষ, সুন্দর ও সুষ্ঠুভাবে বিতর্কের ঊর্ধ্বে উঠে নির্বাচন আয়োজন করা। শিক্ষকরা সম্মানিত ব্যক্তি। তারা যাতে বিতর্কিত না হন, সেটিও বিবেচনায় নেওয়া হচ্ছে। কোনো শিক্ষক নির্বাচনে প্রার্থী হলে তার সহকর্মীরা তার পক্ষে কাজ করতে পারেন। আবার তাদেরই প্রিসাইডিং বা পোলিং অফিসার হিসেবে নিয়োগ দিতে হয়। এতে প্রতিপক্ষ তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে পারে।
এ কারণেই শিক্ষকদের ভোটের বাইরে রাখার বিষয়টি বিবেচনা করছে কমিশন। তবে এটি এখনও চূড়ান্ত হয়নি। প্রস্তাবটি আইন মন্ত্রণালয়ে যাবে, পরে মন্ত্রিসভা ও সংসদে আলোচনা-তর্ক-বিতর্কের পর আইন হিসেবে আসবে। সবার ঐকমত্য হলে তা কার্যকর হবে, না হলে হবে না।
জামায়াতে ইসলামী নির্দলীয় স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কয়েক দফা কমিশনের সঙ্গে বৈঠক করেছে। পরে দলটির নেতারা সাংবাদিকদের ব্রিফিংয়ে অভিযোগ করেন, ইসি স্বাধীনভাবে কাজ করতে পারছে না এবং কমিশনকে অসহায় মনে হচ্ছে।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, তিনি চাপের মধ্যে আছেন, নাকি স্বাধীনভাবে কাজ করছেন, তা তিনি জানেন।
তার মতে, নির্বাচন কমিশন যেভাবে কাজ করে না, তা চাপিয়ে দেওয়ার চেষ্টা করাও সঠিক নয়।
ভোটার এলাকা স্থানান্তরের আবেদনের শেষদিন আজ
সম্প্রতি মাঠপর্যায়ে দেওয়া ইসির চিঠি অনুযায়ী, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিতে আগ্রহীদের ভোটার এলাকা স্থানান্তরের আবেদন করার সময় শেষ হচ্ছে আজ। আর আবেদন নিষ্পত্তির শেষ সময় ১০ সেপ্টেম্বর নির্ধারণ করেছে ইসি। এরপরই ভোটার তালিকা মুদ্রণের কাজে যাবে ইসি।