বাসস
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৫৫ পিএম
সায়েদাবাদ বাস টার্মিনাল। পুরনো ছবি/আলী হোসেন মিন্টু
ঢাকার যানজট নিরসনে গাবতলী, মহাখালী, সায়েদাবাদ ও গুলিস্তান—এই চারটি বাস টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া এবং বিদ্যমান ডিপো ব্যবহারের উদ্যোগ নিয়েছে সরকার।
সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে রবিবার বৃহত্তর ঢাকার যানজট নিরসনের জন্য গঠিত জাতীয় কমিটির সভা শেষে সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, রাজধানীর যানজটের অন্যতম কারণ শহরের ভেতরে বাস ও গণপরিবহনের অতিরিক্ত চাপ। এই চাপ কমাতে বিদ্যমান টার্মিনালগুলোর ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প স্থানে টার্মিনাল ও ডিপো ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি বলেন, “টার্মিনালগুলোর কিছু অংশ আপাতত আমাদের যে ডিপোগুলো রয়েছে, সেগুলোতে ব্যবহার করার উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা কাঁচপুর ও পূর্বাচলের মতো জায়গাগুলো ব্যবহারের বিষয়টি দেখছি।”
গাবতলী বাস টার্মিনাল প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, এই টার্মিনালকে আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়েছে। গাবতলীর পাশের নতুন জায়গাগুলো কীভাবে দ্রুত কাজে লাগানো যায়, সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া ঢাকার প্রবেশপথে গণপরিবহনের চাপ কমাতে এসব বিকল্প অবকাঠামো দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
হাবিবুর রশিদ বলেন, ঢাকার আশপাশের নারায়ণগঞ্জ ও গাজীপুরসহ বিভিন্ন এলাকায় সড়কের ওপর থাকা অবৈধ স্থাপনাগুলোও যানজটের বড় কারণ। সভায় এসব অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করে সড়ক চলাচলের উপযোগী করার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে সিটি করপোরেশনের অধীনে থাকা টার্মিনালগুলোর মান উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে। এসব টার্মিনালে বাসের কাউন্টার স্থাপন এবং যাত্রীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। বিশেষ করে এসি বাসগুলোকে নির্দিষ্ট টার্মিনাল ব্যবহারের সুযোগ দেওয়ার বিষয়টি নিয়েও সমন্বয় করা হবে।
সড়ক প্রতিমন্ত্রী বলেন, “রাজধানীর যানজট নিরসনে শুধু সড়ক প্রশস্ত করা বা নতুন সড়ক নির্মাণ করলেই সমস্যার সমাধান হবে না। গণপরিবহনের টার্মিনাল ব্যবস্থাপনা, বাসের চলাচল, পার্কিং, কাউন্টার ব্যবস্থাপনা এবং রাজধানীর প্রবেশ ও বহির্গমনপথে যানবাহনের চাপ, সবগুলো বিষয় সমন্বিতভাবে বিবেচনা করতে হবে।”